Home আঞ্চলিক যশোরে হত্যা মামলার আসামি প্রতিপক্ষের হাতে খুন

যশোরে হত্যা মামলার আসামি প্রতিপক্ষের হাতে খুন

8

 

শহিদুল ইসলাম দইচ, যশোর।।

প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম আশিকুর রহমান অপু (২৭) নামে এক যুবক মারা গেছেন। যশোর পুলিশের মুখপাত্র গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর রুপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র, হাসপাতাল ও পুলিশ জানায়, হত্যামামলার আসামি আশিকুর রহমান অপুকে প্রতিপক্ষরা মঙ্গলবার সকাল ৬টার দিকে যশোর শহরের খালধার রোড আমিনিয়া মাদ্রাসা মোড় এলাকায় প্রতিপক্ষরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, অপুর শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা অথবা ঢাকায় নিয়ে যেতে পরামর্শ দেওয়া হয়।
সকাল ৮ টার দিকে উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে ফরিদপুরে পৌঁছুলে অপু মারা যান বলে তার সাথে থাকা স্বজনরা পুলিশকে অবহিত করে।

স্থানীয়রা জানায়, বছর দুই আগের এই দিনে শহরের বড় বাজার এলাকায় (মাছ বাজার) পাপ্পু নামে এক সন্ত্রাসীকে অপু হত্যা করেছিল। সেই হত্যার প্রতিশোধ নিতে আজ সকালে একই এলাকার কয়েক যুবক তাকে কুপিয়ে এবং গলা কেটে দেয়। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নিহত অপু শহরের খালধার রোড এলাকার হাবিবুর রহমান হবির ছেলে।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, জড়িতদের শনাক্ত ও আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।