Home আঞ্চলিক মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু: জন্মদিনের আনন্দে স্কুলে যায়নি সুরাইয়া

মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু: জন্মদিনের আনন্দে স্কুলে যায়নি সুরাইয়া

4

মাগুরা প্রতিনিধি||
মাতৃগর্ভেও নিরাপত্তা ছিল না তার। ক্ষমতাসীন দলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয় সে। তবু সব আশঙ্কা অতিক্রম করে জীবিত অবস্থায় জন্ম নেয় শিশুটি। তার নাম রাখা হয় সুরাইয়া। ২০১৫ সালের ২৩ জুলাই জন্ম নেওয়া সেই সুরাইয়ার সপ্তম জন্মদিন উদযাপিত হলো গতকাল শনিবার সন্ধ্যায়। নতুন জামা পরে কেক কেটে সুরাইয়া এই অনাড়ম্বর পারিবারিক আয়োজনটিকেও ভরিয়ে তুলল আনন্দে।

সুরাইয়ার মা নাজমা বেগম বলেন, তাঁদের জন্মদিন উদযাপনের সামর্থ্য নেই। কিন্তু সুরাইয়ার ইচ্ছায় জন্মদিন পালন করতে হচ্ছে। মাগুরা পুলিশ লাইনস স্কুলে শিশুশ্রেণির ছাত্রী হলেও জন্মদিনের আনন্দে সে শনিবার স্কুলে যায়নি। সকাল থেকে আনন্দে মেতে ছিল সে। সকালে দোকান থেকে ছোট কেক এনে চাচাতো ভাইবোনের সঙ্গে মাটির পুতুল বানিয়ে চানাচুর-মুড়ি দিয়ে সে জন্মদিন পালন করেছে। সারাদিনই সে বারবার ‘আজ আমার জন্মদিন’ বলে চিৎকার করে উচ্ছ্বাস প্রকাশ করেছে।

জন্মদিন উপলক্ষে সুরাইয়ার বাবা বাচ্চু ভূঁইয়া ও চাচা কামরুল ভূঁইয়া দুটি নতুন জামা কিনে দিয়েছেন। এ ছাড়া কানাডাপ্রবাসী হেলাল উদ্দিন নামে এক ব্যক্তি তার জন্য একটি নতুন জামা পাঠিয়েছেন। জন্মদিন উপলক্ষে বাড়িতে রান্না হয়েছে সুরাইয়ার পছন্দের গরু ও মুরগির মাংসের পাশাপাশি পোলাও। সঙ্গে ছিল পায়েস ও সেমাই। শনিবার মাগরিবের নামাজের পর কেক কেটে তার জন্মদিন উদযাপন করা হয়। এ সময় সুরাইয়ার মা-বাবা, একমাত্র বড় ভাই সোহাগ, বোন সুমাইয়া, চাচা-চাচিসহ পরিবারের সদস্য ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাইকে কেক, চানাচুর, পায়েস, সেমাই, মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।

শনিবার দুপুরে প্রতিবন্ধী শিশু সুরাইয়ার বাড়ি গিয়ে দেখে গেছে, সে জন্মদিনের নতুন জামা নিয়ে খেলা করছে। এ সময় সে বলে, ‘আজ আমার জন্মদিন। সন্ধ্যার পর কেক কাটা হবে। আপনি আসবেন কিন্তু। খুব মজা হবে। প্রতিদিন জন্মদিন হলে প্রতিদিনই মজা হতো।’

এদিকে সুরাইয়ার জন্মদিন উপলক্ষে শনিবার মাগরিবের নামাজের পর স্থানীয় মসজিদে দোয়া মহফিলের আয়োজন করা হয় বলে জানান নাজমা।
সুরাইয়ার চা দোকানি বাবা বাচ্চু ভূঁইয়া বলেন, জন্মদিনে পরিবারের পক্ষ থেকে তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই। শুধু কেক কেটে সুরাইয়ার জন্মদিন উদযাপন করা হচ্ছে। তিনি বলেন, প্রতি মাসে সুরাইয়াকে ঢাকার সাভারের পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) নিতে হচ্ছে। সেখানে প্রতি মাসে পাঁচ হাজারের বেশি টাকা খরচ করতে হয়। ছোট চা দোকানির পক্ষে সেটা জোগাড় করতে হিমশিম খেতে হয়। যে কারণে বড় আয়োজনে জন্মদিন উদযাপন করা তাঁর পক্ষে সম্ভব নয়। এমনকি নতুন জামা কেনাও ছিল তাঁর জন্য কষ্টসাধ্য। তিনি আরও বলেন, এ ঘটনায় করা মামলার সব আসামি জামিনে বের হয়ে ঘুরে বেড়াচ্ছে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও মামলার বিচারের কাজ শেষ হয়নি। তিনি দ্রুত দোষীদের বিচার দাবি করেন।

২০১৫ সালের ২৩ জুলাই বিকেলে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় ক্ষমতাসীন দলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মমিন ভূঁইয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ সময় গর্ভে সাড়ে সাত মাসের শিশুসহ নাজমা বেগম গুলিবিদ্ধ হন। সেদিন রাতে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে সুরাইয়ার জন্ম হয়।