Home আঞ্চলিক মোরেলগঞ্জে শ্রেণিতে পাঠদান বন্ধ করে ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা

মোরেলগঞ্জে শ্রেণিতে পাঠদান বন্ধ করে ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা

10

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে শ্রেণিকক্ষে ইউনিয়ন চেয়ারম্যানকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১০টা থেকে ৩টা পর্যন্ত এ সংবর্ধনা অনুষ্ঠান চলে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ১২১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সংবর্ধনা গ্রহণ করেন সদর ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান মোল্লা হুমায়ুন কবির। এ সময় গোটা বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর পাঠদান পুরোপুরি বন্ধ রাখা হয়। এ ঘটনায় এলাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ঐ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা আক্তার চেয়ারম্যানের, বিদ্যালয়ের তরফ থেকে বিভিন্নজনকে অনুষ্ঠানে অংশগ্রহণের নিমন্ত্রণ জানিয়ে চিঠি দেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা হুমায়ুন কবিরের স্ত্রী। সেই ক্ষমতাবলে তিনি পাঠদান বন্ধ করে সংবর্ধনার আয়োজন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করে মোল্লা হুমায়ুন কবির। এ সংবর্ধনা অনুষ্ঠানে পার্শ্ববর্তী ২১৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক বিকাশ চন্দ্র ও ২৭৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীতি বালাসহ চেয়ারম্যানের অনুসারী লোকজন অংশগ্রহণ করেন।

বিদ্যালয় চলাকালীন পাঠদান বন্ধ করে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের বিষয় জানতে চাইলে নাজমা আক্তার বলেন, সংবর্ধনা নয়।

মা সমাবেশের আয়োজন করা হয়েছে। চেয়ারম্যানও একই সুরে বলেন, মা সমাবেশে সকলকে সচেতন করার জন্য আলোচনা করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্তকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বিদ্যালয়ে পাঠদান বন্ধ করে সংবর্ধনার বিষয়ে তাকে কেউ অবগত করেনি। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, পাঠদান বন্ধ করে শ্রেণিকক্ষে কাউকে সংবর্ধনা দেয়া সম্পূর্ণ বিধি বহির্ভূত কাজ। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।