Home জাতীয় বিএনপির কর্মসূচিতে জামায়াত নেতা, আলোচনা-সমালোচনা

বিএনপির কর্মসূচিতে জামায়াত নেতা, আলোচনা-সমালোচনা

10

ঢাকা অফিস।।
সরকারবিরোধী বৃহত্তর জোটে জামায়াত থাকবে কি-না এ নিয়ে যখন হিসেবে নিকেষ চলছে, সেই মুহূর্তে বিএনপির কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের উপস্থিতি ও বক্তব্য দেওয়া নিয়ে উঠেছে নানা প্রশ্ন, চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

গত শনিবার (২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে রোজার আগের দিন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদের বিএনপির ডাকা প্রতীকী অনশন কর্মসূচিতে অংশ নেন জামায়াতের এ নেতা। বিএনপির কয়েকজন নেতা জানিয়েছেন- দাওয়াত ছাড়াই কর্মসূচিতে হাজির হয়েছিলেন তিনি।

সরকারবিরোধী আন্দোলনের জোট করছে বিএনপি। ১৪ দলের বাইরে থাকা সমমনা বাম দল ও ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। বিএনপির কয়েকজন নেতা জানিয়েছেন- জামায়াত থাকলে সরকার বিরোধী জোটে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সমমনা বাম দলগুলো।

যদিও বিএনপির একটি অংশ চাচ্ছে জামায়াতকে বাদ দিয়ে জোট প্রক্রিয়া এগিয়ে নিতে। আরেকটি অংশ চান- কৌশলে জামায়াতকে পাশে রাখতে। আবার বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের পরামর্শ- জামায়াত ইস্যুতে দলটির অবস্থান পরিষ্কার করা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঘরে আগুন লেগেছে নেভাতে হবে, এখন আগুন নেভানোর জন্য সব ধরনের লোক যাবে, সবাই যে আপনার মতাবলম্বী হবে তাও তো নয়। বাংলাদেশকে মুক্ত করার জন্য সবাই এগিয়ে আসবে, যে যেখান থেকে আসবে কাউকে তো মানা করব না। সুতারাং জামায়াত যদি তাদের অবস্থান থেকে আন্দোলন করতে চায় করতে পারবে।

জামায়াত নিয়ে বিএনপির অবস্থানের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, কিছু নামসর্বস্ব বাম দল তারা বিএনপি বৃহত্তর ঐক্যজোটে সামিল হতে চায়। তাদের শর্ত একটাই যে জামায়াতকে বাদ দিলে তারা বিএনপির সঙ্গে ঐক্য করবে। জামায়াতকে বাদ দিলে সংকটে পড়বে বিএনপি। প্রয়োজনে যারা ঐক্যমতে আসতে চায় তাদের বাদ দেবে, তারপরও জামায়াত ছাড়তে পারবে না বিএনপি।

বিএনপির কর্মসূচিতে জামায়াত নেতার উপস্থিতি নিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, বিএনপি মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও স্বাধীনতা বিরোধীদের লালন করে। জামায়াতের সঙ্গে তাদের দীর্ঘ সখ্য তারই প্রমাণ।