Home আঞ্চলিক খুলনায় মুহুরি হত্যা মামলায় আ.লীগ নেতা রিমাণ্ডে

খুলনায় মুহুরি হত্যা মামলায় আ.লীগ নেতা রিমাণ্ডে

7

স্টাফ রিপোর্টার ।।

নগরীর কেসিসি মার্কেটের নিজ আফিসে গুলি করে জাকির মুহুরিকে হত্যা মামলার আসামি ১৬ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার বাহাউদ্দিন এর ২দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। 

বৃহস্পতিবার (১০ মার্চ) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুমি আহমেদ রিমাণ্ডের আদেশ প্রদান করেছেন। এর আগে ৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এসআই পলাশ চন্দ্র রায় আসামিকে আদালতে হাজির করে ৭দিনের রিমাণ্ডের আবেদন করেছিলেন। বাহাউদ্দিন বয়রা এলাকার আব্দুস ছাত্তার খন্দকারের ছেলে। ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে অর্থের যোগানদাতা ও পরিকল্পনাকারী হিসেবে বাহাউদ্দিন খন্দকারকে গ্রেপ্তার করে পিবিআই।

মামলার বিবরণে জানা যায়, জাকির মুহুরির সহকারী হিসেবে কাজ করত বাহাউদ্দিন। তাছাড়া ভিকটিমের তৃতীয় স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক ছিল। এটা জানতে পেরে তাদের সম্পর্কের অবনতি হয়। একপর্যায়ে বাহাউদ্দিন তাকে হত্যার পরিকল্পনা করতে থাকে। এক সময়ে সুযোগও এসে যায়। ভাড়াটে খুনী ঠিক করে বাহাউদ্দিন। ২০১২ সালের ২০মে সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রে সজ্জিত হয়ে তার চেম্বারের সামনে যায়। অফিস বন্ধ করে বাড়ি যাওয়ার প্রস্তুতির সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে। বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। মারত্মক জখম অবস্থায় মার্কেটের অন্যান্য সদস্যরা তাকে নিয়ে খুলনা জেনারেল হাসপাতালে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থা খারাপ হলে তাকে যশোর সিএমএইচ-এ প্রেরণ করা হয়। পথিমধ্যে তিনি মারা যান। নিহতের পরিবারের পক্ষ থেকে খুলনা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনাটি ঘটার দু’দিন আগে বাহাউদ্দিন নেপালে চলে যায়। ৫ দিন পর তিনি দেশে ফেরেন। ফিরে তিনি উচ্চ আদালত থেকে গ্রেপ্তারসহ হয়রানি না করার জন্য মিস পিটিশন মামলা করেন। যার নং ৭০৫৯/১২। মামলা দায়ের করে সময় বর্ধিত করে আসছিল সে। উক্ত মিসপিটিশনটি দীর্ঘ শুনানি শেষে গত বছর নিস্পত্তি করা হয়। নিস্পত্তি আদেশ পাওয়ায় সোমবার রাতে বয়রা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলাটি পিবিআই এর আগে সদর থানা পুলিশ, পরে ডিবি, এরপর সিআইডি গ্রহণ করে। ৭ বছর তদন্ত করে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন। পরবর্তীতে বাদীর না রাজি পিটিশনে মামলাটি তদন্তের জন্য আদালত পিবিআইকে নির্দেশ দেয়।