মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ||
মোংলায় চিহ্নিত ভূমিদস্যু মোখলেছ গংয়ের জালজালিয়াতি ও জমি দখলের অপতৎপরতা বন্ধে লিখিত অভিযোগ দিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন একটি ভুক্তভোগি পরিবার। জালজালিয়াতি করে জমি দখলের চেষ্টায় মিথ্যা মামলা দিয়ে প্রকৃত জমির মালিককে উচ্ছেদের পায়তারা করে আসছেন মোখলেছ গং।
পুলিশের কাছে দেয়া অভিযোগ ও খোঁজ খবরে জানা গেছে, উপজেলার শেহলাবুনিয়া মৌজারএসএ (চর-০২) খতিয়ানের ৭৫২ ও ৭৫৩ দাগে অটোল বিহারির জমির অংশ থেকে ১৯৭০ সালে এক দশমিক বিশ শতক জমি ক্রয় করেন রেনুয়ারা ও রুবিয়ারা বেগম।
পরে ১৯৭৫ সালে অটোল বিহারির ভাই কুন্ড বিহারির অংশ থেকে একই দাগ (৭৫২/৭৫৩) ও খতিয়ানের অবশিষ্ট ৮৮ শতক জমি ক্রয় করেন পিয়ার আহম্মেদ। পারিবারিক আত্মীয়তার সুবাধে পিয়ার আহম্মেদ, রেনুয়ারা ও রুবিয়ারা যৌথভাবে ওই সম্পত্তি ৫০ বছর ধরে ভোগ দখল করে আসছেন। কিন্তু কয়েক বছর আগে পিয়ার আহম্মেদের মৃত্যুর সুযোগে ওই সম্পত্তি আত্মসাৎ করতে মরিয়া হয়ে ওঠে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু মোখলেছুর রহমান গং। প্রভাবশালী মোকলেছ গত ২০২০ সালের ২ সেপ্টেম্বর জাল পরচা তৈরি করে সাব-রেজিষ্ট্রি অফিস ম্যানেজ করে কৌশলে ওই সম্পত্তির একটি দলিল রেজিস্ট্রেশন করিয়ে নেন। জমির প্রকৃত মালিকেরা বিষয়টি জানার পর ওই জাল দলিল বাতিলের জন্য সাব-রেজিষ্ট্রি অফিসে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি তদন্ত করে জাল পর্চার বিষয় সত্যতা পান এবং আইনি পদক্ষেপ নেয়ার জন্য ভুক্তভোগীদের পরামর্শ দেন। ওই সময় মোকলেছ গংয়ের জালজালিয়াতির বিষয়টি জানাজানি হলে চক্রটির অপতৎপরতা ভেস্তে যায়। পরবর্তীতে আবারো কৌশলে পেয়ার আহম্মেদের এক শরিকের তিন কাঠা জমি যা দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলের জন্য একটি রাস্তা হিসেবে ব্যবহৃত হতো সেই রাস্তাটি নিজের বড় ছেলের নামে জালজালিয়াতি করে রেজিষ্ট্রি করিয়ে নেয় মোকলেছ। একই দাগের সম্পত্তি হওয়ায় ওই ভুয়া দলিলটিকে পুজি করে এখন দখলের চেষ্টা করছেন রেনুয়ারা ও রুবিয়ারা বেগমের ৫০ বছরের মালিকানাধীন জমিটি। শুধু তাই নয় পিয়ার আহম্মেদের মৃত্যুর ৭/৮ বছর আগে কবলা দেওয়া জমির মালিকদের সম্পত্তিও দিনে দুপুরে মোখলেছ গং দখলের চেষ্টা চালাচ্ছিলেন। যা স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে রোধ হয়।
বর্তমানে ওই সম্পত্তি মোখলেছ গং আবারো জবর দখলের জন্য হুমকি-ধামকিসহ বিভিন্ন চক্রান্ত করছেন বলে জমির প্রকৃত মালিকেরা মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে প্রশাসনেরে আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
এ বিষয় জানতে মোখলেছকে একাধিককবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।
মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল বলেন, অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসার জন্য নোটিশ করা হবে।











































