আসাদ, দিঘলিয়াঃ
দিঘলিয়ায় চৌদ্দ (১৪) বছর বয়সী কিশোর ভ্যান চালক ইমরানকে হত্যার ঘটনায় আসাদুল (২৫) ও আলামিন (২৪) কে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ।
ঘটনার বিবরণ এ দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব আহসান উল্লাহ চৌধুরী ও ইন্সপেক্টর (তদন্ত) জনাব রিপন কুমার সরকার জানান, গত ১৫ ই এপ্রিল দিঘলিয়া থানা পুলিশের একটি টিম বারাকপুর ইউনিয়ন এলাকা থেকে চোরাই ভ্যান সহ আসাদুল ও আলামিন কে ভ্যান চুরির অন্য একটি মামলায় আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা কিশোর ইমরানকে হত্যার দায় স্বীকার করে। গত ২২ শে এপ্রিল আসামি আসাদুল ও আলামিন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে এবং কিশোর ইমরান কে হত্যার দায় শিকার করে। তারা দু’জন সহ মোট ৩ জন মিলে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে লাশ ভৈরব নদীতে ফেলে দেয়। পরে ৩ জনে মিলে ভ্যানটি বিক্রি করে ভাগ বাটোয়ারা করে নেয়।
এদিকে শুক্রবার (২২ এপ্রিল) গভীর রাতে খুলনা নৌ-পুলিশের অফিসার ইনচার্জ অনিমেষ হালদার এর নেতৃত্বে নৌ পুলিশের একটি দল দিঘলিয়া থানা পুলিশের সহযোগীতায় বারাকপুর গ্রাম থেকে হত্যাকান্ডের সংঙ্গে জড়িত অপর আসামি শরীফ ( ৩০) কে আটক করেছে।
উল্লেখ্য গত ০৩ সেপ্টেম্বর ২০২১ ইং শুক্রবার খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের বাসিন্দা মিঠুর পুত্র ইমরান(১৪) প্রতিদিনের মত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। একপর্যায়ে সন্ধা ৭ ঘটিকার দিকে দিঘলিয়ার ভৈরব নদীর পাড়ে খলিলের ইট ভাটার কাছে ইমরানের মৃত দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসি দিঘলিয়া থানা পুলিশ কে জানায়। সংবাদ পেয়ে দিঘলিয়া থানা পুলিশের একটি টিম নৌ পুলিশের একটি টিম ইমরানের মৃতদেহ নদী থেকে উদ্ধার করে। এ সময় মৃতের গলায় ফাঁসের চিহ্ন ছিল। ঘটনার পরের দিন নিহতের পিতা মিঠু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে গুম ও হত্যা আইনে দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং ৫, তাং ৪/৯/২০২১। পরবর্তীতে মামলাটির তদন্তভার খুলনা নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।











































