স্টাফ রিপোর্টার ।।
গ্রীষ্মের শুরুতেই খুলনা জুড়ে বিশুদ্ধ পানির জন্য হাহাকার শুরু হয়েছে। ইতোমধ্যে শুকিয়ে গেছে নগরীসহ জেলার অধিকাংশ উপজেলার পুকুর, জলাশয় ও খালগুলো। দীর্ঘক্ষণ নলকূপ চেপে শরীরের ঘাম ঝরলেও উঠছে না পানি।
ওয়াসার পানি কিছুটা গৃহস্থলির কাজে ব্যবহার করা সম্ভব হলেও খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে জেলা সদর সহ খুলনার প্রায় প্রতিটি উপজেলার গ্রামগুলোতে। যদিও খুলনার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় ব্যক্তি উদ্যোগে এলাকাবাসীদের জন্য খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। তবে ওই সকল এলাকায় দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে স্থানীয়দের।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুলতলা উপজেলায় সংকট তীব্র নাহলেও খুলনার বাকি ৮টি উপজেলার সবগুলোতেই বর্তমানে পানির সংকট দেখা দিয়েছে। এছাড়া খুলনা ওয়াসার পানি শুধু নগরীর মধ্যে সরবরাহ করা হয়। ওয়াসার ৪০টি উত্তোলক পাম্পের মাধ্যমে এ পানি সরবরাহ করা হয়।
বিশেষকরে পাইকগাছা, কয়রা, দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার পানি লবণাক্ত। এই ৪ উপজেলার মানুষ পুকুর এবং বৃষ্টির পানির ওপর নির্ভরশীল।
সরেজমিনে মহানগরীর লবণচরা এলাকার বাসিন্দা সেলিম গাজী বলেন, আমাদের এলাকায় খুলনা ওয়াসার একটা রিজার্ভ ট্যাংক স্থাপন করা হয়েছে। কিন্তু সেখান থেকে দিনের মধ্যে দুই থেকে তিন ঘণ্টা পানি সরবরাহ করা হলেও সেটা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। আর পাশে রূপসা নদী থাকলেও এলাকার নলকূপগুলোতে এরই মধ্যে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। তাই বেশ ভোগান্তিতে রয়েছেন স্থানীয় সর্বসাধারণ।
নগরীর টুটপাড়া ঘোষের ভিটা এলাকার একাধিক বাসিন্দারা জানান, টিউবওয়েল তাদের একমাত্র খাবার পানির উৎস। তবে বর্তমানে টিউবওয়েল চাপলে পানি উঠছে না। সেকারণে তাদের মতো অন্যের বাড়িতে ভাড়া থাকা বাসিন্দাদের খাবার পানির সমস্যা প্রকট আকার ধারণ করেছে।
স্থানীয় মিজানুর রশিদ বলেন, ওয়াসার পানি কেউ খেতে চান না। তাই এলাকার একমাত্র সচল নলকূপটি ভালো রাখার চেষ্টা চলছে। তবে এই নলকূপ থেকে ভোর আর গভীর রাত ছাড়া এখন পানি পাওয়া যাচ্ছে না।
তবে বিশুদ্ধ পানির সংকট আরও তীব্র আকার ধারণ করেছে খুলনার সুন্দরবন উপকূলীয় লবন পানি অধ্যুষিত অঞ্চল কয়রা, দাকোপ ও পাইকগাছা উপজেলার গ্রামগুলোতে। পাইকগাছা পৌর সদরের আংশিক এলাকায় পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা সম্ভব হলেও কয়রা উপজেলায় সেই সুযোগ খুব কম। এ উপজেলায় পানির সংকট সবচেয়ে বেশি বলে জানান স্থানীয়রা।
এব্যাপারে পাইকগাছা পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, পৌর সদরের সর্বত্র পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের চেষ্টা চলছে। এরই মধ্যে পৌর সদরের বেশিরভাগ এলাকায় পানি সরবারাহের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে পুরো এলাকা পাইপলাইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।’
সরেজমিনে কয়রা উপজেলার উত্তরবেদকাশী এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বর্ষা মৌসুম শেষ হলেই তাদের এলাকায় শুরু হয় বিশুদ্ধ পানির জন্য দৌড়ঝাঁপ। বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর পাড়ে বালির ফিল্টার এসব কোনো কাজে আসে না। ৮ থেকে ১০ কিলোমিটার দূর থেকে পানি আনা- নেওয়া স্থানীয়দের নিত্য কাজে পরিণত হয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সুমন রায় বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। তাই উপকূলীয় অঞ্চলে পানির চাহিদা মেটাতে জনস্বাস্থ্য প্রকৌশলী ও বিভিন্ন এনজিও কাজ করছে। গ্রীষ্মকালে পুকুর খনন ও রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পের মাধ্যমে বৃষ্টির পানি সংগ্রহ করে এলাকার মানুষের পানির চাহিদা মেটানো হচ্ছে। আশা করি খুব দ্রুত শতভাগ পানির চাহিদা মেটানো সম্ভব হবে।
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বাবু জানান, তার নির্বাচনী এলাকা কয়রা-পাইকগাছা দু’টিই উপকূলীয় উপজেলা। দু’ উপজেলায়ই বর্ষার মৌসুম শেষ হতে না হতেই বিশুদ্ধ পানির তীব্র সংকট শুরু হয়ে যায়। এ থেকে পরিত্রাণ পেতে সরকারিভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। আশা করি খুব দ্রুত এলাকাবাসীর পানির চাহিদা পূরণের জন্য প্রকল্প হাতে নেওয়া হবে বলেও জানান তিনি।
খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, খুলনায় গ্রীষ্ম মৌসুম শুরু হতে না হতেই ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে পানির স্তর আরও কমছে। তবে মেগা প্রকল্পের মাধ্যমে দিনে দুইবার পানি সরবরাহ করা হয়। এছাড়া ৫৫টি উত্তোলক পাম্প প্রায় সারাদিনই চালু থাকায় এখনই পানির খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়।
এ ব্যাপারে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ জানান, জলবায়ু পরিবর্তনজনিত কারনে পানির স্তর নিচে নেমে যাওয়ার সমাধান এখনই দেওয়া সম্ভব নয়। তবুও অধিক সময় পাম্প চালিয়ে কিছুটা অতিরিক্ত পানি দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।











































