স্পোর্টস ডেস্ক।।
আইসিসি ও এসিসির টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখা যায় না প্রায় ১০ বছর। এবারও কাটছে না সেই খরা। আসন্ন টি-টোয়েন্টি এশিয়া কাপেই হয়তো দেখা মিলতে পারে চির প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের।
শ্রীলঙ্কান গণমাধ্যমের তথ্য মতে আগামী ২৭ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। ওই টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান।
রাজনৈতিক বৈরিতার কারণ ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেট ম্যাচ আর দেখা যায় না। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ শেষবার মুখোমুখি হয়েছিল গত ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।
আগামী অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের মুখোমুখি লড়াই করবে বাবর-কোহলিরা। তবে তার আগেই আগস্টে আরেকবার দেখা হয়ে যেতে পারে ভারত-পাকিস্তানের। সেটি এশিয়া কাপে।
টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এশিয়া কাপের এবারের আয়োজক শ্রীলংকা। টুর্নামেন্টটি আগামী ২৭ আগস্ট মাঠে গড়ানোর কথা, শেষ হবে ১১ সেপ্টেম্বর।
চূড়ান্ত সূচি এখনও ঠিক না করা হলেও ধারণা করা হচ্ছে টুর্নামেন্ট শুরুর পরদিন ২৮ আগস্ট সন্ধ্যা সাতটা বা আটটায় অনুষ্ঠিত হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ।
লঙ্কান গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ২৮ আগস্ট রোববার, তথা ছুটির দিন। এদিন ম্যাচটি অনুষ্ঠিত হলে, স্টেডিয়াম পরিপূর্ণ থাকবে। এতে করে ম্যাচ থেকে সর্বোচ্চ আয় হবে। শ্রীলংকা ক্রিকেট বোর্ড চায়, ম্যাচটি থেকে সর্বোচ্চ আয় আসুক। এশিয়ান ক্রিকেট কাউন্সিলসহ সম্প্রচারকারী এবং স্ট্রিমাররাও চাইছে সর্বাধিক টিআরপি।










































