স্টাফ রিপোর্টার ।।
খুলনা মহানগরীতে একটি বাড়ীর জানালার গ্রিল কেটে লুটের ঘটনা ঘটেছে। সোমবার (২১ মার্চ) রাত ৯ টার দিকে নগরীর সদর থানাধীন ইকবাল নগর এলাকায় এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক নুরুল ইসলাম চৌধুরী বলেন, আমরা পরিবারের সকলে মিলে রাত ৮ টার দিকে এক নিকট আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম। ১০ টার দিকে বাড়িতে ফিরে এসে দেখি দরজা খোলা। পরে ঘরে গিয়ে দেখি মালামাল লুট হয়ে গেছে।
তিনি বলেন, আমার ঘর থেকে নগদ টাকা, স্বর্ণের গহনা, ল্যাপটব ও এলএইডি টেলিভিশনসহ দামী যে সব মালামাল ছিল তা সব নিয়ে গেছে।
তিনি আরও বলেন, চোরেরা প্রথমে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করেছিল। পরে মালামাল নিয়ে দরজা ভেঙ্গে চলে গেছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল- মামুন বলেন, ‘ঘটনাটি জানতে পেরে ওই বাড়ীতে পুলিশ পাঠানো হয়েছে।’











































