Home খেলাধুলা প্রিমিয়ার ফুটবল লীগের দ্বিতীয় লেগ শুরু হচ্ছে আজ

প্রিমিয়ার ফুটবল লীগের দ্বিতীয় লেগ শুরু হচ্ছে আজ

5

স্পোর্টস রিপোর্টার।।

মধ্যবর্তী দলবদল শেষে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আজ। শুরুর দিনেই মাঠে নামছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। রাজশাহীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে তাদের আতিথিয়েতা দেবে স্বাধীনতা ক্রীড়া সংঘ। যাদের সঙ্গে হার দিয়ে লীগ শুরু করেছিল বর্তমান চ্যাস্পিয়নরা। ক্ষত সারিয়ে এবার বেশ সাবধান কিংস। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে উত্তর বারিধারার প্রতিপক্ষ শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
ঈদের আগে দ্বিতীয় লেগের চার রাউন্ডের খেলা হবে। ঈদের পাঁচদিনের বিরতীর পর ৭ই মে থেকে আবার শুরু হবে লীগ।
৭ই মে শুরু হয়ে চলবে ১৩ই মে পর্যন্ত। এরপর এএফসি কাপ ও জাতীয় দলের এশিয়া কাপ বাছাইয়ের জন্য একমাস সাত দিন বন্ধ থাকবে লীগ। ১৮-২৪ মে কলকাতায় এএফসি কাপে খেলবে বসুন্ধরা কিংস। এএফসি কাপ খেলার সময় ঢাকায় জাতীয় দলের ক্যাম্প চলবে। জুনের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় এশিয়া কাপের বাছাই। জাতীয় দল সেই বাছাই খেলে আসার পর ২০শে জুন থেকে লীগ পুনরায় শুরু হবে। ২০শে জুন থেকে শুরু হওয়ার পর ৭ই জুলাই পর্যন্ত টানা খেলা চলবে। এরপর ঈদুল আজহার জন্য বিরতি থাকবে এক সপ্তাহ। ১৪ই জুলাই পুনরায় শুরু হয়ে ২৭শে জুলাই শেষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের এবারের আসর।
২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বসুন্ধরা কিংস লীগের প্রথম পর্ব শেষ করলেও তাদের খুব কঠিন সময় গেছে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথনের ইনজুরিতে দুর্বল হয়ে পড়েছিল তাদের মধ্যমাঠ। বসনিয়ান ফরোয়ার্ড স্তোয়ান ভ্রানিয়েসও ছিলেন অকার্যকর। তাই চাপটা গেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রোবিনহোর ওপর। বিদেশি বলতে তিনি এবং ইরানি ডিফেন্ডার খালিদ শাফিই খেলেছেন। মধ্যবর্তী দলবদলে তাই খুঁতগুলো সারিয়ে আবার পূর্ণ শক্তিতে মাঠে ফিরছে কিংস। কয়েকদিন আগে জোনাথনের জায়গায় যোগ হয়েছে আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগেইরা। সর্বশেষ নুহা মারংয়ের সংযোজনে দৃশ্যত কোনো খুঁত নেই চ্যাম্পিয়নদের। বাকিটা নির্ভর করছে এই গাম্বিয়ানের পারফরম্যান্সের ওপর। দ্বিতীয় অবস্থানে থাকা আবাহনীর পয়েন্ট ২২। শেখ জামালের ২১। বোঝাই যাচ্ছে, হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে কিংস ভালো একটা অবস্থানে আছে। বসুন্ধরা কিংসের সামনে যেমন হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি, তেমনি আবাহনীর সামনে হাতছানি ট্রেবল জয়ের। স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ জয়ী আবাহনী মৌসুমের শেষ ট্রফিটি জিততে পারলে দারুণ একটা মৌসুম যাবে তাদের। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আছে চট্টগ্রাম আবাহনীও। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। তবে ১৭ পয়েন্ট নিয়ে
পাঁচে মোহামেডানের শিরোপা লড়াইয়ে ওঠাটা কঠিন চ্যালেঞ্জের। এখনো শিরোপা জিততে না পারা সাদা-কালো সমর্থকরা সেটা আশাও করে না। বড় বজেটের দলগুলোর মধ্যে প্রথম পর্বে বাজে ফলাফল করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ব্লুজরা ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ৮ নম্বরে। সবার নিচে আছে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ। ১১ নম্বরে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং তাদের ওপরে উত্তর বারিধারা ক্লাব।

প্রথম লেগের পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
বসুন্ধরা কিংস ১১ ৮ ২ ১ ২৬/১২ ২৬
ঢাকা আবাহনী ১১ ৬ ৪ ১ ২১/১১ ২২
শেখ জামাল ১১ ৫ ৬ ০ ২০/১২ ২১
চ. আবাহনী ১১ ৬ ৩ ২ ২১/২০ ২১
ঢাকা মোহামেডান ১১ ৪ ৫ ২ ১৩/৮ ১৭
বাংলাদেশ পুলিশ ১১ ৪ ৪ ৩ ১২/১১ ১৬
সাইফ স্পোটিং ১১ ৪ ৩ ৪ ২৪/১৯ ১৫
শেখ রাসেল ১১ ২ ৪ ৫ ১০/১৬ ১০
রহমতগঞ্জ ১১ ২ ৩ ৬ ১৫/২৪ ৯
উত্তর বারিধারা ১১ ২ ২ ৭ ১১/২৩ ৮
মুক্তিযোদ্ধা ১১ ২ ১ ৮ ১১/১৭ ৭
স্বাধীনতা ১১ ১ ৩ ৭ ১১/২২ ৬