Home জাতীয় সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

12
পঞ্চগড়ের সীমান্ত থেকে পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

খুলনাঞ্চল রিপোর্ট।।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

শনিবার (৪ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম সীমান্তের শূন্য-রেখা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।

ধরে নিয়ে যাওয়া ব্যক্তি হলেন, পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের আবুল হোসেনের ছেলে কামাল হোসেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের কুড়িগ্রাম-২২ বিজিবির অধীন মইদাম বিওপির আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৭৭/৭ এসের নো ম্যানস ল্যান্ড থেকে কামাল হোসেনকে আটক করে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটা থানার ১২৯ বিএসএফ দিঘলটারী ক্যাম্পের সদস্যরা।

এদিকে কামাল আন্তর্জাতিক সীমানা পিলার নং ৯৭৭/৭ এস পিলার থেকে সীমান্তের নো ম্যানস ল্যান্ডের কাছে বাংলাদেশ অভ্যন্তরে একটি বাড়ি থেকে ধান কিনেন। এ সময় ধানের বস্তা নিয়ে আসার সময় নো ম্যানস ল্যান্ড থেকে তাকে আটক করে বিএসএফের একটি টহল দল।

বিজিবিসহ জেলার একাধিক সরকারি গোয়েন্দা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোস্তাকিমকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।