স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর জোড়াগেট এলাকার শহীদুল হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আরও দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সুমন মল্লিক ও আশিকুর রহমান আশিক। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন- কালু ওরফে ছোট কালু ও মো. তালেব হাওলাদার। রায় ঘোষণার পর আসামি তালেবকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। অন্য তিন আসামি পলাতক। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।
ট্রাইব্যুনালের উচ্চমান বেঞ্চ সহকারী মো. মুরাদ হোসেন গাজী জানান, শহীদুল জোড়াগেট এলাকার মৌসুমি ফল ব্যবসায়ী ছিলেন। ২০১৭ সালের ১১ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে পূর্বশত্রুতার জের ধরে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা হাজেরা বেগম আটজনের নাম উল্লেখ করে এবং আজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার ইন্সপেক্টর সৈয়দ মেশারেফ হোসেন একই বছরের ২২ আগস্ট ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।











































