মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় আগুনে পুড়ে গেছে এক জুতা দোকানীর বসতঘর। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই দোকানীর বসত ঘরের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে পুড়ে প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মোংলা ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গিয়াসউদ্দিন সড়কের বাসিন্দা শহরের জুতা দোকানী মোহাম্মদ আলী শেখের (৫৫) বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন আশপাশের বাড়ী-ঘরে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে শুধু জুতা দোকানীর ঘরেরই ক্ষয়ক্ষতি হয়েছে। তাতে তার লাখখানেক টাকার ক্ষতি হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তিনি আরো বলেন, ওই ঘরের রান্নার কাঠের চুলা থেকেই আগুনের সূত্রপাত ঘটে। ওই ঘরের গৃহিনী কাঠের চুলায় রান্না বসিয়ে বাহিরে অন্য কাজে যান। সেখান থেকে ফিরে আসতে আসতে চুলার আগুন রান্নাঘর থেকে ছড়িয়ে পড়ে। একটি কাঠ-টিনের ঘরের মধ্যেই রান্না, খাওয়া ও থাকার জায়গা ওই জুতা দোকানীর। সব মিলিয়ে লাখখানেক টাকার মালামালের ক্ষতি হয়েছে পরিবারটির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ঘর মালিককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদাণ ও পরবর্তীতে ঘর সংস্কারে ঢেউ টিন দেয়া হবে











































