Home আঞ্চলিক ‘আমরা আগুন দেখেছি, জাহাজ বিধ্বস্ত হতে দেখেছি, মৃত্যু দেখেছি’

‘আমরা আগুন দেখেছি, জাহাজ বিধ্বস্ত হতে দেখেছি, মৃত্যু দেখেছি’

41
বাবা-মা-স্ত্রী ও তিন সন্তানের সাথে ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের নাবিক মনসুরুল আমিন খান: ছবি

সাতক্ষীরা প্রতিনিধি।।

বাবা-মা-স্ত্রী ও তিন সন্তানের সাথে ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের নাবিক মনসুরুল আমিন খান। ছবি: সমকাল

এ যেন ঘন আঁধারের মধ্যে হঠাৎ চাঁদের আলো দেখতে পাওয়া। সব উদ্বেগ, উৎকণ্ঠা আর হতাশার অবসান ঘটেছে। নিশ্চয়তা ও অনিশ্চয়তার দোলাচলে দুলতে দুলতে যুদ্ধক্ষেত্র থেকে নিজ বাড়িতে ফিরে এসেছে তাদের প্রিয় সন্তানটি। সাতক্ষীরার ‘এখানেই নোঙর’ বাড়িটি যেন আলো ঝলমল করে উঠলো ইউক্রেনে রকেট হামলার শিকার ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজ থেকে ফিরে আসা নাবিক মনসুরুল আমিন খান গিনির উপস্থিতিতে।

বৃহস্পতিবার সাতক্ষীরা শহরের নারকেলতলার ‘এখানেই নোঙর’ বাড়িতে গিয়ে এমন দৃশ্যই দেখা গেল। এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে ফেরেন মনসুরুল আমিন খান।

এর আগে গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে নোঙর করে রাখা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ রকেট হামলার শিকার হয়। রকেট হামলার আঘাতে সঙ্গে সঙ্গে জাহজটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় নিহত হন জাহাজে থাকা থার্ড ইঞ্জিনিয়ার প্রকৌশলী হাদিসুর রহমান।

তবে জাহাজে থাকা বাকি ২৮ নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে এনেছে সরকার। তাদেরই একজন সাতক্ষীরা শহরের বাসিন্দা নুরুল আমিন খান ওরফে সেলিম খানের নাবিক পুত্র মনসুরুল আমিন খান গিনি।

জাহাজে রকেট হামলার বর্ণনা দিয়ে মনসুরুল আমিন খান বলেন, গত ২ মার্চ স্থানীয় সময় বিকেল ৫টার দিকে হঠাৎ বিকট শব্দের বিস্ফোরণে কেঁপে উঠি আমরা। এরপর উপরে গিয়ে দেখি বিস্ফোরণ হয়েছে। ধোয়া উড়ছে, আগুন জ্বলছে। আমরা দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করলেও ততক্ষণে হারিয়েছি আমাদের সহকর্মী এক নাবিককে। তাকে রেখেই আমাদের দেশে ফিরতে হলো।

তিনি জানান, ইউক্রেনে অলিভিয়া বন্দরে নোঙর করা ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলার পর নাবিকরা জাহাজ থেকে দ্রুত নেমে আসেন। এরপর এক ভয়াবহ অবস্থার মধ্যে পড়তে হয় তাদের। স্থানীয়ভাবে একটি বোট এসে তাদের উদ্ধারকে করে নিয়ে যায়। উদ্ধার করে নিরাপদ স্থানে রাখার পর আরও নিরাপত্তার জন্য তাদের রাখা হয় বাংকারে।

ঘটনার ভয়বহতার কথা বর্ণনা করে মনসুরুল আমিন খান বলেন, ‘আমরা আগুন দেখেছি, জাহাজ বিধ্বস্ত হতে দেখেছি, আমরা মৃত্যু দেখেছি। সে দৃশ্য ভয়াবহ। চারদিকে বিকট শব্দ। আকাশজুড়ে ধোয়ার কুন্ডলী। চোখে কোন হতাহত না দেখলেও আমাদের আতঙ্কের কোনো শেষ ছিল না। বাড়িতে মাঝেমধ্যে মোবাইলে মেসেজের মাধ্যমে যোগাযোগ করেছি। কিন্তু আতঙ্ক আর হতাশা কিছুতেই পিছু ছাড়েনি। তবুও ভরসা ছিল, একদিন বাড়ি ফিরবোই।’

মনসুরুল আমিন খান আরও বলেন, শুকনো খাবার খেয়ে দিন কাটিয়েছি। বাংলাদেশ সরকার, শিপিং কর্পোরেশন এবং সর্বোপরি রোমানিয়া দূতাবাসের আন্তরিক চেষ্টায় আমরা সুস্থভাবে দেশে ফিরে আসতে পারায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

মনসুরুল আমিন খানের বাবা সাবেক বিএডিসি কর্মকর্তা নুরুল আমিন খান ও মা মর্জিনা খানম বলেন, ছেলেকে ফিরে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন তারা।

এছাড়া মনসুরুল আমিন খানের স্ত্রী আশরুকা সুলতানা এবং তাদের তিন ছেলে ফাহিমি, ফারহান ও ফারদিনও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।