Home আঞ্চলিক ছাত্রীর অসতর্ক মুহূর্তের ভিডিও ধারণ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে পিটুনি

ছাত্রীর অসতর্ক মুহূর্তের ভিডিও ধারণ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে পিটুনি

12

স্টাফ রিপোর্টার।।

এক ছাত্রীর অসতর্ক মুহূর্তের ভিডিও করার অভিযোগে এক ছাত্রকে পিটুনি দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৫ এপ্রিল) ভোররাতে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ দেখে সাইক রহমান আবিরকে শনাক্ত করে পিটুনি দেওয়া হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের হেফাজতে রেখে চিকিৎসা দেওয়ার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্ত আবির খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রো-টেকনোলজি ডিসিপ্লিনের ২০১৭ বর্ষের ছাত্র।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, খুলনা বিশ্ববিদ্যালয় লাগোয়া ইসলাম নগরের শাহ শিরীন সড়কের একটি ছাত্রী মেসে ভুক্তভোগী ছাত্রীর অসতর্ক মুহূর্তের ভিডিও করেন অভিযুক্ত আবির। এরপর ভুক্তভোগী ছাত্রীকে নানান রকম হুমকি দেন। পরে মেসের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করে পিটুনি দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন বলেন, ভিডিও করার অভিযোগে মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা অভিযুক্ত ছাত্রকে পিটিয়েছে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে উদ্ধার করেছে।

জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান জানান, অভিযুক্ত ছাত্রকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।