খুলনাঞ্চল রিপোর্ট।।
সিরামিক ও কাচের জিনিসি ভর্তি বস্তা বাসের লকারে রাখতে না চাওয়ায় চালকের সহযোগীর সঙ্গে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের প্রতিবাদে মাইকে ঘোষণা দিয়ে রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাস্তা অবরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে বাজারে অবস্থান নেয় স্থানীয়রা। পরে রাত ১২টা থেকে ২টা পর্যন্ত স্থানীয় প্রতিনিধি ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা আলোচনা করে পরিবেশ শান্ত করেন।
এ ঘটনার তদন্ত ও সমাধানের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছেন উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম। কমিটির আহ্বায়ক কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া। কমিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট অধ্যাপক মাহবুবুল আরফিন, প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক সেলীনা নাসরিনকে সদস্য ও পরিবহন প্রশাসক অধ্যাপক আনোয়ার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। শনিবার বেলা ১২টায় শেখপাড়া দোকান মালিক সমিতির প্রতিনিধি, ইবি ও শৈলকূপা থানার কর্মকর্তাদের সঙ্গে কমিটির সদস্যরা আলোচনায় বসবেন বলে জানিয়েছেন প্রক্টর।
ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের হুসাইন বলেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের তোহা, ফোকলোর স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের তানভির আহমেদ ও আইন বিভাগের তৃতীয় বর্ষের রেজওয়ান সিদ্দিক কাব্যসহ আমরা ঝিনাইদহ থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে গাড়াই বাসে উঠি। তখন সামনের সিটে বসে থাকা এক নারী যাত্রী সিরামিক ও কাচের কিছু জিনিস ভর্তি একটি বস্তা আমাদের ধরতে বলেন। হেলপার এসে সেগুলো লকারে দিতে বলেন। কিন্তু ভেঙে যাওয়ার ভয়ে ওই নারী লকারে দিতে চাননি। এতে তার সঙ্গে খারাপ ব্যবহার করেন হেলপার। এসময় কাব্যের সঙ্গে হেলপারের তর্কাতর্কি হয়। পরে গাড়াগঞ্জ বাজারে এসে বাসটি পরিবর্তন করে অন্য একটি বাসে যাত্রীদের তুলে দেয়। সেই বাসটিও অযথা শেখপাড়া বাজারের আগে থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয়। জিজ্ঞেস করলে তারা বলে মালিক যেতে নিষেধ করেছেন। আমরা ক্যাম্পাস গেটে নামিয়ে দিতে বলি। এসময় আচমকা স্থানীয় কিছু ব্যক্তি এসে আমাদের চার্জ করতে শুরু করে। কথাকাটাকাটির এক পর্যায়ে আমাদের কিছু বন্ধু ঘটনা স্থলে এলে স্থানীয়রা আমাদের ওপর আক্রমণ করে।
এ বিষয়ে মারধরের শিকার গড়াই পরিবহন যশোর-ব ১১০০৮৪ এর চালক বলেন, আমরা খবর পেয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে দুই এক হাজার ছেলে দাঁড়িয়ে আছে। শেখপাড়া বাজারের তেল পাম্পের পাশে গাড়ি দাঁড় করাই। ছাত্ররা মেইন গেটে যেতে বললে ভয় পেয়ে যাইনি। পরে দেখি ছাত্ররা বাসের দিকে দৌড়ে আসছে। তারা আমাকে বাস থেকে টেনেহিঁচড়ে বের করেছে। গণপিটুনি দিয়েছে। মারধর দেখে দোকানদাররা ছুঁটে আসেন। কথা বলার সঙ্গে ছাত্ররা তাদেরও হুমকি দেয়।
আহত স্থানীয় ব্যবসায়ী সুরুজ খাঁন বলেন, আমরা ঠেকাতে গেলে আমাদেরও মারধর করে। দোকান ভাঙচুর করেছে। ইদানিং ছাত্ররা খুব বেপরোয়া হয়ে গেছে। ছাত্রীরা রাত ১০টা পর্যন্ত বাজারে ঘুরে। আশপাশের এলাকাগুলোতে ছাত্ররা মাদক গ্রহণ করে। এসব কারণে এলাকার ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
উভয়পক্ষের মারধরের ঘটনায় শেখপাড়া ও ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মারামারিতে স্থানীয় ব্যবসায়ী সিদ্দিক জোয়ার্দার, সুরুজ খাঁন, সরোয়ার, আদম জোয়াদ্দার, শিক্ষার্থী তানভির, কাব্যরাসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, কোনো ঘটনা ঘটলে আমরা যারা দূরে থাকি, তারা ভাবি সহকারী প্রক্টররাই ম্যানেজ করতে পারবেন। ওইরাতে পুলিশের পরামর্শ অনুযায়ী আমরা ঘটনাস্থলে যাই। শুক্রবার ভিসি স্যার কমিটি করে দিয়েছেন। সবাই বসে আলোচনা করে সমাধান করতে হবে। এখন পর্যন্ত কোনো মামলা বা অভিযোগপত্র থানায় দেওয়া হয়নি। বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত হওয়ার তথ্যও পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।











































