স্টাফ রিপোর্টার।।
নগরীর নিরালা প্রান্তিক আবাসিক এলাকার জামির হোসেনের মেয়ে মনিরা বেগম মিতাকে হত্যার দায়ে স্বামী মো. আব্দুল গফুর মালীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
সোমবার (২৫ এপ্রিল) অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেছেন। গফুর মালী ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামের লিয়াকত মালীর ছেলে। রায় ঘোষণাকালে সে আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের আদালতের বেঞ্চ সহকারী মো. আলমগীর হোসেন নথীর বরাত দিয়ে জানান, হত্যাকান্ডের ৮ বছর পূর্বে ইসলামী শরিয়াত মোতাবেক গফুর মালীর সাথে নিরালা প্রান্তিকার জামির হোসেনের মেয়ে মনিরা বেগম মিতার বিয়ে হয়। এর মধ্যে এ দম্পত্তির একটি কন্যা সন্তান জন্ম নেয়। এরপর মেয়ে জানতে পারে স্বামী গফুর মালী মাগুরায় দ্বিতীয় বিয়ে করেছে। এ নিয়ে প্রায় কারণে ও অকারণে মিতাকে মারধর করত স্বামী গফুর মালী। ২০১০ সালের ২৬ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়ে মিতা।
ওইদিন রাত সাড়ে ৩টার দিকে স্বামী গফুর মালী স্ত্রী মনিরা বেগম মিতাকে পূর্ব পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় পরেরদিন নিহতের পিতা বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন যার নং-২৪। গ্রেপ্তারের পর গফুর মালী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। ২০১১ সালের ৫ জানুয়ারি ডুমুরিয়া থানার এসআই শাহাজাহান গফুর মালীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এডভোকেট এম ইলিয়াস খান।











































