স্টাফ রিপোর্টার।।
ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে সাড়ে ৮০০ গ্রাম স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল। আটক উম্মে সালমার বাড়ি ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকায়। ২০ জুলাই সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়।
বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু জানান, ডিজির নিকট থেকে আমরা জানতে পারি সকালে একজন পাসপোর্ট যাত্রী ভারতে পাচারের উদ্দেশে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে যাচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা সকাল থেকে চেকপোস্টে অবস্থান করি এবং উম্মে সালমাকে নজরদারিতে রাখি। কাস্টমস ইমিগ্রেশনের কাজ শেষ হওয়ার পর ভারতে প্রবেশের পূর্বে তাকে জিজ্ঞাসাবাদ করি। প্রথমে স্বীকার না করলেও পরবর্তীতে তিনি তার ব্যাগের ভিতর থেকে স্বর্ণের তৈরি ১০টি চুড়ি ও একটি মোটা চেইন বের করে দেন। জব্দকৃত স্বর্ণের মোট ওজন ৮৪৩ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৫৫ লাখ টাকা।
বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক আরও জানান, জব্দকৃত স্বর্ণ বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে এবং যাত্রীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।










































