Home আঞ্চলিক তদন্তে গিয়ে পুলিশের ‘মারধর’, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

তদন্তে গিয়ে পুলিশের ‘মারধর’, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

10

চুয়াডাঙ্গা প্রতিনিধি ।

চুয়াডাঙ্গায় মারামারির ঘটনা তদন্তে করতে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তঃসত্ত্বা নারীসহ সাতজনকে মারধর করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কুন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- ওই গ্রামের আবদুল মান্নানের স্ত্রী জোমেলা খাতুন, তার তিন ছেলে ইসরাফিল, হোসেন আলী এবং মুসা করিম, ইসরাফিলের অন্তঃসত্ত্বা স্ত্রী জাকিয়া খাতুন, মুসা করিমের স্ত্রী সাবিনা খাতুন ও হোসেন আলীর স্ত্রী শিউলি খাতুন। এ ঘটনায় পুলিশ ও আহতরা পালটাপালটি অভিযোগ করেছেন।

পুলিশের দাবি- পুলিশ দেখে অভিযুক্ত হোসেন আলী পালিয়ে যাওয়ার সময় টিনে তার কপাল কেটে যায়। এতে তারা স্থানীয়দের সঙ্গে করে পুলিশকে ধাওয়া করে। কোনো মারধরের ঘটনা ঘটেনি।

পুলিশ জানায়, গত মঙ্গলবার কুন্দিপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে হোসেন আলীর সঙ্গে একই এলাকার কদম আলীর ছেলে মোস্তফার মারামারি হয়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে হিজলগাড়ী ক্যাম্পের এএসআই মজিবর রহমান কুন্দিপুর গ্রামে যান।

এতে অভিযুক্ত হোসেন আলী পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে ধরার সময় বাড়ির টিনে তার কপাল কেটে যায়। মাথা কেটে রক্ত বের হতে দেখলে পুলিশের ওপর চড়াও হন পরিবারের লোকজনসহ গ্রামবাসী।

একপর্যায়ে হিজলগাড়ি ক্যাম্প পুলিশের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করে ফিরে আসেন। তবে কাউকে মারধর করা হয়নি।

আহত হোসেন আলীর মা জোমেলা খাতুন বলেন, দুই পুলিশ সদস্য আমার ছেলেকে ধাওয়া করে ধরে বেধড়ক মারধর করে। এতে আমার ছেলের কপাল কেটে রক্তপাত হলে অজ্ঞান হয়ে যায়। খবর পেয়ে হোসেনের স্ত্রীসহ আমরা ঘটনাস্থলে গেলে আমাদের দেখে পুলিশরা চলে যায়। পরে দর্শনা থানা থেকে অতিরিক্ত পুলিশ আসে। এ সময় আমরা প্রতিবাদ করি। এতে পুলিশ সদস্যরা আমাকে গুলি করারও হুমকি দেয়। পুরুষ পুলিশ সদস্যরা আমাকেসহ তিন পুত্রবধূ ও আমার তিন ছেলেকে বেধড়ক মারধর করে।

আহত জাকিয়া খাতুন বলেন, আমি ছয়মাসের অন্তঃসত্ত্বা। আমার স্বামীসহ আমি ঘটনাস্থলে যাই। ঘরের মধ্যে আমার স্বামীকে ধরে গুলি করার জন্য বন্দুক তাক করে পুলিশ। আমি সামনে গেলে বন্দুকের বাট দিয়ে আমার পায়ে আঘাত করে এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় পুলিশ সদস্যরা। সেখানে কোনো নারী পুলিশ ছিল না। একজন নারীকে কীভাবে পুরুষ পুলিশ সদস্য মারধর করেন? আমরা এর বিচার চাই।

দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ কাউকে মারধর করেনি। হতে পারে আত্মরক্ষার্থে হাতাহাতির ঘটনা ঘটেছে।