আন্তর্জাতিক ডেস্ক।।
মহানবী (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্রের বিরুদ্ধে ইসলামবিদ্বেষী ও বিতর্কিত মন্তব্যের অভিযোগ ওঠার পর উপসাগরীয় মুসলিম দেশগুলোর সঙ্গে বিরোধ দেখা দিয়েছে।
ভারতীয় টেলিভিশন চ্যানেল টাইমস নাউ ওয়ান-এ বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র নুপুর শর্মা মুসলিম মুসল্লী ও মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এ নিয়ে বিক্ষোভের মধ্যেই দিল্লি শাখার মিডিয়া প্রধান নবীন কুমার জিন্দাল টুইটারে মহানবী (সা.) নিয়ে একটি টুইট করেন। তাদের বিতর্কিত মন্তব্য নিয়ে মধ্যপ্রাচ্যে ক্ষোভের সৃষ্টি হলে নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে বরখাস্ত করে বিজেপি। দলের পক্ষ থেকে বলা হয়, অপমানজনক মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
কাতার, কুয়েত, ইরান, সৌদি আরব, ওমান, আফগানিস্তান ও পাকিস্তান বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যকে ‘অপমানজনক’ হিসেবে উল্লেখ করেছে।
এদিকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানানো হচ্ছে উপসাগরীয় দেশগুলোতে। অপরদিকে ভারত দাবি করেছে, এই অপমানজনক মন্তব্যগুলো কোনোভাবেই ভারত সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন করে না। সূত্র: দ্য গার্ডিয়ান











































