চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
জীবননগর পৌরসভার তেঁতুলিয়া গ্রামে নার্সারি ব্যবসা আবুল কাশেমের। সেই সুবাদে ব্যবসায়ী নূর ইসলামের সঙ্গে তাঁর পরিচয়। নূর ইসলাম ২০০৮ সালে থাইল্যান্ড থেকে আমগাছের দুটি ডগা এনে দেন। সেই ডগা থেকে কলম তৈরি করে ভাগ্য বদলেছে আবুল কাশেমের, এখন তিনি কোটিপতি।
আবুল কাশেম বলছিলেন, জমি লিজ নিয়ে নার্সারি করায় প্রথমদিকে দিনমজুরদের টাকা পরিশোধ করতে হিমশিম খেতে হতো। তখন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা টিকিয়ে রাখেন।
সফল এই নার্সারি ব্যবসায়ী জানান, ২০১০ সালে ছয় বিঘা জমি লিজ নিয়ে রোপণ করেন চারা। তাঁর লাগানো গাছে সাত মাসের মাথায় মুকুল আসে। দেখতে বেশ ছোট গাছে থোকায় থোকায় ধরে আম। একই সময়ে দেখা মেলে মুকুল ও গুটির। এখন ১২ বিঘা জমিতে প্রায় ১ হাজার ২০০ আমগাছ রয়েছে। প্রতিটিতে ২০ থেকে ২৫ কেজি আম ধরে। সঠিক মাত্রায় সার দিতে পারলে বছরে তিনবার ফলন পাওয়া যায়। মাঝেমধ্যে দু’বার আম আসে।
চলতি মৌসুমে প্রথম গতকাল সোমবার এই জাতের ৪০ মণ আম বিক্রি করেছেন আবুল কাশেম। কেজিপ্রতি ৬০ টাকা হিসেবে প্রতি মণের দাম ২ হাজার ৪০০ টাকা। তবে অসময়ে এই আমের দাম হয় ২৫০ থেকে ৩০০ টাকা কেজি। মৌসুম শুরুর তিন মাস আগেও প্রায় ৮ লাখ টাকার আম বিক্রি করেছেন তিনি। নার্সারির প্রতিটি চারা বিক্রি করেন ১০০ টাকায়।
১৫ বিঘা জমিতে প্রায় তিন লাখ চারা অন্তত দুই কোটি টাকায় বিক্রি হবে বলে জানান এই ব্যবসায়ী।
আমটি খেতে বেশ সুস্বাদু। পাকলে কিছুটা হলুদাভ হয়। দেশে জনপ্রিয় অন্য জাতের চেয়ে এর স্বাদে তেমন পার্থক্য নেই। আরেক আমচাষি আবুল কালাম বলেন, তিনি আমটি চাষ না করলেও খেয়ে দেখেছেন। মৌসুমে এটি তিন-চারটিতে কেজি হলেও অসময়ে বেশি লাগে। সঠিক নিয়মে চাষ করলে মুনাফা করা সম্ভব।
বাগানে আম কিনতে আসা তেঁতুলিয়া গ্রামের আমির হোসেন বলেন, আম্রপালি ও ল্যাংড়ার চেয়ে এই আম খেতে বেশ মিষ্টি ও সুস্বাদু। তবে দাম একটু বেশি। আঁশ কম হওয়ায় তিনি এই আম কিনছেন।
হাসাদহ গ্রামের সার ও কীটনাশক ব্যবসায়ী নূর ইসলাম বলেন, ভালো স্বাদ হওয়ায় তিনি থাইল্যান্ড থেকে ডগা এনে আবুল কাশেমকে দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, বাংলাদেশে প্রথম বারোমাসি আমের চাষ করেছেন আবুল কাশেম। এই আমের চারা বিক্রিও লাভজনক। অসময়ে আমের দামও বেশি পাওয়া যায়।











































