Home আঞ্চলিক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

14

খবর বিজ্ঞপ্তি।।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি খুলনায় সফরকালে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। আজ ২৩ মার্চ (বুধবার) দুপুর ১টা ৩০ মিনিটে সৌজন্য সাক্ষাতকালে শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপাচার্য।

এসময় উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমসহ বেশ কিছু বিষয় তাঁকে অবহিত করেন এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ত্বরান্বিত করতে গৃহীত পদক্ষেপ ও পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষামন্ত্রীর সহযোগিতা কামনা করেন। শিক্ষামন্ত্রী খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ এবং গবেষণা কার্যক্রম জোরদারের জন্য উপাচার্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারের কয়েকটি পদক্ষেপ ও পরিকল্পনার কথাও ব্যক্ত করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বিকাশে তাঁর মন্ত্রণালয় তথা সরকারের পক্ষ থেকে সম্ভব সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান ও উপাচার্যের সচিব সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন।

নবীন শিক্ষার্থীরাই উন্নত রাষ্ট্র গঠনের মূল নিয়ামক শক্তি : উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ৫ দিনব্যাপী একাডেমিক কাউন্সিলিং এন্ড মোটিভেশন শীর্ষক কর্মশালার চতুর্থ দিনের উদ্বোধনী অনুষ্ঠান আজ ২৩ মার্চ (বুধবার) সকাল ১০টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

তিনি বলেন, শিক্ষা ব্যক্তিজীবনকে নিয়ন্ত্রণ করে। সমস্যা সমাধানের পথ নির্দেশনা দেয়। তাই অর্জিত শিক্ষা নিজের জীবনে প্রতিফলিত করতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষা ও গবেষণার অবারিত সম্ভাবনার স্থল। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের এবং নিজেদের আবিষ্কারের স্থানই হচ্ছে বিশ্ববিদ্যালয় জীবন। তিনি আরও বলেন, বাংলাদেশ সৃষ্টির আগ থেকে এ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই শিক্ষার্থীদের মধ্যে রয়েছে অফুরন্ত সম্ভাবনা ও শক্তি। আজকের এই নবীন শিক্ষার্থীরাই ২০৪১ সালে উন্নত রাষ্ট্র গঠনের মূল নিয়ামক শক্তি বলেও তিনি উল্লেখ করেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় জীবন থেকে নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। জীবনের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, শুধুমাত্র চাকরি পাওয়া শিক্ষার মুখ্য উদ্দেশ্য নয়; সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করাই শিক্ষার মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘কী টু সাকসেস ইন হায়ার এডুকেশন’ শীর্ষক একটি সেশন উপস্থাপন করেন। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর প্রফেসর ড. এ আর এম মোস্তাফিজার রহমান ও ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার।

কর্মশালার চতুর্থ দিনে কলা ও মানবিক স্কুল এবং ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসক স্কুলের আওতাধীন ৫টি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় ‘কী টু সাকসেস ইন হায়ার এডুকেশন’, ‘টিচিং লার্নিং অ্যাপ্রোচেস ইন হায়ার এডুকেশন’, ‘এডুকেশন সিস্টেম, রুলস এন্ড রেগুলেশন্স’, ‘এক্সেস টু রিসোর্স, ইনফরমেশন এন্ড টেকনোলজি ইন কেইউ’ এবং ‘স্টুডেন্ট অ্যাফেয়ার্স ইন কেইউ’ শীর্ষক পাঁচটি সেশন অনুষ্ঠিত হয়।

ই-নথির মাধ্যমে কাজে গতিসঞ্চার ও স্বচ্ছতা নিশ্চিত সম্ভব : উপাচার্য

আজ ২৩ মার্চ (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ল্যাবে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে কর্মকর্তাদের ই-নথি শীর্ষক প্রশিক্ষণ (দ্বিতীয় ধাপ) শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, ই-নথির মাধ্যমে কাজের গতিসঞ্চার ও স্বচ্ছতা নিশ্চিত সম্ভব হবে। দেশের অগ্রগতি ত্বরান্বিত করতে বড় ধরনের ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ের মধ্যে ই-নথি চালু করা হবে। এ লক্ষ্যে প্রস্তুতি হিসেবে সকলকে প্রশিক্ষণের আওতায় আনা হবে।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে ই-নথি বিষয়ে ব্রিফ করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আইএমসিটির উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির উল্লাহ ও প্রোগ্রামার/সিস্টেম ইঞ্জিনিয়ার দিজেন্দ্র চন্দ্র দাশ। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপ-রেজিস্ট্রার ও উপ-উপাচার্যের সচিব মো. হেমায়েত মিয়া, উপ-গ্রন্থাগারিক কাজী ফেরদৌস এবং সহকারী রেজিস্ট্রার অলোকা রানী দাস। দ্বিতীয় ধাপের প্রশিক্ষণে ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।