বিশেষ প্রতিনিধি।।
সাভারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী ও প্রকৌশলীসহ চারজন।
রোববার (৫ জুন) সকাল ৯টার দিকে বলিয়ারপুর বাসস্ট্যান্ড–সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা নিহতদের একজন ছিলেন পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা পূজা সরকার।
তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসার জন্য এক সপ্তাহ ছুটি কাটিয়ে অফিসের বাসে করে ঢাকার ওয়ারীর বাসা থেকে কর্মস্থলে ফিরছিলেন তিনি।
কিন্তু পথেই ছেড়ে যেতে হলো পৃথিবী। সঙ্গে করে নিয়ে গেলেন অনাগত সন্তানটিকেও। পূজাকে নিয়ে এক হৃদয়বিদারক অনুভূতির কথা জানিয়েছেন পূজার কানাডা প্রবাসী মেসো সুব্রত নন্দী। ফেসবুক পোস্টে দেয়া তার সেই পোস্ট এখানে তুলে ধরা হলো।
তিনি লিখেছেন, রোববার সকাল ১১টায় সাভারে ঘাতক ট্রাকের আঘাতে নিমিষেই ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে উড়ে গেল এক স্বপ্ন। সেই স্বপ্নের মেয়েটির নাম ছিল পূজা।
আমার স্ত্রীর বড় ভাগ্নি। পূজার যখন ছয় বছর বয়স তখন দুরারোগ্য ক্যান্সারে মারা গিয়েছিল ওর মা। রোববার সে নিজেও একই বয়সে পৃথিবী থেকে বিদায় নিল দুঃস্বপ্নের মত একটা দুর্ঘটনায়। এই মাসের এগারো তারিখ পূজার জন্ম হয়েছিল, এই মাসেই সে চলে গেল চিরদিনের জন্য ছিন্ন-মুকুল হয়ে।
কোভিডের পূর্বে আমরা কানাডা থেকে সপরিবারে বাংলাদেশে পূজার বিয়েতে গিয়েছিলাম। কতো আনন্দ হয়েছিল সেই বিয়েতে। কত কত মানুষ এসেছিলেন।
অকালে মা’কে হারিয়ে নিজের একক চেষ্টায় আমাদের পূজা পদার্থ বিজ্ঞানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়েছিল প্রথম শ্রেণীতে প্রথম হয়ে।
চাকরি পেয়েছিল আণবিক শক্তি কমিশনে বিজ্ঞানী হিসেবে। দীর্ঘ সাত বছর ভালবেসে ঘর বেঁধেছিল ঢাকা মেডিক্যাল থেকে স্নাতক তন্ময় মজুমদারের সঙ্গে।
পূজা আমাকে বলেছিল ‘মেসো আমার কিছুই সহজে হয় না। ছোট্ট বেলায় মাকে হারিয়েছি, অনেক কষ্টের অবসানের পর আজ সুখের দেখা পেলাম, তুমি আশীর্বাদ করো, আমার আর কিছুই চাই না।’
বিয়ের পর গত দুই বছর ধরে স্বামী-স্ত্রী আলাদা জায়গায় পোস্টিং। ছয় মাসের অন্তঃসত্ত্বা পূজা আমার কাছে আবদার করল ‘মেশো তন্ময়কে পিরোজপুর থেকে বদলি করে ঢাকায় এনে দাও না, তোমার তো কত কত বন্ধু আছে সচিবালয়ে, তাদের কাছে একটু বল না’।
আমি বললাম, ‘এনে দিব মা, তোমার সুখের জন্য আই উইল ট্রাই মাই বেষ্ট।’

পিরোজপুর থেকে তন্ময় বদলি হলো গত তিন মাস আগে মানিকগঞ্জের কর্নেল মালেক হাসপাতালে, প্রতিদিন সে সাভার আণবিক শক্তি কমিশনের সরকারি আবাস থেকে অফিস করে।
পূজার সে কি খুশিৃ. থ্যাঙ্কু থ্যাঙ্কু মেসো তোমাকে, আর কিছুই চাই না। তন্ময়কে কাছে পেয়েছি আমি এখন পৃথিবীর সবচে বেশি সুখী মানুষ, আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ পূরণ হলো। তন্ময়ের এফসিপিএস হবে, সে বড় ডাক্তার হবে। লাইফ ইজ রিয়েলি বিউটিফুল মেশো’।
মাগো… ‘লাইফ ইজ নট অলওয়েস বিউটিফুল স্পেশালি ইন বাংলাদেশ’।
সেখানে এক সেকেন্ডের মধ্যে কত কত মানুষের স্বপ্ন ধুলোয় মিশে যায় রে মা’…। সে খবর তোমার জানা নেই। মুহূর্তের এক দুর্ঘটনায় তাসের ঘরের মতো উড়ে যায় কত মানুষের সুখের যাপিত জীবন। বিনা নোটিশে ঘোর অন্ধকারের অমানিশা নেমে আসে কোন পরিবারের উপর।
বেআইন-অনিয়ম আর বিশৃঙ্খলার এই দেশে মানুষের জীবন পশু-পাখির জীবনের চেয়েও অতি তুচ্ছ। এত অধ্যবসায়, এত পরিশ্রমের পর তিলে তিলে গড়ে ওঠা এক একটা সম্ভাবনার অকাল মৃত্যু ঘটে সেখানে। সেখানে কেউ দেখার নেই, কেউ বলার নেই, নিরাপদ সড়কের দাবি সেখানে গুমরে গুমরে মরে কিছু কিছু পরিবহন মালিক, শ্রমিক ও দালালদের উদগ্র অর্থ লিপ্সার কাছে।
পরকালে বিশ্বাস করি না রে মা। তবে কল্পনা করি তুমি আজ থেকে আকাশের তারা হয়ে তোমার মায়ের পাশে মিট মিট করে জ্বলবে। তোমার মিষ্টি কণ্ঠের ফোনটা আজ থেকে আর বেজে উঠবে না কখনো সুদূর এই কানাডায় আমাদের ঘরে।
আমাদের কাছে তোমার ছোটবেলার রক্ষিত জামাটি বুকে নিয়ে তোমার মাসি মনি কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দেবে বছরের পর বছর। এই তো জীবন মা, চিতার আগুনে পুড়ে সব স্বপ্নের শেষ হয়ে যায়।











































