Home খেলাধুলা ‘এখন ৪-৫ ঘণ্টায় বাড়ি যাবো, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ’

‘এখন ৪-৫ ঘণ্টায় বাড়ি যাবো, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ’

7
জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনজাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন

স্পোর্টস ডেস্ক।।

স্বপ্নের পদ্মা সেতু হওয়াতে দেশবাসী উচ্ছ্বসিত। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের মনে খুশিটা যেন একটু বেশি। আজ (শনিবার) সেই স্বপ্নের সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু দিয়ে বাড়ি যাবেন সবাই। কোনও ভোগান্তি ছাড়া। জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন তাই বেশ নির্ভার।

সাবিনার বাড়ি সাতক্ষীরাতে। ঢাকায় আগে খেলতে আসতে-যেতে বেশ কষ্ট করতে হতো এই স্ট্রাইকারকে। বিশেষ করে মাওয়া বা পাটুপিরয়া ফেরিঘাট দিয়ে বাড়ি যেতে হয়। পদ্মা সেতু হওয়াতে আনন্দিত এই ফুটবলার। সংবাদ সম্মেলনে দুঃসহ স্মৃতি রোমন্থন করে সাবিনা সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এমনও হয়েছে যে, আমরা ঢাকার উদ্দেশে সকালে বাসে উঠেছি, পরের দিন সকালে পৌঁছেছি। এখন সেই সময়টা কমে আসবে। আমরা সাড়ে চার-পাঁচ ঘণ্টার মধ্যে বাড়ি চলে যাবো।’

এই সেতু যে সবার জন্য বড় প্রাপ্তি। এর জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই তারকা, ‘আমার মনে হয়, আমরা যারা সাতক্ষীরা, খুলনা, বরিশাল এলাকার আছি, আমাদের চেয়ে খুশি আর কেউ নেই। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আমাদের যেটা স্বপ্ন ছিল, সেটা বাস্তবে রূপান্তরিত করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’

এরই সঙ্গে রবিবার মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে মন্তব্য করেছেন, ‘গোল যদি ১০টা দেওয়া যায়, আমরা তো ১০টাই দিতে চাইবো। মালয়েশিয়া যেহেতু প্রথম ম্যাচ হেরেছে, ওরাও হয়তো পরিকল্পনায় পরিবর্তন আনবে। কীভাবে গোল কম খাওয়া যায়, বা কীভাবে আমাদের গোল দিতে পারবে। তাই তারা শক্তভাবেই ম্যাচে আসবে। আমরাও জেতার জন্য খেলবো।’