Home খেলাধুলা কুমিল্লার শিরোপা জয়ে খুশি আইপিএলের তিন দল

কুমিল্লার শিরোপা জয়ে খুশি আইপিএলের তিন দল

5

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে ফরচুন বরিশালকে হারিয়ে শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ভিক্টোরিয়ান্সদের শিরোপা জয়ে খুশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তিন দল।

শিরোপা জয়ী কুমিল্লা দলের অন্যতম সদস্য সুনীল নারিন, মঈন আলি ও ফাফ ডু প্লেসি। এই তিনজন খেলবেন আসন্ন আইপিএলেও। ভারতের লিগে খেলার জন্য নারিন এবার চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। মঈনের দল চেন্নাই সুপার কিংসে এবং ফাফ ডু প্লেসি আগের আসরে চেন্নাইতে খেললেও এবার তিনি নিলামে নাম লিখিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। এই তিন ক্রিকেটারের তিন দলই কুমিল্লার শিরোপা জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ প্রকাশ করেছে।

কুমিল্লার শিরোপা জয় উদযাপনের ছবি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে আইপিএলের তিন ফ্র্যাঞ্চাইজি বেঙ্গালুরু, কলকাতা ও চেন্নাই। প্রতিটি দল সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লার ছবি দিয়ে একটি করে ক্যাপশনও জুড়ে দিয়েছে। এর মধ্যে চেন্নাইয়ের ছবির ক্যাপশনের মমার্থ উদ্ধার করা একটু কঠিনই বটে।

কলকাতা নারিনকে নিয়ে দুটি পোস্ট করেছে নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে। একটি ছবির ক্যাপশনে তারা লিখেছে, ‘বিপিএলের ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচের পারফরম্যান্স। সুনীল নারিন, দারুণ একজন খেলোয়াড়।’ আরেকটা পোস্টে কলকাতা নারিনের ২৩ বলে ৫৭ রানের ইনিংসটির ভিডিও  ছাড়ে। যার ক্যাপশনে ছিল, ‘বিপিএলের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচের পারফরম্যান্স, পরবর্তী গন্তব্য আইপিএল।’

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ডু প্লেসিকে নিয়ে বলে, ‘অভিনন্দন, ফাফ ডু প্লেসি। উত্তেজনাময় ফাইনালে প্রাপ্য জয়।’