যশোর অফিস।।
শ্বশুরের কাছে টাকা চেয়েছিলেন মাদকাসক্ত মীর আবু বক্কর ফরিদ। না পেয়ে দুই বছরের শিশুশ্যালক রেহানকে অপহরণ করে ঢাকা থেকে যশোরে আনেন। পরে নির্যাতন চালিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার দুপুরে শিশুটির মৃত্যু হয়। পুলিশ ফরিদকে (২২) আটক করেছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) বেলাল হোসাইন জানান, নির্যাতনের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঘাতক ফরিদ যশোর শহরের পালবাড়ি এলাকার মীর সাইদুল ইসলামের ছেলে। নিহত শিশু রেহান মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটাল গ্রামের ওমর বাবুর্চির ছেলে। তবে ওমর বাবুর্চি বর্তমানে ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইল খড়িয়াবাড়ী এলাকায় থাকেন। সেখান থেকেই শিশুটিকে অপহরণ করা হয়।
যশোর কোতয়ালি থানার এসআই আল মামুন বলেন, গত সোমবার শ্বশুরবাড়ি গিয়ে শ্বশুরের কাছে টাকা চান মাদকাসক্ত ফরিদ। না দেয়ায় রেহানকে নিয়ে পালিয়ে চলে আসেন। এরপর তাকে দফায় দফায় নির্যাতন করেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর শিশুটির মৃত্যু হয়। এ সময় লোকজন পুলিশের কাছে ৯৯৯ নম্বরে মোবাইল ফোনে বিষয়টি জানায়। পুলিশ হাসপাতালে পৌঁছে মাদকাসক্ত মীর আবু বকর ফরিদকে আটক করে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ বলেন, শিশুটিকে হাসপাতালে এনে বলা হয়েছিল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। তাকে ভর্তি করে শিশু সার্জারি ওয়ার্ডে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি আরও বলেন, শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।











































