বিশেষ প্রতিনিধি, ঢাকা||
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় হেলমেট পরিহিত, রামদা ও লাঠিসোঁটা হাতে অন্তত ৩৫ জনকে চিহ্নিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিউমার্কেট এলাকার অন্তত ১৫০ ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি টিভি) ভিডিও ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করে ৩৫ জনকে চিহ্নিত করেছে তদন্তকারী কর্তৃপক্ষ। হেলমেট বাহিনীর অন্তত ২৫ জন ঢাকা কলেজের ছাত্র রক্তাক্ত সহিংসতায় জড়িত থাকার বিষয়টি চিহ্নিত হলেও তাদের প্রত্যেকের নাম, পরিচয়, ঠিকানা, সংগ্রহ করার পর গ্রেফতার করার পর্বটি শুরু হবে। ঢাকা কলেজের হেলমেট বাহিনীর ২৫ জন ছাড়াও ব্যবসায়ী, বহিরাগত ও হকার যারা সংঘর্ষে জড়িত ছিল বলে চিহ্নিত হয়েছে। তবে ১৫০ ভিডিও ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করে চিহ্নিত হওয়ার কাজ চলমান আছে। কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হাসানকে হেলমেট পরে রামদা দিয়ে কুপিয়েছে ঢাকা কলেজের ছাত্র ইমন। এর মধ্যে আবার জাকির, সোহেল, কাওছার এমন কয়েকটি নাম পেয়েছে ডিবি পুলিশ যাদের মাথায় হেলমেট ও হাতে রামদা ছিল বলে ভিডিও ফুটেজে দেখা গেছে। নাহিদ হাসানকে হত্যার সঙ্গে এবং যে দুই জনের সঙ্গে ঝগড়ার কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে সেই ওয়েলকাম ফাস্টফুডের কর্মচারী বাপ্পী ও ক্যাপিটাল ফাস্টফুডের কর্মচারী কাওসারকে এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি। ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে নিউমার্কেটের দোকানকর্মীদের সংঘর্ষের মামলায় গ্রেফতার হওয়া বিএনপি নেতা মকবুল হোসেন সরদারকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বলে তদন্তকারী কর্তৃপক্ষের দাবি। তদন্তকারী কর্তৃপক্ষের সূত্রে এ খবর জানা গেছে।
ঢাকা মহনগর পুলিশের নিউমার্কেট জোনের পুলিশের অতিরিক্ত কমিশনার শাহেনশাহ বলেছেন, ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে নিউমার্কেটের দোকানকর্মীদের সংঘর্ষের মামলায় গ্রেফতার বিএনপি নেতা মকবুল হোসেন সরদারের কাছ থেকে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য মিলছে। তিন দিনের রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষে যেসব গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে তা যাচাই-বাছাই করা হচ্ছে। পুলিশের তথ্য রয়েছে তিনি উপস্থিত ছিলেন এবং উস্কানিদাতা হিসেবে কাজ করেছেন। দুই দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় শুক্রবার মকবুলকে তার ধানম-ির বাসা থেকে গ্রেফতারের পর আদালতে হাজির করে তিন দিনের হেফাজতে পায় পুলিশ। জ্বালাও-পোড়াও, দাঙ্গা-হাঙ্গামা, পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির ২৪ জনের নাম উল্লেখ করে যে মামলা করেছেন, সেখানে প্রধান আসামি করা হয়েছে মকবুলকে। ওয়েলকাম ও ক্যাপিটাল ফাস্টফুড নামের যে দুই দোকানের কর্মচারীদের দ্বন্দ্ব থেকে গত ১৮ এপ্রিল মধ্যরাতে সংঘর্ষের সূত্রপাত, সেই দোকান দুইটি সিটি কর্পোরেশন থেকে মকবুলের নামে বরাদ্দ হওয়া। তবে কোন দোকানই নিজে চালান না। রফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম নামে দুজনকে ভাড়া দিয়ে রেখেছেন দোকান দুটি। রফিকুল ও শহিদুল আবার পরস্পরের আত্মীয়। মকবুল ছাড়াও মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা ১৮ নম্বর ওয়ার্ডের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
এজাহারে যা লেখা হয়েছে ॥ পুলিশ পরিদর্শক ইয়ামিন এজাহারে লিখেছেন, ১৮ তারিখ রাতে নিউমার্কেটের ৪ নম্বর গেটে ঢাকা কলেজের ২০০ থেকে ৩০০ অজ্ঞাতনামা ছাত্র ভাংচুর করে। ১১টা ৪৫ মিনিটে বেতার যন্ত্রের মাধ্যমে খবর পেয়ে পুলিশের সিনিয়র অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে হাজির হয়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে। ছাত্ররা তখন ৪ নম্বর গেটের পরিবর্তে ২ নম্বর গেট দিয়ে ভাংচুর করে এবং নিউমার্কেটের ভেতরে প্রবেশ করে ভাংচুর শুরু করে। এজাহারে বলা হয়, সিনিয়র অফিসার ও ফোর্স বাধা দিলে তারা নিউমার্কেট থেকে ঢাকা কলেজের দিকে যায় এবং আরও ৩০০ থেকে ৪০০ জনসহ ঢাকা কলেজের গেটের সামনে বিভিন্ন স্থানে বাঁশের লাঠি, রড, দা, হকিস্টিক নিয়ে অবস্থান নেয়। সে সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা চন্দ্রিমা মার্কেটের সামনে অবস্থান নেয়। তখন সেখানে এডিসি (রমনা), এডিসি (ধানমন্ডি), এডিসি (নিউমার্কেট), এসি (রমনা), এসিসহ (ধানমন্ডি) অতিরিক্ত ফোর্স উপস্থিত হয়।
মামলায় যাদের নাম উল্লেখ করা হয় ॥ মামলার এজাহারে বলা হয়, এ্যাডভোকেট মকবুল, আমির হোসেন আলমগীর, মিজান, টিপু হাজী, জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, হাসান জাহাঙ্গীর মিঠু, হারুন হাওলাদার, শাহ আলম, শহিদুল ইসলাম শহিদ, জাপানী ফারুক, মিজান বেপারী, আসিফের উস্কানিতে জসিম, বিল্লাল, হারুন, তোহা, মনির, বাচ্চু, জুলহাস, মিঠু, মিন্টু ও বাবুলসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ ব্যবসায়ী ও কর্মচারী বেআইনীভাবে সমবেত হয়েছে। ঢাকা কলেজের দিকে দৌড়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। লাঠি, রড, হকিস্টিক নিয়ে রাত ২টা ৩৫ মিনিট পর্যন্ত ইট-পাটকেল নিক্ষেপ করে। দুই পক্ষকে শান্ত করতে গিয়ে ১০ থেকে ১৫ পুলিশ শারীরিকভাবে আহত হন। ওই ঘটনায় মকবুলসহ ১২ ‘উস্কানিদাতা’ হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ করা হয় এজাহারে। সংঘর্ষের ওই ঘটনায় দুই জনের মৃত্যু ও শতাধিক আহত হন। পরে দুটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা দায়ের করা হয়।
হেলমেট পরে নাহিদকে কুপিয়েছে কে? ॥ রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় নিহত ডেলিভারিম্যান নাহিদকে কুপিয়েছে ঢাকা কলেজের ছাত্র ইমন। নাহিদকে কোপানোর যে ছবিটি গণমাধ্যমে ভাইরাল হয়েছে, সেই ছবিটি ইমনের। সে ঢাকা কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি খুলনায়। সে কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাসের ছাত্র। ভিডিও ও ছবিতে নাহিদকে নৃশংসভাবে কোপাতে দেখা গেছে ইমনকে। ঘটনার দিন ইমন তার বাম হাতের উপরের অংশে ও পায়ে ইটের আঘাতে আহত হন। ছবি ও ভিডিওতে দেখা গেছে, তার বাম হাত ছিল কাপড় দিয়ে বাঁধা। ইমনের সঙ্গে ভিডিওর ওই যুবকের চেহারার মিল খুঁজে পেয়েছে পুলিশ। গোয়েন্দারা ঢাকা কলেজের যে দুই ছাত্রকে সন্দেহের আওতায় রেখেছেন, তাদের একজন ইমন। মামলা দায়েরের পর থেকে ইমনকে আর দেখা যায়নি। বন্ধ রয়েছে তার মোবাইল ফোন। ডিঅ্যাক্টিভ করা হয়েছে তার ফেসবুক আইডি। যদিও ঘটনার দিনও তার ফেসবুক আইডি সচল ছিল।
দুইজনকে হেফাজতে নেয়া হয়েছে ॥ গোয়েন্দারা বলছেন, দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষে অংশ নেয়া ঢাকা কলেজের আরও কয়েকজন ছাত্রকে শনাক্ত করা হয়েছে। এদিকে সংঘর্ষের নেতৃত্বে থাকা চার জন ছাত্রের মধ্যে দুই জনকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা বিভাগ এমনটা দাবি করছেন সাধারণ ছাত্ররা। তবে তাদের একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন একজন গোয়েন্দা কর্মকর্তা। তিনি জানান, সেদিন চারটি গ্রুপ সংঘর্ষে অংশ নিয়েছিল। সংঘর্ষে অংশ নেয়া ব্যবসায়ী-কর্মচারী গ্রুপ থেকে দলছুট হয়ে যাওয়ায় নাহিদ মূলত গণপিটুনির শিকার হয়েছিলেন। ছাত্রদের চারটি গ্রুপের অনেককেই নাহিদের ওপর চড়াও হতে দেখা যায়। নাহিদকে প্রথমে যে দুজন মারধর শুরু করে, তারা হলো কাইয়ুম ও সুজন ইসলাম। একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, কাইয়ুম নীল ও সাদা রঙের চেকের টি শার্ট পরা। সে নাহিদকে রড দিয়ে আঘাত করে। হেলমেট না থাকায় সহজেই কাইয়ুমকে চেনা যায়। আর সুজন ইসলাম নাহিদকে ইটের আঘাত ও লাথি মেরে আহত করে। পরে নাহিদকে কোপাতে থাকলে ইমনকে চড় মেরে সেখান থেকে সরিয়ে দেন সুজন ইসলাম। সুজন ইমনের সিনিয়র হওয়ায় ওই সময় চড় মেরে শাসন করতে পেরেছিল বলে মনে করেন ঢাকা কলেজের ছাত্ররা।
একাধিক ফুটেজে দেখা যায়, ঘটনার দিন বেলা ১২টা ৪৫ মিনিটে ব্যবসায়ীরা ঢাকা কলেজের ছাত্রদের ধাওয়া দেন। ব্যবসায়ীদের পক্ষে সামনে থেকে অবস্থান নিয়ে নাহিদও ছাত্রদের ধাওয়া দিয়েছিলেন। ছাত্ররা পাল্টাধাওয়া দিলে ফিরে আসার সময় নূরজাহান মার্কেটের গেটের সামনে পা পিছলে মাটিতে পড়ে যান নাহিদ। আর ছাত্রদের মাঝে কয়েকজন এসে হাতের রড, লাঠি, ইট দিয়ে নাহিদকে বেধড়ক পেটাতে থাকে। এভাবে দুই থেকে তিন মিনিট পেটানোর পর নাহিদ নিস্তেজ হয়ে পড়েন। নাহিদকে মেরে ছাত্ররা পেছনে চলে যাওয়ার সময় রামদা হাতে কালো হেলমেট পরা এক ছাত্র এসে নাহিদকে কোপাতে থাকে। হলুদ হেলমেট ও লাল রঙের গেঞ্জি পরা আরেক ছাত্র এসে নাহিদকে কোপাতে থাকা ছাত্রটিকে চড় মেরে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর ব্যবসায়ী পক্ষের যুবকরা নাহিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেছেন, খুবই সেনসিটিভ মামলা। অধিকতর গুরুত্ব দিয়ে চলছে তদন্ত। এটা নিয়ে আমরা কোনও তাড়াহুড়ো করতে চাই না। আমরা শতভাগ নিশ্চিত হয়েই অপরাধীদের আইনের আওতায় আনব। কারণ, এখানে ছাত্রদের জীবন নিয়ে প্রশ্ন। তিনি বলেছেন, আমরা অনেককেই চিহ্নিত করেছি। কিন্তু কারও পরিচয় সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে পারিনি। আমরা যখন নিশ্চিত হব, তখনই গণমাধ্যমকে সব তথ্য জানানো সম্ভব হবে।
২৫ অস্ত্রধারী চিহ্নিত ॥ নাহিদ হাসানকে হত্যার সঙ্গে জড়িতদের কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ দাবি করছে, এখন পর্যন্ত হেলমেট পরা ২৫ অস্ত্রধারীকে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়াও ব্যবসায়ী, বহিরাগত ও হকারও চিহ্নিত করা হয়েছে যারা সংঘর্ষে জড়িত ছিল। ঘটনাস্থলের আশপাশের শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এখন পর্যন্ত হেলমেট পরা ২৫ জনকে চিহ্নিত করেছে পুলিশ, যাদের হাতে ধারালো অস্ত্র, হকিস্টিক ও লাঠি-রড ছিল। এরাই ঘটনাস্থলে অন্তত ১৫ থেকে ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছিল।
তদন্তে একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর ইউনিট ॥ পুলিশ সূত্র জানায়, নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় পুলিশের দুটিসহ এ পর্যন্ত চারটি মামলা হয়েছে। এর মধ্যে নাহিদ ও মোরসালিন নিহত হওয়ার ঘটনায় দুটি হত্যা মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মোরসালিন ঘটনাস্থলে ইটের আঘাতে মারা গেছেন। অন্য কোন কিছুর আঘাতে তার মৃত্যু হয়েছে কি না তারও তদন্ত চলছে। নিউমার্কেট থানা ছাড়াও ডিএমপির নিজস্ব গোয়েন্দা ইউনিট, মহানগর গোয়েন্দা (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও একাধিক সাইবার টিম সংঘর্ষের ঘটনা তদন্তে কাজ করছে।
দ্বিতীয় দিনের সংঘর্ষের ঘটনাটি পূর্বপরিকল্পিত ॥ সোমবার সন্ধ্যায় শুরু হওয়া ওই সংঘর্ষের ঘটনা মধ্যরাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতিতে ব্যবসায়ী ও শিক্ষকরা মিটিয়ে ফেলেছিলেন। পরদিন কিভাবে রামদাসহ দেশি অস্ত্র, হকিস্টিক, লাঠি-রড নিয়ে কারা, কেন হামলা চালাল, সেসব বিষয় নিয়ে কাজ করছে গোয়েন্দা সংস্থা। তদন্ত সংশ্লিষ্ট এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, গত সোমবার রাতের সংঘর্ষের ঘটনা অনেকটা হুজুগে ঘটেছে। কিন্তু পরদিন মঙ্গলবারের ঘটনা ছিল পরিকল্পিত। হামলাকারীরা কয়েকটি ছোট ছোট দলে ভাগ হয়ে হামলা চালায়। তারা রোগীবাহী এ্যাম্বুলেন্সকেও ছাড়েনি। জ্বালাও-পোড়াওয়ের পাশাপাশি কেউ কেউ কয়েকটি দোকানের ক্যাশবাক্স লুট ও নিউমার্কেট এলাকার কয়েকটি স্পটে আগুন দেয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, সংঘর্ষের ঘটনায় অনেকে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রলীগকে দোষারোপ করছেন। কিন্তু দীর্ঘদিন ধরে ঢাকা কলেজে ছাত্রলীগের কোন কমিটি নেই। করোনার কারণে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকা-ও নেই।
সিসিটিভির ভিডিও ফুটেজ ॥ তদন্ত সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তা বলেন, সিসিটিভি ফুটেজ দেখে বেশ কয়েকজন হকারকে শনাক্ত করা হয়েছে। একাধিক ফুটেজে ঘুরেফিরে তাঁদের চেহারা দেখা গেছে। বিশেষ করে সাংবাদিকদের ওপর ও এ্যাম্বুলেন্সে হামলাসহ বেশ কয়েকজন সাধারণ মানুষ ও পথচারীকে লাঠি দিয়ে পিটিয়েছেন এমন কয়েকজনের নাম-পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে নানা বয়সী অনেক লোক হেলমেট পরে ঘটনাস্থলে অবস্থান করেছিল। তাদের পরিচয় নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, মার্কেটের ৪ নম্বর গেটের ওয়েলকাম ফাস্ট ফুডের কর্মচারী বাপ্পী ও ক্যাপিটাল ফাস্ট ফুডের কর্মচারী কাওসারের মধ্যে সন্ধ্যায় কথা-কাটাকাটি থেকেই সংঘর্ষের শুরু। দুটি দোকানের মালিক আপন চাচাতো ভাই। সংঘর্ষের ঘটনায় জড়িতদের বেশিরভাগই দোকান কর্মচারী ও ফুটপাথের হকার। এর বাইরে কিছু বহিরাগত ছিল, যাদের হাতে দেশীয় অস্ত্র ও মাথায় হেলমেট ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর তথ্যও যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় কতটুকু রাজনৈতিক ইন্ধন কাজ করেছে তান্ডবও খতিয়ে দেখা হচ্ছে।
ভয়াবহ নৃশংস ও মর্মন্তুদ দৃশ্য ॥ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নৃশংসতার সেই ছবি। নাহিদ মিয়ার নিস্তেজ দেহে পড়ছে একের পর এক ধারালো অস্ত্রের কোপ। কালো হেলমেট ও ধূসর টি-শার্ট পরা ধারালো অস্ত্রধারী কে? গ্রেফতারের আগ পর্যন্ত সঠিক উত্তর পাওয়া কঠিন। তবে গোয়েন্দা পুলিশের ভিডিও ফুটেজের ছবি ও তথ্য-উপাত্ত মতে কেউ বলছেন, এটা ইমনের ছবি। আবার কোন কোন কর্মকর্তার দাবি, এটা জাকির হোসেনের ছবি। সোহেল ও কাউছারের ছবিও ভিডিও ফুটেছে উঠে এসেছে। তদন্তে উঠে এসেছে, ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের গত মঙ্গলবার রক্তক্ষয়ী সংঘর্ষের দিন নাহিদকে প্রথমে বেদম পিটিয়ে ফুটপাথে ফেলে রাখেন কাইয়ুম। ওই সময়ে তার পরনে নীল-সাদা চেকের টি-শার্ট ছিল। এর পরই হলুদ হেলমেট ও লাল গেঞ্জি পরা এক তরুণ নাহিদকে ইট দিয়ে আঘাত করে। তার নাম সুজন ইসলাম বলে জানা গেছে। দু’জনই ঢাকা কলেজের শিক্ষার্থী। আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীদের সূত্র সন্দেহভাজন ওই দু’জনের পরিচয় শনাক্ত করেছে। সংঘর্ষের মধ্যে লাঠি ও অস্ত্র নিয়ে ধাওয়া করলে একপর্যায়ে ঢাকা কলেজের উল্টোপাশে নুরজাহান মার্কেটের ফুটপাথে পড়ে যান নাহিদ। সেখানে এক যুবক তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। আরেকজন ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। দিনদুপুরে ঢাকার সড়কে ওই নৃশংসতার ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে মানুষের বিবেককে নাড়া দেয়। ভয়াবহ মর্মান্তিক নৃশংস সেই দৃশ্য। সেই নৃশংস দৃশ্যের দিকে তাকালে ভয়ে চোখ বন্ধ হয়ে আসে।
গোয়েন্দা টেবিলে যেসব ছাত্রের নাম ॥ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, সংঘর্ষের সময়ে ঢাকা কলেজের হয়ে অতি তৎপর ছিল জসিম, জুলফিকার ও ফিরোজ নামে তিন ছাত্রনেতার অনুসারীরা। জসিম নেত্রকোনার এবং ফিরোজ ও জুলফিকার বরিশাল অঞ্চলের। হিংস্রতার সময়ে ছবি প্রকাশ পাওয়া জাকির, কাইয়ুম ও সুজনও ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত। তারা কলেজ হোস্টেলে থাকে। তবে নাহিদের ওপর নৃশংস হামলার ভিডিও ছড়িয়ে পড়লে তাদের আর ক্যাম্পাসে দেখা যায়নি। ওই সংঘর্ষের মধ্যে হেলমেট পরিহিত কয়েকজনকে বেশ তৎপর দেখা যায়। তাদের অনেকের হাতে ছিল ধারালো অস্ত্র, রড ও লাঠি। গণমাধ্যমে প্রকাশিত ছবি ছাড়াও সিসিটিভি ফুটেজ থেকে ছবি নিয়ে দুই হত্যাকা-ে সরাসরি জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এ জন্য প্রত্যক্ষদর্শীদের সেই ছবিগুলো দেখানো হয়েছে। অনেকে দেহের গঠন, শরীরের উচ্চতা ও পোশাক দেখে শনাক্তে সহায়তা করছেন। তবে সরাসরি জড়িতদের প্রায় সবাই হেলমেট পরা থাকায় পুরোপুরি শনাক্ত করা যাচ্ছে না। ছবি দেখালে ধারণা থেকে একেকজন ভিন্ন ভিন্ন নাম বলছেন। তবে তারা সেই নাম নিয়েই প্রযুক্তিগত তদন্ত করে দেখছেন, ঘটনার সময় শনাক্ত হওয়া ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন কিনা।
ডিবির রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক বলেন, ‘সংঘর্ষের সময়ে দুই জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যায় জড়িতদের শনাক্তে একাধিক দল কাজ করছে। সংঘর্ষে দুই পক্ষের শত শত ব্যক্তি অংশ নেয়ায় শনাক্ত করতে একটু সময় লাগছে। তবে কোন নির্দোষ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে জন্য কাজটি সতর্কতার সঙ্গে করা হচ্ছে। তিনি বলেছেন, ফুটেজ বিশ্লেষণ করে দেখেছেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের হাতে ধারালো অস্ত্র ছিল। পাশাপাশি দোকানকর্মীদের হাতেও দেখা গেছে অস্ত্র। এখন নাহিদ ও মোরসালিন ঠিক কোথায় হামলার শিকার হয়েছিলেন, সেই জায়গাটা ঠিকভাবে চিহ্নিত করার চেষ্টা চলছে। এরপর পর্যবেক্ষণ করা হবে, ঘটনাস্থলটি কোনপক্ষের নিয়ন্ত্রণে ছিল।
দলে দলে ছাত্রাবাস ত্যাগ ॥ রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষের সময় ডেলিভারিম্যান নাহিদ মিয়া হত্যাকা-ের সঙ্গে জড়িত ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থীকে চিহ্নিত করেছে পুলিশ। তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ খবর পাওয়ার পরপরই দলে দলে ছাত্রাবাস ত্যাগ করতে শুরু করেছেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা। তবে হত্যাকা-ে জড়িতদের সঙ্গে ছাত্রলীগের কোন সম্পর্ক নেই বলে দাবি করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এর আগে, সংঘর্ষ চলাবস্থায় কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দেয়। কিন্ত শিক্ষার্থীরা কর্তৃপক্ষের সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন এবং তারা ছাত্রাবাসে অবস্থান করেন। এরপর থেকে সব কিছু ঠিকই ছিল। হঠাৎ নাহিদ হত্যাকা-ের সঙ্গে জড়িত কয়েকজনের নাম গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরপরই শিক্ষার্থীরা ছাত্রাবাস ছাড়তে শুরু করেন।
ছাত্রাবাস সূত্রে জানা গেছে, হত্যাকা-ের সঙ্গে জড়িতদের নাম প্রকাশ হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকে রাতেই ছাত্রাবাস ত্যাগ করে নিরাপদে অবস্থান নিয়েছেন। তবে ছাত্রাবাস পুরোপুরি খালি হয়ে যায়নি। এখনও অনেক শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের স্নাতক চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী জানান, গতরাত ১২টার পর থেকে বহু শিক্ষার্থীকে ছাত্রাবাস ত্যাগ করে অন্যত্র চলে যেতে দেখেছেন তিনি। তিনি নিজেও বর্তমানে ছাত্রাবাসের বাইরে আছেন বলে জানান। ছাত্রাবাস ত্যাগ করা আরেক শিক্ষার্থী জানান, তিনি বের হয়ে আসার পর জানতে পেরেছেন যে, ছাত্রাবাসগুলো প্রায় ফাঁকা হয়ে গেছে। ছাত্রাবাসে পুলিশ যেকোন সময় অভিযান চালাতে পারে, এমন তথ্য ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মধ্যে। এরপর থেকে শিক্ষার্থীরা ছাত্রাবাস ত্যাগ করা শুরু করেছেন। তবে পুলিশ বলছে, এখন পর্যন্ত তারা ঢাকা কলেজ ছাত্রাবাসে কোন অভিযান শুরু করেনি। কেবল শিক্ষার্থীদের নজরদারিতে রেখেছেন। যেকোন সময় অভিযান শুরু হতে পারে। এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম বলেন, ‘আমরা এখনও কোন অভিযান শুরু করিনি। তবে বিষয়টি নজরদারিতে রাখা হচ্ছে। দক্ষিণ ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক শিক্ষক আনেয়ার মাহমুদ বলেন, ‘ছাত্রাবাসে কোন অভিযান হয়নি। আমরা একটু ব্যস্ত সময় পার করছি। যদিও ছাত্রাবাস ত্যাগের বিষয়ে কর্তৃপক্ষের আগের সিদ্ধান্ত সম্পর্কে জানতে ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেনকে কয়েক দফা ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এর আগে, গত ২০ এপ্রিল তিনি জানিয়েছিলেন, তারা ছাত্রাবাস বন্ধের সিদ্ধান্তেই অটুট রয়েছেন। শিক্ষার্থীদের ছাত্রাবাস না ছাড়ার বিষয়টি তারা র্উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। খবর- জনকন্ঠ











































