ঢাকা অফিস।।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর, মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ইসলামের সুমহান আদর্শের আলোকে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতার ৫১ তম বর্ষে এসেও আজকের সরকার ৭১ পুর্ববর্তী সরকারের মতো, নিপিড়নমূলক আচরন করছে। দেশের সাধারণ নাগরিকদের কোন অধিকার ও সম্মান নেই। সকল অধিকার ভোগ করছে ক্ষমতাসীন এবং তাদের দোসররা। অথচ স্বাধীনতা উত্তর দেশের মানুষ স্বপ্ন দেখেছিল, স্বাধীন দেশে তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। স্বাধীন নাগরিক হিসেবে মর্যাদা পাবে, সম্মান পাবে। বাক স্বাধীনতা পাবে, ন্যায়বিচার পাবে। জান-মাল, ইজ্জত-আবরু এবং জীবনের নিরাপত্তা নিয়ে বেঁচে থাকতে পারবে। অর্থনৈতিক সাম্য ও রুটি রুজির নিশ্চয়তা পাবে। একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান পাবে।
তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী যারাই ক্ষমতায় এসেছে, সবাই জনগণের স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে। সবাই জনগণের সাথে অঙ্গীকার ভঙ্গ করেছে। গণ-মানুষের সঙ্গে প্রতারণা করেছে। দেশ শাসনের নামে জনগণকে জিম্মি করে রেখেছে। জনগণের সকল মৌলিক অধিকার হরণ করেছে। জনগণের সম্পদ লুন্ঠন করেছে। গণতন্ত্রের নামে সর্বত্র দলীয়করণ এবং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। গুম ও খুনের রাজত্ব কায়েম করেছে। দুর্নীতি, লুটপাট এবং সুদ ও ঘুষকে রাষ্ট্রীয় নীতি হিসেবে প্রতিষ্ঠা করেছে। শাসক শ্রেণীর এহেন কর্মকান্ডের ফলে স্বাধীনতা আজ অর্থহীন হয়ে পড়েছে। গোটা সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় এক ধরনের নৈরাজ্য চলছে। জনতাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয়া হয়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি দেশে একধরণের দুর্ভিক্ষ জন্ম দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ ক্ষুধা পেটে ঘুমাতে যাচ্ছে। খাবারের জন্য খাদ্য ট্রাকের পেছনে মানুষ দৌড়াচ্ছে। জাতীকে নেশাগ্রস্থ করে স্বার্থ হাসিলের পায়তারা চলছে। দেশ আর এভাবে চলতে পারে না।
আজ শুক্রবার রাজধানীর গুলিস্তান শহিদ মতিউর রহমান পার্কে অনুষ্ঠিত স্মরণকালের বৃহত্তম জনসমূদ্রে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা-সিলেবাসে ধর্মীয় শিক্ষার সংকোচন বন্ধ, ইসলাম, দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা বাতিল, স্বাধীনতার মূল লক্ষ্য-সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত জাতীয় মহাসমাবেশে বক্তব্য রাখেন দলের সিনিয়র নায়েবে আমীর, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম,মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক আজাদ, মহাসচিব, হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ,জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হযরত মাওলানা নুরুল হুদা ফয়েজী, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, জাতীয় শিক্ষক ফোরাম সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, উপদেষ্টা মাওলানা খালিদ সাইফুল্লাহ, ডা. মুহাম্মদ আক্কাস আলী সরকার, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম, যুগ্ন মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, বাংলাদেশ মুসলিম লীগের সিনিয়র নেতা আতিকুল ইসলাম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ সেক্রেটারী জেনারেল বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম, ইসলামী যুব আন্দোলন সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নুরুল করীম আকরাম। মহাসমাবেশ পরিচালনা করেন প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, শিক্ষা ও সংষ্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, মাওলানা লোকমান হোসাইন জাফরী ও মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী। উপস্থিত ছিলেন জাতীয় নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, জাতীয় শিক্ষক ফোরাম, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ, ইসলামী আইনজীবী পরিষদ ও ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সরকার উদ্যান ব্যবহার করতে দেয়নি। ৩১ মার্চ জাতীয় মহাসমাবেশের ঘোষণা দিয়ে নিয়মতান্ত্রিকভাবে প্রশাসনে চিঠি ইস্যু করা হয়। সরকার নানা টালবাহানা করে প্রথমে তারিখ পরিবর্তনে বাধ্য করে, প্রশাসন চরম অসৌজন্যমূলক আচরণ করে সেখানে সমাবেশ করতে দেয়নি। বাদ জুমু’আ জাতীয় মহাসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টার ভিতরে গুলিস্তান এলাকা লোকে লোকারন্য হয়ে সমাবেশ স্থলে তিল ধারণের ঠাই ছিল না। বেলা ১১টায় জাতীয় মহাসমাবেশ শুরু হয়ে দুপুর ১টা ৩০ মিনিটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও সমাবেশের সভাপতি মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই-এর খুৎবা দান ও ইমামতিতে লাখো মানুষের অংশগ্রহণে জুমু’আর অনুষ্ঠিত হয়। সমাবেশের কারণে পুরো গুলিস্তান, নবাবপুর, পল্টন মোড় ও রাজুক ভবন এলাকা যানশূণ্য হয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দখলে চলে যায়।
মহাসমাবেশে ১৫ দফা দাবি এবং ৮ দফা কর্মসূচি ঘোষণা করা। ১. যেকোন মূল্যে দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ করতে হবে। বাজার কারসাজীর সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। ২. দেশে মদ ও সকল ধরণের মাদকদ্রব্য নিষিদ্ধ করতে হবে। ৩. শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। পূর্ণ ও আবশ্যিক বিষয় হিসেবে গণ্য করতে হবে। ৪. প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম শিশুদের জন্য নামাজ শিক্ষা ও কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে ৫. শিক্ষা সিলেবাস থেকে চরম নাস্তিকক্যবাদী সকল ধর্মবিরোধী, অবৈজ্ঞানিক ও বস্তাপঁচা ডারউইনের থিউরী বাদ দিতে হবে। কারান্তরীণ সকল মজলুম আলেম এবং রাজবন্দিদের মুক্তি দিতে হবে ৬. জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে ৮. সকল নিবন্ধিত রাজনৈতিক দলের মতামত নিয়ে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করতে হবে। ৯. তফসিল ঘোষণার পর থেকে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহনের পূর্ব পর্যন্ত সশস্ত্রবাহিনী মোতায়েন করতে হবে এবং নির্বাচনের দিন সশস্ত্রবাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দিতে হবে ১০.নির্বাচনে সকল দলের জন্যে সমান সুযোগ তৈরী করতে হবে। রেডিও, টিভিসহ সকল সরকারী বেসরকারী গণমাধ্যমে সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে সকল ধরনের হয়রানী বন্ধ করতে হবে ১১. দুর্নীতিবাজদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। ১২. নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখতে হবে ১৩. রাজনৈতিক স্থিতিশীলতা, জাতীয় সংহতি ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির (চ.জ) নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করতে হবে ১৪. গণমাধ্যম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রণীত বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে ১৫.সকল রাজনৈতিক দলের জন্যে সভা-সমাবেশসহ সাংবিধানিক স্বীকৃত সকল রাজনৈতিক কর্মসূচী ও বাকস্বাধীনতা উন্মুক্ত করতে হবে। কর্মসূচি : বিভাগীয় সমাবেশ- ১. ১৩ মে, শুক্রবার রংপুর ২. ২০ মে, শুক্রবার বরিশাল ৩. ২১ মে, শনিবার খুলনা ৪. ২৭ মে, শুক্রবার চট্টগ্রাম ৫. ৪ জুন, শনিবার রাজশাহী ৬. ১০ জুন, শুক্রবার সিলেট ৭. ২০ জুন, সোমবার মোমেনশাহী ও ৮. ১ জুলাই, শুক্রবার ঢাকায় গণমিছিল।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রসঙ্গে পীর সাহেব চরমোনাই বলেন, মধ্যস্বত্বভোগীদের কারণেই দাম বাড়ে বলে মন্ত্রণালায়ের প্রতিবেদনেই উঠে এসেছে। সরকারীদলের সমর্থনপুষ্ট মধ্যস্বত্বভোগীরা স্তরে স্তরে দ্রব্যের দাম বৃদ্ধি করে। পথে-ঘাটে পুলিশ ও স্থানীয় মাস্তানরা চাঁদাবাজী করে। বিদেশ থেকে পণ্য আমদানী করার ক্ষেত্রে সরকারঘনিষ্ঠ ব্যবসায়ীরা নানা ধরণের কারসাজী করে পণ্যের দাম বৃদ্ধি করে। সরকারের ভুল মুদ্রানীতি, শুল্কনীতি, আমদানী সিদ্ধান্তে অপরিনামদর্শিতা দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ। দ্রব্যমূল্যের এই লাগামহীন বৃদ্ধি দেশে একধরণের দুর্ভিক্ষ জন্ম দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ ক্ষুধা পেটে ঘুমাতে যাচ্ছে। খাবারের জন্য খাদ্য ট্রাকের পেছনে মানুষ দৌড়াচ্ছে। এই পরিস্থিতি সম্পূর্ণ অর্থেই কৃত্রিম এবং তা বর্তমান সরকারের ব্যর্থতা ও সরকার দলীয় লোকদের নির্লজ্জ লোভের ফসল। অবিলম্বে দেশের খাদ্য উৎপাদন, সরবরাহ, বিতরণ ও সংরক্ষনসহ প্রতিটি স্তরে মধ্যস্বত্বভোগীদের উৎপাত কঠোর হাতে দমন করতে হবে। টিসিবিকে শক্তিশালী করে দেশব্যাপী রাষ্ট্রীয় খাদ্য সরবরাহ প্রনালী গড়ে তুলতে হবে। সিন্ডিকেটবাজী বন্ধ করতে আইন-শৃংখলা বাহিনীকে কঠোর হতে হবে। রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে ব্যবসায়ীদের দৌরত্ব কমাতে হবে। যেকোন মূল্যে খাদ্যদ্রব্যের দাম সহনীয় করতে হবে। সরকার যদি এই ক্ষেত্রে ব্যর্থ হয় তাহলে তাদেরকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহবান জানাচ্ছি।
মাদক প্রসঙ্গে তিনি কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা-বেদী ও ভাগ্যনির্ধারক তীরসমূহ নাপাক শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা পরিহার কর, যাতে তোমরা সফলকাম হও। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহর অভিশাপ মদের ওপর, তা পানকারীর ওপর, যে পান করায় তার ওপর, যে বিক্রি করে তার ওপর, যে তা নিষ্কাশন করে এবং যার আদেশে নিষ্কাশন করে তার ওপর আর যে ব্যক্তি তা বহন করে এবং যার কাছে পৌঁছে দেয়, সবার ওপর। ’ (সুনানে আবি দাউদ) “অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২” নামক মদ সহায়ক একটি বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। সরকার দেশে মদ ও অ্যালকোহল আমদানি, রপ্তানি, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ, বিপণন ও ক্রয় বিক্রয় এবং সংরক্ষণের দুয়ার উন্মুক্ত করতে চাইছে। মদকে একটি সাধারণ ও সহজলভ্য পানীয় বানিয়ে ফেলা হয়েছে। যার মাধ্যমে গোটা দেশের তরুণ প্রজন্মকে ধ্বংশের দিকে ঠেলে দেয়া হয়েছে।
জাতীয় শিক্ষানীতিন প্রসঙ্গে পীর সাহেব বলেন, জাতীয় শিক্ষানীতিতে এইচএসসি পরীক্ষার আবশ্যিক বিষয়াবলী থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেয়া হয়েছে। মানবিক বিভাগ ছাড়া বিজ্ঞান, বাণিজ্য ও অন্যান্য বিভাগে ইসলাম শিক্ষাকে ঐচ্ছিক বিষয়েও রাখা হয় নাই। ফলে শিক্ষার্থীরা ইসলাম শিক্ষার আগ্রহ হারাচ্ছে। মাধ্যমিক স্তরে যতটুকু ইসলাম শিক্ষা রাখা হয়েছে তাতেও ইসলামকে খন্ডিত আকারে উপস্থাপন করা হয়েছে। আর উচ্চশিক্ষায় ইসলাম শিক্ষা সম্পূর্ণই বাদ দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের মেধাবীরা দেশের জন্য সম্পদে পরিণত না হয়ে দেশের জন্য বিপদের কারণ হয়ে উঠছে। বুয়েটে পড়েও কিছু ছেলে খুনিতে পরিণত হয়েছে। সর্বোচ্চ মেধার স্বাক্ষর রাখা মেধাবীরাই প্রশাসনে গিয়ে দুর্নীতি করে দেশের উন্নয়ন ও বিকাশকে বাধাগ্রস্থ করছে। তিনি শিক্ষার সকল স্তরেই ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবি জানান।
স্বাস্থ্য সেবা প্রসঙ্গে পীর সাহেব চরমোনাই বলেন, চিকিৎসা সেবার করুণ দশা গত করোনা মহামারী দেখিয়ে দিয়েছে। সার্বিক পরিস্থিতিতে স্বাধীনতার ৫০ বছর পরেও দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। নিরীহ উলামায়ে কেরামসহ হাজার হাজার নাগরিককে কেবলমাত্র রাজনৈতিক মতপার্থক্যের কারণে বিনাবিচারে কারান্তরীণ করে রাখা হয়েছে। তিনি উলামায়ে কেরামসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবি করেন।
পীর সাহেব চরমোনাই বলেন, করনীতি ও কর ব্যবস্থার উন্নতি করতে হবে, সম্পদের পুঞ্জিভবন রোধ করতে হবে। জাকাতকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অধীনে আনতে হবে। কালোটাকার জন্ম ও ব্যবহার বন্ধ করতে হবে। সম্পদের পুন:বিনিয়োগ নিশ্চিত করতে হবে। সামগ্রিকভাবে ইসলামী অর্থনীতির প্রবর্তন করতে হবে। দেশের রাজনীতি সঠিক ধারায় ফিরিয়ে আনার জন্যে রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার। শুধু একটি ভাল নির্বাচন হলেই দেশ ঠিক হয়ে যাবে না। অতীতে এমন বহু নির্বাচন হয়েছে, কিন্তু কোন পরিবর্তন হয়নি। বাংলাদেশের মানুষ নির্বাচিত এবং অনির্বাচিত দুই ধরনের স্বৈরাচারই দেখেছে। ঘুরে ফিরে সেসব স্বৈরাচারী শক্তিকে আবার ক্ষমতায় বসালে দেশে অশান্তি আরো বাড়বে। জনগণ তাদের অধিকার ফিরে পাবে না। জনগণের অধিকার ফিরে পেতে হলে, দেশকে ভালো করতে হলে, দুর্নীতি, দুঃশাসনমুক্ত কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে হলে, ভালো নেতার অধীনে ভালো নীতির বাস্তবায়ন ঘটাতে হবে। কিন্তু বিগত দিনে দেশ শাসনের ভালো নীতি ও পদ্ধতি গ্রহণ করা হয়নি। ভালো নেতা নির্বাচনের পরিবেশ তৈরী করা হয়নি। ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থে বারবার সংবিধানে পরিবর্তন ঘটিয়েছে। নিজেদের বানানো সংবিধানের দোহাই দিয়ে বারবার কৃত্রিমভাবে জাতীয় সংকট সৃষ্টি করেছে। অনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার জন্যে সংবিধানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।
তিনি বলেন, দেশের মানুষ আজ আতঙ্কিত। দেশের ভবিষ্যৎ নিয়ে আমরাও আজ চিন্তিত। দেশময় সংঘাত আর সহিংসতার অশনি সংকেত পাওয়া যাচ্ছে। ক্ষমতাসীন আওয়ামীলীগ নবম জাতীয় সংসদে একতরফাভাবে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ করার পর থেকেই রাজনৈতিক সংকটে নতুন মাত্রা যোগ হয়েছে। আমরা বারবার রাজনৈতিক সংকট উত্তরণে দাবী জানিয়ে আসছি। দেশের প্রায় সব রাজনৈতিকদল এবং নাগরিকসমাজের প্রতিনিধিগণ সংকট সমাধানের উদ্যোগ গ্রহণের কথা বলে আসলেও, কার্যকর কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। আওয়ামীলীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকেই ধ্বংস করে ফেলেছে। বিগত ১৩ বছরে দেশে কোন সুষ্ঠু নির্বাচন হয়নি। স্থানীয় সরকারের নির্বাচনগুলোতেও জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। ক্ষমতাসীনরা তাদের দলীয় লোকদেরকে নির্বাচিত করার জন্যে এহেন কাজ নেই যা করেনি। নির্লজ্জভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। নির্বাচন কমিশন এবং প্রশাসন কেউই নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। ফলে নির্বাচনকে মানুষ এখন প্রহসন এবং তামাশা মনে করে। আগামীতে মানুষ আর তামাশা ও প্রহসনের নির্বাচন দেখতে চায় না।
তিনি বলেন, বর্তমান বিতর্কিত সরকারের ক্ষমতার মেয়াদ প্রায় শেষ প্রান্তে। নিয়মতান্ত্রিকভাবে সরকারের পরিবর্তন হতে হলে, একটি সুষ্ঠু নির্বাচন লাগবে। আমরা চাই একটি সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতার পালা বদল হোক। কিন্তু আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে, তা এখনো পরিস্কার নয়।
তিনি বলেন, ক্ষমতাসীনরা এবারও জাতীয় সংসদ বহাল রেখে নির্বাচন করতে চায়। আমাদের অভিজ্ঞতা হলো, জাতীয় সংসদ বহাল রেখে নির্বাচন হলে, সেই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। বরং আবারও ২০১৪ ও ১৮ এর নির্বাচনের মতো নির্বাচনের নামে প্রহসন হবে। রাতের ভোটে নির্বাচিত বর্তমান সংসদের কোন নৈতিক বৈধতা নেই। এই অবৈধ সংসদ বহাল রেখে কোন নির্বাচন দেশবাসী মেনে নেবে না। এতএব আমরা বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে একটি দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে সকলের অংশগ্রহনে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চাই।
আমরা আমাদের এই প্রিয় দেশকে ভালোবাসি। দেশকে ভালোবাসা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। যারা দেশকে ভালোবাসে- তারা দুর্নীতি করতে পারে না, দেশের সম্পদ লুটপাট করতে পারে না। দেশের মানুষকে কষ্ট দিতে পারে না। দেশের মানুষকে অসম্মান করতে পারে না। দেশের মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না। া বিদেশী শক্তির তাবেদারী করতে পারে না। আর যারা দেশপ্রেমের কথা বলে ক্ষমতায় গিয়ে এসব অপকর্ম করে, তারা দেশপ্রেমিক নয়; ক্ষমতা প্রেমিক। ক্ষমতা প্রেমিকরাই বিগত দিনে দেশ শাসন করেছে। এই ক্ষমতা প্রেমিকরা দেশের দুশমন, জনগণের দুশমন। আগামী নির্বাচনে ক্ষমতা প্রেমিকদের বিরুদ্ধে দেশপ্রেমিকদের ঐক্য গড়ে তুলতে হবে। দেশের দুশমনদের এবং জনগণের দুশমনদের পরাজিত করতে না পারলে, দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা হবে না।
পীর সাহেব চরমোনাই বলেন, আমরা দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আমরা জনমনে উদ্বেগ-উৎকন্ঠা দূর করতে চাই। মানুষকে স্বস্তি ও নিরাপত্তা দিতে চাই। ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। মানুষের মানবীয় ও মৌলিক অধিকার ফিরিয়ে দিতে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। প্রতিহিংসা জিঘাংসা আর ধ্বংশের রাজনীতির চির অবসান চাই। দেশের সকল নাগরিকের শান্তিপূর্ণ ভ্রাতৃপ্রতিম সহাবস্থান চাই। দেশকে ঐক্যবদ্ধভাবে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চাই। আর এ জন্যে আমরা কালজয়ী আদর্শ ইসলামের আলোকে বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করতে চাই।
বাংলাদেশের শোষিত বঞ্চিত মানুষ আজ বুঝতে পারছে, ইসলাম ছাড়া তাদের মুক্তির কোন পথ নেই। এদেশের মানুষ সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম চায় বলেই ইসলামী আন্দোলনের পক্ষে আজ দেশে গণ-জাগরণ সৃষ্টি হয়েছে। আজকের এই জনসমুদ্রই প্রমান করে, আগামী দিনে ইসলামকে আর এদেশে দাবিয়ে রাখা যাবে না। ইসলামের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র-চক্রান্ত আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো, ইনশাআল্লাহ।
ইসলাম নিয়ে সমাজের মানুষের মধ্যে এখনো কিছু ভুল ধারণা আছে। অনেকের ধারণা, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হলে, রাষ্ট্রের সবকিছু ওলট-পালট হয়ে যাবে। অন্য ধর্মের মানুষ তাদের অধিকার হারাবে। নারীরা গৃহবন্দি হবে। মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে যাবে। যারা ইসলাম প্রসঙ্গে এসব ভূল ধারণা নিয়ে আতঙ্কিত, তাদেরকে আশ্বস্ত করে আমি বলতে চাই, রাষ্ট্রে ইসলাম বিজয়ী হলে, মানুষের প্রয়োজনে রাষ্ট্রে যে সব প্রতিষ্ঠান গড়ে উঠেছে- সব বহাল থাকবে। রাষ্ট্রের যে যেই অবস্থানে কর্মরত আছে, সে সেখানেই থাকবে; কারো উপর কোন অন্যায় করা হবে না। তাবে কেউ দুর্নীতি করতে পারবে না, কেউ রাষ্ট্রেীয় সম্পদ অপচয় করতে পারবে না। কেউ জনগণকে হয়রানী করতে পারবে না। ইসলামী রাষ্ট্রে অন্য ধর্মের লোকজন আরো বেশী সুবিধা ভোগ করবে। তাদের ধর্মকর্মের পূর্ণ স্বাধীনতা থাকবে। তাদের জান-মাল এবং ইজ্জতের নিরাপত্তার নিশ্চয়তা বিধান করা হবে। তারা রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করবেন।
রাষ্ট্রে ইসলাম বিজয়ী হলে, নারীরা সবচেয়ে বেশী সম্মানিত হবেন। সকল নাগরিক সুযোগ সুবিধায় নারীদেরকে অগ্রাধীকার দেওয়া হবে। নারীদের শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ আরো বিস্তৃত এবং আরো নিরাপদ করা হবে। এক কথায় রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হলে, মানুষের জন্যে এবং রাষ্ট্রের জন্যে যা কল্যাণ তার কিছুই পরিবর্তন করা হবে না। মানুষের জন্যে যা অকল্যাণ এবং দেশের জন্যে যা ক্ষতিকর তা-ই শুধু পরিবর্তন করা হবে।
ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা, যেখানে মানুষের জন্যে শুধু কল্যাণই রয়েছে। আমরা এই কল্যাণ প্রতিষ্ঠার রাজনীতি করি। আসুন আমরা কল্যাণ প্রতিষ্ঠার জন্যে সবাই ঐক্যবদ্ধ হই।
ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নিয়মতান্ত্রিক গণমূখী রাজনৈতিক দল। যে কোন অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্যে ইসলামী আন্দোলন প্রস্তুত। আপনাদেরকে এখন থেকেই শান্তির প্রতিক হাতপাখা নিয়ে জনগণের দ্বারে দ্বারে পৌঁছে যেতে হবে। প্রত্যেকটা ভোটারের কাছে ইসলামের দাওয়াত, ইসলামী আন্দোলনের দাওয়াত, হাতপাখার দাওয়াত পৌঁছে দিতে হবে।
অতীতে যারা দেশ শাসন করেছে, জনগণের কাছে তাদের নতুন কিছু বলার নেই। মানুষ তাদের কর্মকান্ড দেখেছে। তাদের প্রতি জনগণের কোন আস্থা নেই। অতএব জনগণের আস্থা অর্জনে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদেরকে জনগণের হৃদয় জয় করতে হবে। মানুষের সেবা করতে হবে। দেশের কল্যাণে ঝাপিয়ে পড়তে হবে। দেশবাসীর প্রতি আমার আহ্বান, আপনারা অন্যায়-অবিচার আর জুলুমকারীদেরকে বর্জন করুন। দুর্নীতিবাজদেরকে চিরতরে প্রত্যাখ্যান করুন। ন্যায়ের পক্ষে এবং কল্যাণের পক্ষে অবস্থান নিন। শান্তি প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনকে শক্তিশালী করুণ।
দেশে সকল স্তরের ওলামা মাশায়েখ, অপরাপর ভাতৃপ্রতিম ইসলামী সংগঠন এবং সকল মতের ইসলামপন্থীদের প্রতি আমার বিশেষ আহ্বান; আসুন আমরা এদিক সেদিক ছুটাছুটি না করে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেয়ার জন্যে একটি কার্যকর ও টেকসই ঐক্য গড়ে তুলি। আমরা যদি কার্যকর এবং ফলপ্রসূ ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে ঐক্যবদ্ধ ইসলামী শক্তিই হবে এদেশের প্রধান রাজনৈতিক শক্তি। আর আমরা যদি মানুষের কল্যাণে সঠিকভাবে কাজ করি; তাহলে আল্লাহ তায়ালা পবিত্র কালামে পাকে ওয়াদা করেছেন, আমাদেরকে খেলাফতের দায়িত্ব প্রদান করবেন।
আর আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, জনগণের সমর্থন নিয়ে যদি আমরা ক্ষমতায় যেতে পারি, তাহলে দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবো। সকল নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষা করবো। দুর্নীতি উৎখাত করবো। প্রতিহিংসা ও জিঘাংসার পরিবর্তে সমঝোতা ও সহনশীলতার রাজনীতির বিকাশ ঘটাবো। প্রতিবেশী রাষ্ট্রসহ বিশ্বসম্প্রদায়ের সাথে সু-সম্পর্ক বজায় রাখবো। সুদ-ঘুষ এবং অপচয় বন্ধ করবো। মাদক, চাঁদাবাজী উৎক্ষাত করবো। নারী নির্যাতন ও মানব পাচার প্রতিরোধ করবো। দ্রব্যমূল্যকে মানুষের সামর্থের মধ্যে রাখবো, সিন্ডিকেটবাজী বন্ধ করবো। সন্ত্রাস নির্মূল করবো। দলীয়করণ বন্ধ করবো। শিষ্টের লালন এবং দুষ্টের দমন নীতি গ্রহণ করবো। সুসম অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে ধনী-দরিদ্রের ব্যবধান কমাবো। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করবো। বেকারত্ব দূর করবো এবং কৃষক শ্রমিকসহ সকল শ্রমজীবী ও পেশাজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবো।
নারী সামাজের প্রকৃত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করবো, সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার সুরক্ষা করবো। স্বাধীন বিচার ব্যবস্থা কায়েম করবো এবং গণ-মাধ্যমের স্বাধীনতা প্রদান করবো। বাংলাদেশকে উন্নতি, অগ্রগতি এবং সমৃদ্ধির মাধ্যমে বিশ্বে একটি উন্নত ও মডেল কল্যাণ রাষ্ট্রে পরিণত করবো, ইনশাআল্লাহ।
মহাসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনই বলেন, দশ টাকায় চাল খাওয়ানোর কথা বলে ক্ষমতায় এসে আজ দুর্ভিক্ষ তৈরি করা হয়েছে। দুর্নীতির ক্ষেত্রে সকল সীমা ছাড়িয়েছে যা রাষ্ট্রপতি, পরিকল্পনামন্ত্রীদের কথাতেই প্রমাণিত। তিনি বলেন, বাংলাদেশের মানুষের যতটুকু উন্নতি তার পুরোটাই মানুষের শ্রমের ফসল, সরকারের কোন নীতির কারণে নয়।
মুফতী ফয়জুল করীম বলেন, আমাদের প্রবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে টাকা উপার্জন করে দেশে পাঠায় আর সরকারদলীয়রা দেশের টাকা বিদেশে পাঠায়। তিনি বলেন, পাকিস্তান সরকার উন্নয়ন করা সত্যেও ভোটের মর্যাদা রক্ষা করতে না পারার কারণে বাংলার মানুষ যার কাছে যা আছে তা নিয়ে পাকিদের উৎখাত করেছিলো। আপনারাও যদি ভোটের অধিকার বারংবার কেড়ে নিতে চান তাহলে বাংলার মানুষ আপনাদেরও উৎখাত করে ছাড়বে। আমরা কোন হামলা, মামলা বা বুলেটের ভয় করি না। বাংলার মানুষ আইয়ুব খানের বুলেটের ভয় পায় নাই, আপনাদের এসব জুলুম নির্যাতনকেও ভয় পায় না। তিনি বলেন, দেশে কোথাও মদের দোকান খোলা হলে বাংলাদেশের জনতা মেনে নেবে না। তিনি বলেন, মদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর কঠোর অবস্থান ছিলো। তাঁর কণ্যার সময় মদের আইন পাশ হতে পারে না। তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃ মদের সাথে সম্পৃক্ত সকল কিছুর ওপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপে সংবাদ দিয়েছেন। এদেশের মুসলমানরা আল্লাহর অভিশাপ নিয়ে আসে এমন কোন বিধান এদেশে সহ্য করবে না।
তিনি কারাবন্দী সকল আলেমের মুক্তি চান। তিনি বলেন, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে বাংলার জনতা আঙ্গুল বাঁকা করতে জানে।
সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমেদ বলেন, সমাবেশ করা, সরকারের সমালোচনা করা নাগরিকদের মৌলিক অধিকার। কিন্তু সরকার এই মহাসমাবেশ নিয়ে যা করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, মদের লাইসেন্স দেয়া বিধিমালা বাতিল করুন, নৈশভোটের প্রবনতা বন্ধ করুন। এটা আর বরদাস্ত করা হবে না।
যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সমাবেশ করা, সরকারের সমালোচনা করা নাগরিকদের মৌলিক অধিকার। কিন্তু সরকার এই মহাসমাবেশ নিয়ে যা করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, মদের লাইসেন্স দেয়া বিধিমালা বাতিল করুন, নৈশভোটের প্রবনতা বন্ধ করুন। এটা আর বরদাস্ত করা হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সার্বজনীন কল্যাণকামী রাজনৈতিক সংগঠন। আমরা দেশের দল-মত-ধর্ম নির্বিশেষে সকলের স্বার্থ ও কল্যাণ নিশ্চিত করতে ইতবাচক রাজনীতি করি। প্রচলিত রাজনীতির ধ্বংসাত্মক চরিত্রের বদলে আমরা সকলের প্রতি শুভ ও কল্যাণকর মনোভাব ধারন করি। আমরা কাউকে শক্র মনে করি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক নাগরিকের আর্থ-সামাজিক উন্নয়ন হবে; ইনশাআল্লাহ।











































