নড়াইল প্রতিনিধি।।
নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হেনস্তার ঘটনায় বন্ধ হওয়া কলেজটি আজ বুধবার খোলার কথা থাকলেও তা পিছিয়ে আগামী রোববার খোলা হবে বলে জানানো হয়েছে। এর আগের দিন শনিবার কলেজ ক্যাম্পাসে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ পর্যন্ত কলেজ খোলার তারিখ তিনবার পেছানো হলো।
গত ১৫ জুলাই লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় মহানবী (সা.)-কে অবমাননা করে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কলেজ খোলার তারিখ পেছানো হয়েছে। তবে দীর্ঘ এক মাসের বেশি ক্লাস বন্ধ থাকায় এইচএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে।
কলেজ সূত্রে জানা গেছে, আগামী রোববার দ্বাদশ শ্রেণির অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থীদের পাঠদান শুরুর মধ্য দিয়ে কলেজটি খুলবে। নভেম্বর মাসে তাদের বোর্ড পরীক্ষার বিষয়টি মাথায় রেখেই প্রথম অবস্থায় এটি করা হচ্ছে। কয়েকদিন পর একাদশ ও ডিগ্রি পর্যায়ের ক্লাস চালু হবে। ঈদুল আজহার ছুটির পর গত শনিবার কলেজ খোলার কথা থাকলেও পরবর্তী সময়ে তা প্রথমে রোববার, পরে বুধবার ও সর্বশেষ আগামী রোববার কলেজ খোলার সিদ্ধান্ত হয়েছে।
মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইয়াসিন সিকদার বলেন, করোনার কারণে দীর্ঘদিন কলেজ বন্ধ থাকায় আমাদের লেখাপড়ার অনেক ক্ষতি হয়েছে। এখন এক মাসের বেশি সময় ধরে কলেজ বন্ধ রয়েছে। সিলেবাস সম্পন্ন করতে নির্দিষ্ট সময়ে কলেজ খোলার দাবি জানান তিনি।
কলেজ খোলার প্রথম দিন থেকেই ক্লাস শুরুর দাবি জানিয়ে একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র মো. আরেফিন বলেন, দ্বাদশ শ্রেণির সঙ্গেই আমাদের ক্লাসও চালু করতে হবে। কলেজ বন্ধ থাকায় আমাদের লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে।
মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের সাবেক অভিভাবক সদস্য মো. মনিরুজ্জামান বলেন, পরিবেশ এখন স্বাভাবিক। যেসব নির্দোষ শিক্ষার্থী ভয়ে এলাকার বাইরে চলে গিয়েছিল, তারা বাড়ি ফিরে এসেছে। ক্লাস চালু না হওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখার চরম ক্ষতি হচ্ছে।
এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, কলেজ খুললেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাস্থ্যগত কারণে কয়েকদিন ছুটিতে থাকবেন।
কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তী বলেছেন, জেলা প্রশাসকের সঙ্গে নতুন করে কথা হয়েছে, কলেজ খোলার প্রথম দিন অধ্যক্ষ কলেজে যাবেন। এ লক্ষ্যে শনিবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে।
এর আগে কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাহুল দেব রায় নিজের ফেসবুক আইডিতে ভারতের বিজেপির বহিষ্কৃত নেত্রী মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকারী নূপুর শর্মাকে প্রণাম জানিয়ে এক পোস্ট দেন। এ ঘটনায় গত ১৮ জুন এক সহিংস ঘটনার পর বিকেলে অভিযুক্ত ছাত্র রাহুল ও কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে কয়েকশ’ মানুষ এবং পুলিশের উপস্থিতিতেই কলেজ ক্যাম্পাসে জুতার মালা পরানো হয়। এর পর কলেজটি বন্ধ ঘোষণা করা হয়।











































