ঢাকা অফিস।।
ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের ঝামেলা থামছেই না। যতই দিন যাচ্ছে ততই দলের অভ্যন্তরীণ ঝামেলা বৃদ্ধি পাচ্ছে। চলছে ভাঙা-গড়ার খেলা। এই দলে নেতাদের পাল্টাপাল্টি বহিষ্কারের ঘটনাও ঘটেছে।
এবার পাল্টাপাল্টি কাউন্সিলও অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণফোরামের একাংশ ১২ মার্চ জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে কাউন্সিল করার ঘোষণা দিয়েছে।
কাউন্সিল ঘোষণা পর থেকেই বিবৃতিতে এক অংশ আরেক অংশকে অবৈধ বলছে। একে অপরকে ঘায়েল করতে হুমকি-ধামকিও দিচ্ছেন।
কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের বিবৃতিতে বলা হয়েছে, গণফোরামের কাউন্সিল আগামী ১২ মার্চ জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। কাউন্সিলে সভাপতিত্ব করবেন কামাল হোসেন।
এদিকে অনুষ্ঠেয় এই কাউন্সিলকে অবৈধ বলছে মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম। দলটি বলছে, কামাল হোসেনের নাম ভাঙিয়ে গঠনতন্ত্র লঙ্ঘন করে তথাকথিত কাউন্সিল অনুষ্ঠানের ঘোষণা দিয়ে গণফোরামের কর্মী ও সমর্থকদের বিভ্রান্ত করার চেষ্টা চালানো হচ্ছে।
জানতে চাইলে গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, এই কাউন্সিল অবৈধ। ড. কামাল হোসেনের নাম ভাঙিয়ে তারা এটা করছেন। তিন মাস আগে কাউন্সিল হয়েছে, এর মধ্যে আরেকটা কাউন্সিল হয় কিভাবে?
অন্যদিকে মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের বিবৃতিতে বলা হয়েছে, ১২ মার্চের গণফোরামের নামে যে কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে তা অবৈধ। কারণ বছরব্যাপী প্রস্তুতির পর গত ৩ ডিসেম্বর ড. কামাল হোসেনের সম্মতিতে পার্টির গঠনতন্ত্রের ১০ ও ১১ অনুচ্ছেদের বিধান মতে গণফোরামের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সফলভাবে সম্পন্ন করা হয়েছে। ওই সময় লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন কাউন্সিলের সফলতা কামনা করেন। আজ অবধি বিভিন্ন জেলায় সাংগঠনিক সফরসহ ধারাবাহিকভাবে সকল রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রেখেছে।
ইতোমধ্যে জানতে পারলাম কয়েকজন ব্যক্তি সম্পূর্ণ মিথ্যার আশ্রয়ে কামাল হোসেনের নাম ভাঙিয়ে ১২ মার্চ গঠনতন্ত্র লঙ্ঘন করে তথাকথিত কাউন্সিল অনুষ্ঠানের ঘোষণা দিয়ে গণফোরামের কর্মী ও সমর্থকদের বিভ্রান্ত করার চেষ্টা ক্রমাগতভাবে চালিয়ে যাচ্ছে।
আমরা দৃঢ় ভাবে বলতে চাই ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল সম্পন্ন হওয়ার ৩ মাসের মাথায় যারা গণফোরামের নামে কাউন্সিল আহ্বান করেছেন তা সম্পূর্ণ অবৈধ ও গঠনতন্ত্রের পরিপন্থী। ১২ মার্চ গণফোরামের তথাকথিত কাউন্সিল বন্ধ রাখার আহ্বান জানায় গণফোরামের এই অংশটি।
জানতে চাইলে মোকাব্বির খান এমপি বলেন, তারা (মনটুর অংশ) অপপ্রচার চালোচ্ছে যে, কামাল হোসেন কাউন্সিলে আসবেন না। কিন্তু পোস্টারও টাঙানো হয়েছে। তিনি আসবেন। আর আমাদের প্রতিপক্ষরা বিবৃতিসহ নানাভাবে গালাগালি করছেন। তারা ড. কামাল হোসেন এবং আমাদেরকে প্রেসক্লাবে ঢুকতে দেবেন না বলেও হুমকি দিচ্ছেন। তারা মূলত সন্ত্রাস চালাচ্ছেন।
মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের কোন মূল নেই বলেও জানান মোকাব্বির খান।
গত ৩ ডিসেম্বর মোস্তফা মোহসীন নেতৃত্বে গণফোরামের এক অংশের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠান হয়। এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে দুই ভাগ হয়ে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। এদিন কামাল হোসেনের বাইরে অন্য অংশের সভাপতি হিসেবে মোস্তফা মোহসীন মন্টুর নাম ঘোষণা করা হয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণফোরামের আরেক নেতা সুব্রত চৌধুরী। এতে ১৫৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
২০২০ সালের ১২ মার্চ নেতাদের পাল্টাপাল্টি বহিষ্কারের এক সপ্তাহের মাথায় গণফোরামের ৭১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করেন কামাল হোসেন। ওই কমিটিতে ঠাঁই হয়নি দলটির দুই পরিচিত মুখ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও মোস্তফা মহসিন মন্টুর। এরপরে গত বছর ৭ ফেব্রুয়ারি সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৪ মার্চ কেন্দ্রীয় কমিটির বিলুপ্তি ঘোষণা করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন ড. কামাল হোসেন। পরে ১২ মার্চ গণফোরামের ৭১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করেন তিনি। এরপরে ২৬ সেপ্টম্বর ভেঙে যায় গণফোরাম। গণফোরাম থেকে বেরিয়ে যাওয়া অংশের নেতৃত্ব দেন দলটির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসনি মন্টু।











































