বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে জান্নাত জুয়েলার্স ও নাকফুল হাউসে এক দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা দোকানের পেছনের ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করে অলংকারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। বুধবার দিবাগত রাত তিন টার দিকে শহরের মধুগঞ্জ বাজারের ভূষণ হাই স্কুল রোডে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পরদিন সকালে ঝিনাইদহ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, কালীগঞ্জ থানার ওসি ও পি আই বি’র একটি টিম ও সিআইডির ফিঙ্গারপ্রিন্ট স্পেশালিস্ট টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতিষ্ঠানটির সত্বাধিকারী ফিরোজ আলী জানান, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে আসি। পরদিন সকালে দোকান খুলে দেখি উপরের ভেন্টিলেটর ভাঙ্গা। দোকানের মধ্যের শোকেসে যেখানে অলংকার গুলো ডিসপ্লেতে দেয়া হতো সেটিও ভাঙা। এবং সাজানো রুপার অলংকারগুলো ও কিছু মূল্যবান জিনিস নেই। এতেই অনুমান করা যাচ্ছে গভীর রাতে দোকানের ভেন্টিলেটর ভেঙ্গে চোরেরা এগুলো নিয়ে গেছে। তবে স্বর্ণালংকার রক্ষিত সিন্দুকটির তালা ভাঙতে ব্যর্থ হওয়ায় এগুলো নিতে পারেনি। মোট লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। বিষয়টি জানানো হলে সকালেই প্রশাসনের একাধিক টিম দোকান পরিদর্শন করেছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতলেবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ভাঙ্গা তালা, হ্যান্ডেল ও চুরির কাজে ব্যবহৃত মই জব্দ করেছে। ওই এলঅকার নৈশপ্রহরীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।











































