খুলনাঞ্চল রিপোর্ট।।
ভোলার লালমোহনে মন্দিরের খুঁটিতে বেঁধে এক মানসিক প্রতিবন্ধী যুবককে অমানবিক নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
মানসিক প্রতিবন্ধীকে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে উপজেলার রমাগঞ্জে এ ঘটনাটি ঘটে।
ভিডিওতে দেখা যায়, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নমগ্রামের রাধাগৌবিন্দ মন্দিরের খুঁটির সাথে বেঁধে প্রতিবন্ধী যুবককে দুইজন মিলে লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করছে। এ সময় ওই যুবক চিৎকার করলেও কেউ ছাড়াতে এগিয়ে আসেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার যুবকের নাম জয়ন্ত। সে ওই এলাকার মিস্ত্রি বাড়ির শ্যামল দাসের ছেলে। নিযার্তনকারী দুজনও একই বাড়ির তাপস মৃধা ও আশিক মিস্ত্রি। নির্যাতনে ওই যুবকের একটি হাতও ভেঙে গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নির্যাতনের শিকার জয়ন্তকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জয়ন্তের বাবা শ্যামল দাস জানান, তাপস মৃধার বাড়িতে আসা এক মেহমানকে থাপ্পড় দেয়াকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে এ মারধর করে তাপস ও আশিক।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান জানান, ভিডিওটি দেখে এলাকায় খোঁজ খবর নেওয়া হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।









































