স্টাফ রিপোর্টার।।
পশ্চিম রূপসার মাছের আড়তের পাশে একটি বাজারে আগুনে বাজারের ৩০টি ঘর ও পাশের বেশকিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে স্থানীয় জনতা অগ্নি নির্বাপনের কাজ করে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

রূপসা পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. রমজান আলী হাওলাদার বলেন, ধারণা করা হচ্ছে কাঁচাবাজারের একটি ককশিটের গুদাম থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আগুনে কাঁচাবাজারের প্রায় ৩০টি ঘর ও পাশের সুলতান শিকদারের বাড়ির ৫টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকা-ে কাঁচাবাজারের যে ঘরগুলো পুড়েছে সেগুলোর প্রতিটিতে থাকা প্রায় ৩ ট্রাক কলা পুড়ে গেছে। এতে অসহায় হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস টুটপাড়া স্টেশনের দায়িত্বরত শামসুর রহমান বলেন, অগ্নিকা-ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টুটপাড়ার ৩টি ও বয়রার ১টি ইউনিটসহ মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।












































