যশোর অফিস।।
যশোর সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন নিয়ে প্রধান শিক্ষক রবিউল ইসলামকে ফোনে হুমকি দিয়েছেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাজহার। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে গত ৩১ মার্চ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী প্রধান শিক্ষক। হুমকি দেওয়ার ঘটনায় ৬ মিনিট ৮ সেকেন্ডের একটি অডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া অডিওতে তার কথোপকথন বিকৃত (এডিট) করা হয়েছে দাবি করে অভিযুক্ত মাজহারুল ইসলাম মাজহার বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমার নামে মিথ্যাচার করা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ
অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনিরুজ্জামানকে নিযুক্ত করতে ডিও লেটার দিয়েছেন ১০ মাস আগে। প্রধান শিক্ষক এমপি সাহেবের সেই ডিও মানছেন না। কমিটি অনুমোদনের জন্য বোর্ডে আবেদন করেননি। উল্টো দশ মাস ধরে হয়রানি করছেন। তাকে বারবার অনুরোধ করলে তিনি বলেন এমপি সাহেব ডিও দেওয়ার কে? প্রধান শিক্ষকের এমন অবমাননার প্রতিবাদ করেছি। কোনো খারাপ আচরণ কিংবা হুমকি দিইনি।
এদিকে গত ২৪ মার্চ দুপুরে তাদের মধ্যকার কথোপকথনের ভাইরাল অডিওর একাংশে শোনা যায়, মাজহারুল ইসলাম মাজহার ওই প্রধান শিক্ষককে বলছেন, ‘শুনেন স্যার আমি কারো সঙ্গে কথা বলতে পারব না। ২৪ ঘণ্টার মধ্যে কার সঙ্গে কথা বলবেন না কি বলবেন, আপনি জানেন। আপনার কোন মা-বাপ… আছে তাদের সঙ্গে কথা বলেন। ২৪ ঘণ্টার মধ্যে কমিটি যদি আবেদন না করেন, তা হলে আপনি যদি যশোর থাকতে পারেন, তারপর আমি চুরি পরে এই যশোরে ঘুরে বেড়াব (গণমাধ্যমে অপ্রকাশযোগ্য অকথ্য ভাষায় গালিগালাজ) … হত্যার হুমকি। আমি আপনার সঙ্গে দুই বছর ভালো ব্যবহার করেছি। তোমার কিডা ঠেকাই আমি দেখবানে। তোর এত বড় সাহস তুই কাজী নাবিল আহমেদের ডিও লেটারে মামলা করেছিস। তোর কিডা আছে। তুই আজকের পর থেকে নীলগঞ্জে কীভাবে থাকিস দেখবানে। তোর লোকজন পুলিশ-র্যাব নিয়ে থাকিস। আমি আসছি।’
জানা যায়, অডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে প্রধান শিক্ষক রবিউল ইসলাম মোবাইল ফোন বন্ধ রেখে প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। গত ৩১ মার্চ যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরিতে প্রধান শিক্ষক রবিউল ইসলাম অভিযোগ করেন, যশোর সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার পর আগের কমিটির অগোচরে যুবলীগ নেতা মাজহার ও তার সহযোগীরা অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনিরুজ্জামানকে নিযুক্ত করেন। এতে ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকরা ওই কমিটির বিরুদ্ধে অনাস্থা আনাসহ একজন অভিভাবক হাইকোর্টে মামলা দায়ের করেন। বর্তমানে এ মামলাটি চলমান রয়েছে। গত ২৪ মার্চ দুপুর ২টার দিকে মাজহার তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর থেকে প্রধান শিক্ষককে কল দিয়ে কমিটি অনুমোদনের জন্য আবেদন করতে বলেন। তাকে কমিটির বিষয়ে মামলা চলমান রয়েছে জানালে গালাগালসহ জীবননাশের হুমকি দেন। ওই জিডির মাধ্যমে নিরাপত্তা চেয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সোমবার রাতে যুবলীগ নেতা মাজহারুল ইসলামের বিরুদ্ধে প্রধান শিক্ষক রবিউল ইসলামের মুঠোফোনে হুমকির কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সোমবার রাত থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ওই কথোপকথনের অডিও। একজন শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজসহ জীবননাশের হুমকি দেওয়ায় সব শ্রেণি-পেশার মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।











































