খুলনাঞ্চল রিপোর্ট।।
পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে এসে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৮ দিন পর পর্যটক ফিরোজ শিকদারের (২৭) সন্ধান পাওয়া গেছে।
শনিবার (৪ জুন) দুপুরে নিখোঁজের ৮ দিন পর তিনি তার বড় ভাই মাসুম শিকদারকে ভারতের চেন্নাই প্রদেশ থেকে ফোন দিয়েছেন বলে জানিয়েছেন তার ভাই। তবে বর্তমানে তিনি ভারতের বেঙ্গালরের চেন্নাই প্রদেশের কোস্টগার্ড সদস্যদের হেফাজতে রয়েছে।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের আমখোলা গ্রামের মৃত মিলন শিকদারের ছেলে ফিরোজ শিকদারের (২৭)।
মাসুম শিকদার জানান, গত ২৭ মে দুপুরে বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন ফিরোজ শিকদার। তার বরাত দিয়ে মাসুম বলেন, সৈকতে গোসলে নামার পর ঢেউয়ের স্রোতে গভীর সমুদ্রে ভেসে যান ফিরোজ। এ সময় সমুদ্রে একটি কলাগাছে ২৪ ঘণ্টা ভাসার পর ভারতের জেলেরা তাকে উদ্ধার করে চেন্নাই প্রদেশে নিয়ে যান। বর্তমানে তিনি ভারতের প্রশাসনের জিম্মায় রয়েছেন।
মহিপুর থানার ওসি খন্দকার মোহাম্মদ আবুল খায়ের জানান, ফিরোজের ভাই মাসুদ শিকদারের সঙ্গ তার ভাই ফিরোজ শিকদারের কথা হয়েছে বলে আমাকে অবহিত করেছেন। ফিরোজ শিকদারের সেখানে সুস্থ আছেন, ভারতের চেন্নাইতে কোষ্টগার্ডের নিরাপত্তা হেফাজতে রয়েছেন।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, ফিরোজ শিকদার ভারতের চেন্নাই কোস্টগার্ডের হেফাজতে থাকার বিষয়টি ফিরোজের ভাই নিশ্চিত করেছেন। তার পরও আমরা এ বিষয়ে আরও খবর নিচ্ছি।











































