খুলনাঞ্চল রিপোর্ট।।
পবিত্র ঈদুল ফিতরের দিন মঙ্গলবার (৩ মে) সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে কুমিল্লায় তিনজন, ময়মনসিংহে তিনজন, সিরাজগঞ্জে একজন, মাদারীপুর একজন, টাঙ্গাইলে দুজন ও মানিকগঞ্জে একজন রয়েছেন। সকাল থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত সময়ে এসব দুর্ঘটনা ঘটে।
একই দিন বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বাগেরহাটে একজন, হবিগঞ্জে দুজন, নোয়াখালীতে একজন, মেহেরপুরে একজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন ও টাঙ্গাইলে তিনজন রয়েছেন। এছাড়া দুই পক্ষের সংঘর্ষে ফরিদপুরে দুজন ও শরীয়তপুরে একজন নিহত হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহতের খবর
কুমিল্লা:
কুমিল্লার চান্দিনা ও চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে একজন ও প্রাইভেটকারের ধাক্কায় দুজন নিহত হন।
দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন-মাধাইয়া এলাকার সোহেল (২৫), মাখাইয়ায় এলাকার নাজমা বেগম (৪৬) ও বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার মৃত সিরাজুল হক তালুকদারের ছেলে মঞ্জুরুল হক তালুকদার (৩৫)।
ময়মনসিংহ:
ময়মনসিংহের নান্দাইলে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ মে) দিনগত মধ্যরাত থেকে ঈদের দিন সকাল ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন-উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদি কুড়েরপাড় গ্রামের আ. মালেক মাস্টারের ছেলে আল মামুন (২৫), একই উপজেলার আচাঁরগাও ইউনিয়নের সুতারাটিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৪) ও ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত আ. ছামাদের ছেলে জাকারিয়া মিয়া (২০)।
টাঙ্গাইল:
টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বিকেলে উপজেলার রুপশান্তি কুচামারা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার যদুনাথপুর ইউনিয়নের হরিপুর গ্রামের রিপন ওরফে আলামিন (১৬) এবং রিপন (১৬)। আহতের নাম আমিনুল ইসলাম (১৪)।
মানিকগঞ্জ:
মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মহিদুর রহমান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিদুর রহমান মানিকগঞ্জ সদর উপজেলার সরুন্ডি এলাকার মহিদুর রহমান বাসিন্দা।
মাদারীপুর:
মাদারীপুরের রাজৈরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে রোমান মিনা (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান উপজেলার তাতিকান্দা গ্রামের নান্নু মিনার ছেলে। সে টেকেরহাট পপুলার হাইস্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার পরিবার স্বরমঙ্গল গ্রামে বসবাস করে।
সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর অ্যাপ্রোচে ধাক্কা লেগে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই কিশোর। সন্ধ্যায় উপজেলার তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের ধোপাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মেহেদি হাসান (১৭)। সে উপজেলার পাড়িল গ্রামের আবু বক্কারের ছেলে।
বজ্রপাতে নিহতের খবর
টাঙ্গাইল:
টাঙ্গাইলের কালিহাতীতে গোসল করার সময় বজ্রপাতে তিন কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে নদীর পাড়ে থাকা আরও দুজন। সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া এলাকায় নদীর পাড়ে এই ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ঈদের নামাজ শেষে কবর জিয়ারত করতে গিয়ে বজ্রপাতে রনি মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে পৌর এলাকার খরমপুর শাহ সৈয়দ গেছুদারাজ কেল্ল শহীদ মাজারের কবরস্থানে এ ঘটনা ঘটে।
নিহত রনি ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি কাঠমিস্ত্রি হিসেবে কাজ করতেন।
মেহেরপুর:
মেহেরপুরে বজ্রপাতে আব্দুর রাজ্জাক নামের কৃষকের (৫৩) মৃত্যু হয়েছে। একই ঘটনায় মন্টু (৪৮) নামের একজন আহত হয়েছেন। সকালে সদর উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নোয়াখালী:
নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে জিহাদ হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। দুপুর সাড়ে ১২টার দিকে বয়ারচর ইউনিয়নের পূর্ব নবীপুর গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে।
হবিগঞ্জ:
হবিগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলার আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ উপজেলায় পৃথক সময়ে বজ্রপাতে তারা মারা যান। নিহত ব্যক্তিরা হলেন-শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লাদিয়া গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে সারাজ মিয়া ও আজমিরীগঞ্জ উপজেলার শাহজাহান মিয়া (৬০)।
বাগেরহাট:
বাগেরহাটের মোংলায় ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আগা মাদুরপাল্টা গ্রামের বাসিন্দা মহির শেখ (৬৫)। সকালে উপজেলার আগা মাদুরপাল্টা গ্রামে এ ঘটনা ঘটে।











































