চুয়াডাঙ্গা প্রতিনিধি ।।
ফুটবলে চমক দেখিয়ে পর্তুগালে যাওয়ার সুযোগ পেয়েছে চুয়াডাঙ্গার কিশোরী ফুটবলার বিদিশা রানী বেদ। পড়ালেখার পাশাপাশি ফুটবলই তার ধ্যান-জ্ঞান। বিদিশার স্বপ্ন দেশসেরা ফুটবলার হওয়ার।
চুয়াডাঙ্গা হয়ে অনূর্ধ্ব-১৭ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে তার ভাগ্য বদলে যায়।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের রেলস্টেশনপাড়ার দরিদ্র ঘরের মেয়ে বিদিশা। তার বাবা রাজ কুমার বেদ স্থানীয় হারদী এমএস জোহা ডিগ্রি কলেজের অফিস সহকারী। পাঁচ বোনের মধ্যে বিদিশা দ্বিতীয়। আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ের মানবিক বিভাগের দশম শ্রেণির ছাত্রী ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি প্রবল আগ্রহী। চুয়াডাঙ্গার একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হয় বিদিশা। ফুটবলে তার ঝোঁক। তার বাবা চুয়াডাঙ্গার মহাতাব উদ্দিন ফুটবল একাডেমিতে ভর্তি করে দেন তাকে। বাবার বাইসাইকেল চালিয়ে ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আসত। কোচ মিলন বিশ্বাসের কাছে নিয়মিত ফুটবল প্রশিক্ষণ নিয়ে নিজেকে গড়ে তোলে।
কোচ মিলন বিশ্বাস বলেন, ‘২০১৯ অনূর্ধ্ব-১৭ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা জেলা দলের হয়ে বিদিশা অংশ নেয়। জেলা দলে ভালো খেলে খুলনা বিভাগীয় দলে ডাক পায় সে। এরপর এক মাসের প্রশিক্ষণের জন্য বিদিশাসহ ৪০ ফুটবলার ডাক পায় বিকেএসপিতে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ৪০ ফুটবলারকে অনুশীলন করায়। ফুটবল বিশেজ্ঞদের নজর কাড়ে বিদিশা। সেখানে ১৫ খেলোয়াড়কে মনোনীত করা হয়। সেরা ১১ জনে বিদিশার হয় অষ্টম। ফিফার তত্ত্বাবধানে জুলাইয়ে দুই মাসের জন্য ইউরোপের দেশ পর্তৃগালে উন্নত প্রশিক্ষণের সুযোগ পেয়েছে বিদিশা। এ খবর পাওয়ার পর চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিদিশাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।’
বিদিশা জানায়, ‘ফুটবল খেলা শিখছি। এখনো অনেক শেখার বাকি। আমার প্রিয় খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশে যাচ্ছি। বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে খেলতে চাই।’
বিদিশার বাবা রাজ কুমার বেদ বলেন, ‘আমার মেয়ে পর্তুগালে যাওয়ার সুযোগ পেয়েছে, এজন্য আমি খুশি। কখনো স্বপ্নেও ভাবিনি ফুটবল প্রশিক্ষণের জন্য মেয়েকে বিদেশে পাঠাব। সরকার ও ফুটবল ফেডারেশনের কাছে আমি কৃতজ্ঞ।’ চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ইমরান হোসাইন জানান, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে বিদিশা ফুটবলে উঠে আসে। সে মেধাবী ও পরিশ্রমী ফুটবলার। বিদিশা চুয়াডাঙ্গার মানুষের মুখ উজ্জ্বল করেছে। তার সফলতার ধারা অব্যাহত থাকুক।’











































