Home আঞ্চলিক পুলিশের এডিসি লাবণীর দাফন সম্পন্ন

পুলিশের এডিসি লাবণীর দাফন সম্পন্ন

10

 

মাগুরা প্রতিনিধি।।

 

মাগুরার শ্রীপুরে মামা বাড়িতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) খন্দকার লাবণী আক্তারের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার বরালিদহ গ্রামের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে লাবণীকে দাফন করা হয়।

লাবণী আক্তারের ছোট ভাই হাসনাতুল আজম প্রিন্স এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ময়নাতদন্ত শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় মরদেহ শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে মামা বাড়িতে নেওয়া হয়। সেখানে গোসল শেষে রাত ৮টায় বরালিদহ গ্রামে লাবণী আক্তারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে ১০ টায় নিজ গ্রাম একই উপজেলার বরালিদহ গ্রামে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাত ১০ টা ৪০ মিনিটে তাকে বরালিদহ গ্রামের নিজ বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে বুধবার রাতে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রাম থেকে এডিসি লাবণীর মরদেহ উদ্ধার করা হয়।

লাবণীর বাবা শফিকুল আজমের ধারণা, স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের জের ধরে তার মেয়ে অত্মহত্যা করে থাকতে পারে।

শফিকুল জানান, ১৭ জুলাই এক সপ্তাহের ছুটিতে লাবণী গ্রামের বাড়িতে আসেন। পরে সেখান থেকে শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানার বাড়িতে যান। সেখানে বুধবার রাতে অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

লাবণীর শ্বশুর বাড়ি ফরিদপুর শহরে। তার স্বামী তারেক আব্দুল্লাহ বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কর্মরত। ১০ বছর আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে।