কুষ্টিয়া প্রতিনিধি।।
তেঁতুলের কথা শুনলেই জিবে জল আসে না౼এমন মানুষ খুঁজে পাওয়ায় ভার। থোকায় থোকায় ধরে আছে অসংখ্য তেঁতুল। সেই তেঁতুল যদি হয় সিঁদুর বর্ণের। লাল টকটকে আর স্বাদটা যদি হয় কিছুটা ভিন্ন, তাহলে তো কথাই নেই।
বাইরে ধূসর সবুজ, ভেতরে লাল টকটকে যেন সিঁদুররাঙা। প্রায় ৩০০ বছরের পুরোনো এমন বিরল প্রজাতির তেঁতুলগাছের সন্ধান মিলেছে কুষ্টিয়ায়।
লাল রঙের ভিন্ন রকম এই তেঁতুলগাছ ও তেঁতুল দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা।
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট গ্রামের গড়াই নদীর তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গাছটি।
এদিকে প্রায় ৩০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী এই তেঁতুলগাছটি সংরক্ষণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। গাছটি দেখতে আসা দর্শনার্থীদের বিনোদনের জন্য সরকারি উদ্যোগ গ্রহণের দাবিও জানান তারা।
স্থানীয় বাসিন্দা হেকমত আলী শেখ বলেন, ‘আমার বয়স ৮৮ বছর। আব্বার কাছে গল্প শুনেছি, তার দাদা তার কাছে গল্প করেছেন౼এ গাছ এখন যেমন আছে, তিনিও এখনকার মতোই দেখেছেন। ব্রিটিশ শাসনের সময় ইংরেজরা এ গাছ লাগিয়েছে। ইংরেজদের কাছ থেকে গাছ কিনে নেন হিরাম্বর বাবু নামে এক হিন্দু ব্যবসায়ী।’
তিনি আরও বলেন, বাংলাদেশে একটি মাত্র লাল তেঁতুলগাছ, যা খোকসার এই হিজলাবটে রয়েছে।
এ এলাকার আরেক বাসিন্দা শাহনাজ বেগম পিকলু বলেন, ‘আমার সবচেয়ে প্রিয় এই লাল তেঁতুলগাছটা। এই গাছের ছায়ায় আমরা বান্ধবীদের নিয়ে অনেকবার পিকনিক করেছি। শুধু আমরাই নই, কুষ্টিয়া শহর থেকে আসছে, ঢাকা থেকেও অনেকে আসছে এখানে পিকনিক করতে। এখানে সে সময় এত বাড়িঘর ছিল না। সামনে শুধু নীলকুঠি ও একটা সেগুন বাগান ছিল। সেটা নদীতে ভেঙে গেছে। এখন নীলকুঠির অবশিষ্ট একটা ভবন আছে আর তিনটা তেঁতুলগাছ আছে।’
জানা গেছে, ব্রিটিশ ভারতে যে সময় শোষক নীলকররা এ অঞ্চলে নীলকুঠি স্থাপন করেন। সে সময় ইংরেজরা এই তেঁতুলগাছগুলো রোপণ করেছিলেন। এখানে এক সারিতে রয়েছে তিনটি তেঁতুল গাছ। এর একটিতে এমন সিঁদুররাঙা লাল তেঁতুল ধরে। আর অন্য দুটি গাছে সাধারণ সাদা রঙের তেঁতুল ধরে। তবে বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই কোনটা কোন রঙের তেঁতুল। তবে লাল তেঁতুলগাছের তেঁতুল ভাঙলে কাঁচা অবস্থায় ভেতরটা টকটকে লাল; কিন্তু এখানকার তিন গাছের তেঁতুল পাকলে একই রং ধারণ করে।
তৎকালীন ব্রিটিশ শাসনের সময় এখানে নীলকরদের বসবাস ছিল। পরবর্তী সময়ে যা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তবে তাদের রোপণ করা তেঁতুলগাছ তিনটি এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
এই লাল বর্ণের তেঁতুলগাছ বিরল প্রজাতির। তাই এ ধরনের গাছ সংরক্ষণের পাশাপাশি সরকারি ও বেসরকারিভাবে এর বংশবিস্তারের ব্যবস্থা করে সারা দেশে রোপণ উপযোগী করলে সারা দেশে তেঁতুলের উৎপাদন বাড়বে।
বিজ্ঞানীদের মতে, প্রজননের সময় ক্রোমোজমের বিন্যাসে ক্রসিং ওভার হওয়ায় নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়ে থাকে। এই তেঁতুলগাছের ক্ষেত্রেও এটা হয়ে থাকতে পারে। এ ধরনের লাল তেঁতুল মানবদেহের জন্য অত্যন্ত উপকারী।
বংশবিস্তারের উদ্যোগ গ্রহণ না করা গেলে অচিরেই বিলুপ্ত হয়ে যাবে ইতিহাসের সাক্ষী এই তেঁতুলগাছগুলো।











































