মেহেরপুর সংবাদদাতা ।।
মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর গুলি করার অভিযোগে স্থানীয় যুবলীগের সভাপতিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাংনী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ গুলির ঘটনা ঘটে।
আটক ব্যক্তর নাম মোশাররফ হোসেন (৫২)। তিনি গাংনী উপজেলা যুবলীগের সভাপতি।
স্থানীয় নেতাকর্মীরা জানান, এ দিন সন্ধ্যায় সাবেক ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান সিপুসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মোশাররফ হোসেনের বাকবিতণ্ডা বাধে। গাংনী বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা পরিষদ মার্কেটে মোশাররফ হোসেনের ব্যক্তিগত কার্যালয়ের সামনে এ নিয়ে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে সিপুসহ নেতাকর্মীদের উদ্দেশ্য করে পর পর চার রাউন্ড গুলি বর্ষণ করে মোশাররফ। তবে গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হয়।
পরে গুলির ঘটনায় উত্তেজিত নেতাকর্মীরা মোশাররফের অফিসে হামলা করে। এক পর্যায়ে নেতাকর্মীরা মেহেরপুর- কুষ্টিয়া সড়ক অবরোধ করে তাকে গ্রেপ্তারের দাবি জানান। এ সময় প্রায় ঘণ্টাব্যাপী বন্ধ থাকে ওই সড়কের যান চলাচল। পরে মোশাররফকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, কেন গুলি করেছে এবং অস্ত্রের লাইসেন্স আছে কি না তা যাচাইয়ে মোশাররফকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন এবং সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল বলেন, গাংনীতে বেশ কিছুদিন ধরে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি করছে মোশাররফসহ তার লোকজন। তার অফিসে অস্ত্রশস্ত্র নিয়ে সব সময় লোকজনকে ভয়ভীতি দেখায়, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। মোশাররফসহ তার লোকজনকে গ্রেপ্তার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।











































