বিনোদন ডেস্ক:
রাজধানীর শাহবাগ, হাতিরপুল কাঁচা বাজার ও মগবাজার মোড় এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় সামাজিক দূরত্ব রক্ষা না করা ও স্বাস্থ্যবিধি মেনে সড়কে না চলায় নায়িকা তমা মির্জাসহ ৯ জনকে জরিমানা করা হয়েছে। এছাড়াও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রায় শতাধিক ব্যক্তিকে সাবধান করা হয়।
ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শেখ মোহাম্মদ শামীমের সহায়তায় বুধবার (১৫ এপ্রিল) অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা। এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, করোনা রোগ ছড়িয়ে পড়া প্রতিরোধে মানুষের জনসমাগম ও অপ্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া ঠেকাতে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এ ছুটির মেয়াদ আরো বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়। ঘরে নিরাপদে অবস্থান করার জন্য। তবে দেখা যাচ্ছে অনেকেই অহেতুক বাইরে সামাজিক দুরত্ব নিশ্চিত না করে ঘোড়াফেরা করছেন। এমতাবস্থায় বুধবার শাহবাগ, হাতিরপুল কাঁচাবাজর ও মগবাজার মোড়ে অভিযান চালিয়ে ৯ জনকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, ৯ জন এর মধ্যে তমা মির্জা নামে একজন অভিনেত্রীও রয়েছেন। তিনি স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব সংস্থার নিয়ম না মেনে মাস্ক ছাড়াই সড়কে বের হয়েছিলেন। তাকে ৫০০ টাকা জরিমাণা করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে সাবধান করা হয়। এছাড়াও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে প্রায় শতাধিক ব্যক্তিকে ভবিষ্যতের জন্য সাবধান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।









































