খুলনাঞ্চল রিপোর্ট।।
পিতার কাছে মাত্র সাড়ে ৪শ’ টাকা অদায় করতে স্কুল ছাত্রকে গাছের সাথে বেঁধে সহপাঠীদের সামনে নির্যাতন করেছে এক ফার্নিসার ব্যবসায়ী ও তার সহযোগীরা। কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম ভৈরপুর (পাহাড়পুর) গ্রামে ওই ঘটনা ঘটে।
ওই স্কুল শিক্ষার্থী সাহেদ হোসেন শান্ত (১৪)কে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে গাছে বেঁধে নির্যাতনের করেছে বলে থাকায় লিখিত অভিযোগ করেছেন তার বাবা ইউসুফ মিয়া। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে গাছে বাঁধা অবস্থায় শান্ত‘র একটি ছবি ভাইরাল হলে আলোচনার সৃষ্টি হয়।
ভুক্তভোগী কিশোরের পিতা ইউসুফ মিয়া বুড়িচং থানায় লিখিত অভিযোগ করেছেন জানিয়ে বলেন, কিছুদিন আগে পাশের গ্রাম ভৈরবপুর এলাকার দুলু মিয়ার ছেলে নাহিদুলের দোকান থেকে একটি খাট বানিয়েছিলাম। প্রায় সব টাকা দেয়া হয়ে গেছে আর ৪৫০ টাকা বকেয়া ছিলো। ঈদের কয়েকদিন আগে নাহিদুল আমার বাড়িতে এসে এই টাকার জন্য গালাগাল করে। এসময় তাকে অনুনয় করে জানাই আমার ছোট ছেলেটা কয়েকদিন আগে পানিতে ডুবে মারা গেছে। কাজ করতে পারিনি হাতে টাকা নেই। সপ্তাহ খানেক পরে দিয়ে দেব। তবুও সে এটা নিয়ে বাড়াবাড়ি করে আমার গায়ে হাত তুলে এ নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয় তার সাথে।
ঈদের দিন আমার ছেলে বন্ধুদের সাথে ঘুরতে বের হলে তাকে তার বন্ধুদের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায় নাহিদুল ও তার ভাইসহ এলাকার কয়েকজন। দলে থাকা নাজমুল তার বাড়িতে নিয়ে শান্তকে গাছের সাথে বেঁধে রেখে মারধর করে। এ সময় আমি বাইরে কাজে ছিলাম খবর পেয়ে বাড়িতে এসে থানায় ফোন দেই। পরে স্থানীয় ইউপি সচিব ও গ্রাম পুলিশ সেখান থেকে আমার ছেলে উদ্ধার করে নিয়ে আসে। নাজমুল ও তার সহযোগীরা আমার ছেলেকে গাছে বেঁধে মারধর করেছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত নাহিদুল ও নাজমুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
এ ব্যাপারে বুড়িচং থানা’র এসআই শরিফ রহমান রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগীর পিতা থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তনাধীন, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’











































