আসাদ, দিঘলিয়া।।
দিঘলিয়া থানাধীন গাজিরহাট ইউনিয়নস্থ কোলা বাজারের ইজারা কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গতকাল বিকাল ৫.৩০ টায় আলহাজ্ব মোল্লা জালাল উদ্দিন কলেজের সামনে সংঘর্ষ হয়, এতে উভয় পক্ষের একাধিক লোক আহত হয়েছে। কোলা বাজারের ইজারাদার সালাম মোল্লা ও বিল্লাল মোল্লা দ্বয়ের অত্র বাজারের ইজারা উত্তোলনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন ইজারা কমিটির লোকদের কাছে দায়িত্ব হস্তান্তর না করাকে কেন্দ্র করে প্রথম দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষ হয়, এতে উভয় পক্ষের লোকজন আহত হয়। আহতরা হলেন, আবু সুফিয়ান পিতা- বারেক মোল্লা, কামরুল মোল্লা পিতা-জয়নাল মোল্লা, মিন্টু মোল্যা পিতা- বাবন মোল্লা, সেলিম মোল্লা পিতা-মৃত খায়ের মোল্লা, জাকির মোল্লা পিতা- মাওলা মোল্লা, কলম শেখ পিতা- লতিফ শেখ, আসিফ শেখ পিতা-শোকর শেখ, হৃদয় শেখ পিতা- বুলু মেম্বার, রাসেল মোল্লা পিতা- মাসুদ মোল্লা, কালু শেখ পিতা- বুচা শেখ।
এ বিষয় জানতে পেরে প্রথমে গাজিরহাট ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, না পেরে দিঘলিয়া থানা পুলিশকে খবর দিলে ওসি তদন্ত রিপন কুমার সরকার এর নেতৃত্বে সেকেন্ড অফিসার এস আই ইয়াসিন আরাফাত সহ সংঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ বিষয় উভয়পক্ষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। ঘটনাস্থলে থানা পুলিশ অবস্থান করছে। এ বিষয়ে সার্বিক পরিস্থিতি নজরাধীন রয়েছে। আহতরা বিভিন্নভাবে তাদের চিকিৎসা গ্রহণ করছেন।
এবিষয়ে জানতে চাইলে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী বলেন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি, উভয় পক্ষের লোকজন গেফতার করেছি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।











































