Home আঞ্চলিক অভয়নগর উপজেলায় অভাব মেটাতে রেশমার ‘জীবনযুদ্ধ’

অভয়নগর উপজেলায় অভাব মেটাতে রেশমার ‘জীবনযুদ্ধ’

9

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
সংসারের অভাব মেটাতে স্বামীর পাশাপাশি জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন সংগ্রামী নারী রেশমা বেগম। যশোরের অভয়নগর উপজেলার রানাভাটা এলাকার বাসিন্দা এই সংগ্রামী নারী রেশমা বেগম ৪০ বছর বয়সেও ভ্যান চালাচ্ছেন।

রোববার সকালে অভয়নগর উপজেলার নওয়াপাড়া-তালতলা বাইপাস সড়কে যাত্রী নিয়ে ভ্যান চালাতে দেখা যায় ওই নারীকে। পিছু নিয়ে প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে তালতলা নামক স্থানে পৌঁছে কথা হয় ভ্যানচালক রেশমা বেগমের সঙ্গে।

সংগ্রামী নারী রেশমা কাঁদতে কাঁদতে জানান, বাবা আমার ভীষণ কষ্ট। আমার একটা মেয়ে ও একটা ছেলে। ছেলেকে মাদ্রাসায় হাফেজি পড়াচ্ছি। স্বামী ভ্যান চালায়। স্বামীর আয়ে সংসার চলে না। এজন্য আমিও রাস্তায় নেমেছি। আমি আগে বালি বইতাম। কষ্টের কারণে গত ৫-৭ দিন যাবত ভ্যান চালাচ্ছি। আমি ভালো কোনো কাজ পাইলে ভ্যান চালানো ছেড়ে দিয়ে অন্য কাজ করতাম।

তিনি বলেন, সরকার থেকে চাল, ডাল, আটা অনেক কিছু অনেককেই দিচ্ছে। তবে আমরা কিছুই পাই না। আমার স্বামীর ইনকামে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই স্বামী-স্ত্রী দুইজন মিলেই ভ্যান চালাচ্ছি।

খোঁজ নিয়ে জানা গেছে, সংগ্রামী নারী রেশমা বেগম নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের অন্তর্গত রানাভাটা এলাকার বাসিন্দা ভ্যানচালক ইব্রাহীম লস্করের স্ত্রী। তারা সংসারের অভাব-অনটন ঘোঁচাতে ভ্যান চালিয়ে উপার্জনের চেষ্টা করছেন। ওই মহিলা খুব সকালে ভ্যান নিয়ে বের হয়ে বিকাল পর্যন্ত ভ্যান চালাচ্ছেন।

তার ভ্যানে ওঠা আরোহী মামুন হোসেন জানান, প্রথমে ভাবছিলাম ভ্যানচালক একজন পুরুষ মানুষ কিন্তু ভ্যানে উঠে দেখি তিনি একজন মহিলা। তার ভ্যান চলার সময় রাস্তার দুপাশ দিয়ে অনেকেই তাকিয়ে দেখছেন সংগ্রামী নারীর জীবনের পথচলা।