Home আঞ্চলিক ফুলের বাজারে গাঁদার কদর সবচেয়ে বেশি: শহীদদের স্মরনে কালীগঞ্জের ফুলে দেশ রঙিন

ফুলের বাজারে গাঁদার কদর সবচেয়ে বেশি: শহীদদের স্মরনে কালীগঞ্জের ফুলে দেশ রঙিন

29

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষার জন্য বুকের রক্ত দেয়ার ইতিহাস ও সাহস তো শুধু পদ্মা.মেঘনা,যুমনা তীরের বাঙালী সন্তানদেরই আছে। তাইতো সগৌরবে জাতি আজ ভাষা শহীদদেরকে স্মরন করছে প্রাণভরে। অর্থাৎ তাদেরই স্মরি মনের টানে মর্যাদার সঙ্গে। দিনটি পালন উপলক্ষে সকল পেশার মানুষের হাতেই আজ শোভা পাচ্ছে দেশী বিদেশী রঙ বেরঙের ফুল। মাত্র কয়দিন আগেই জাতি উৎসব করলো ফুল নির্ভর পহেলা ফাল্গুন ও বিশ^ভালোবাসা দিবসে। তখনও দেশব্যাপি ফুলের ব্যাপক চাহিদা ছিল। তবে আজকের দিনটি পালন হবে বাঙালী জাতীর অস্তিত্বের টানে। দিবসটি আড়ম্বরের সঙ্গে পালনে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান,সরকারের বিভিন্ন দপ্তর, সামাজিক ও রাজনৈতিক দল, স্বেচ্ছসেবী সংগঠন,এনজিও,ব্যাংক বীমাসহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান যথাযথ মর্যাদায় অনুষ্ঠানমালার ঘোষনা করেছে। সব বয়সী মানুষ আজ ফুল হাতে অংশ নিচ্ছে প্রভাত ফেরিতে। পরে শহীদ মিনারে ফুল রেখে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরন করছে। এছাড়াও ভাষা শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দিনব্যাপি থাকবে নানা আয়োজন। ফলে সারাদেশে থাকবে ফুলের ছড়াছড়ি। আর দেশব্যাপি ফুলের চাহিদা মেটাতে দেশের মধ্যে সবচেয়ে বেশি গাঁদাফুল উৎপাদনকারী অঞ্চল খ্যাত ঝিনাইদহ কালীগঞ্জের উৎপাদিত ফুল ৪-৫ দিন আগেই পাঠানো হয়েছিল ঢাকা,চট্রগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, রংপুরসহ দেশের বড় বড় শহরের পাইকারী ফুলের বাজারে। ফুলবিক্রির প্রধান মাস এবছরের ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত পহেলা ফাল্গুন,বিশ^ ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের আকাশচুম্বি দাম পেয়ে চাষীরা রয়েছেন অত্যন্ত ফুরফুরে মেজাজে। ফুলের যে দাম তাদের আশা মহামারি করোনার কালো থাবাসহ অতীতের সকল লোকসান এ বছর কাটিয়ে উঠতে পারবেন।

কৃষকদের ভাষ্য, চলতি বছরের দ’ুদফার অসময়ের বর্ষায় জলাবদ্ধতায় সারাদেশের ফুলক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছিল। সে সময়ে অনেকে ফুলের ক্ষেত চষে অন্য ফসলের চাষ করেছেন। যে কারনে দেশের দক্ষিণাঞ্চাল ছাড়া অন্য অঞ্চলে তেমন একটা ফুল নেই। তাই তো বাজারে ফুলের যোগান কম। ফলে দামও বেশি। ফুলচাষীরা বলছেন, এদেশে বানিজ্যিকভাবে যতদিন ফুলচাষ হচ্ছে এ বছরের ফুলের দাম সর্বোচ্চ। বিগত ২ বছরের মহামারি করোনার ছোবলে ফুল বিক্রি না থাকায় ক্ষতিগ্রস্থ হয়ে অনেকে ক্ষেত চয়ে দিয়েছিলেন। আবার চলতি বছরের বৈরি আবহাওয়ায়ও ব্যাপক ক্ষতি হয়েছে। তবে জমিগুলো অপেক্ষাকৃত উচু হওয়ায় দেশের দক্ষিণাঞ্চালের ঝিনাইদহ,কালীগঞ্জ,যশোর,সাতক্ষীরা, বাগেরহাট, খুলনাসহ আরও বিভিন্ন উচু স্থানে তেমন একটা ক্ষতি হয়নি। যশোরের গদখালির পরেই ঝিনাইদহ কালীগঞ্জের বিভিন্ন মাঠের ফুল দেশসেরা। আর গাঁদা উৎপাদনে এ অঞ্চল রয়েছে দেশের  মধ্যে চালকের স্থানে। এ অঞ্চলের উৎপাদিত ফুলই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারাদেশের ফুলের বাজার প্রতিবছরের ন্যায় দখল করেছে।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসসূত্রে জানাগেছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাটি ফুল উৎপাদনে সহায়ক। বর্তমানে এ এলাকায় দেশী জাতের গাঁদা, বিদেশী জাতের ভিন্ন ভিন্ন রঙের লিলিয়াম, গ্লাডিওলাস, জারবেরা, রজনীগন্ধ্যা, গোলাপ, চন্দ্র মল্লিকা, ভুট্রাফুল, গাঁদাসহ হরেক রকম মিলে প্রায় ২৫ হেক্টোর জমিতে ফুলচাষ করা হয়েছে। যা সারাদেশের ফুলের চাহিদা মেটাতে ব্যাপক ভূমিকা রাখছে।

গত  ১৮ ফেব্রুয়ারী ফুল এলাকা খ্যাত কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নের বিভিন্ন মাঠে গেলে দেখা যায়, সারা অঞ্চলের মাঠ যেন নানা রঙের ফুলে নববধুর মত সেজে আছে। যা দেখে চোখ জুড়িয়ে মন ভরিয়ে দিচ্ছে। এ অপরুপ সৌন্দর্য্য দেখতে দর্শনার্থীরাও ভিড় করছেন এ অঞ্চলের মাঠে মাঠে। যতদুর নজর যাচ্ছে শুধু মনে হচ্ছে ফুলের পর ফুলক্ষেত। তবে বিদেশী জাতের নানা রঙের ফুলে যেন দেশী জাতের ফুলকে জাপটে ধরেছে। কেননা এ অঞ্চলের ফুলচাষীরা অনেক ব্যয়বহুল বিদেশী জাতের নামী দামি ফুলের চাষ করতে বিনিয়োগ করেছেন তাদের সর্বোচ্চটা। কেননা তারা যেন বসতবাড়ি নয় মাঠের ফুলের সেট সাজাতে বেশি ব্যস্ত। তবে যত প্রকার ফুল আছে তারমধ্যে বেশি জায়গা দখল করেছে রঙ বেরঙের গাঁদা ফুলে। যে ফুল রয়েছে আজকের অনুষ্ঠান ঘিরে ফুলের পাইকারী বাজারগুলোতে।

যে গাঁদাফুল প্রতিঝোঁপা বেশি হলেও ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়।  এখন বিক্রি হচ্ছে প্রতিঝোপা ৮০০ টাকার কাছাকাছি। শুধু গাঁদায় না অন্যফুল যেমন প্রতিটি গোলাপ দাম বেশি থাকলে ১২ থেকে ১৫ টাকায় বিক্রি হয়।  কিন্ত এ বছর বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়, প্রতিটি জারবেরা বিক্রি হয় ৫ থেকে ৭ টাকায় কিন্ত এবছর বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৮ টাকায়। ফলে বিগত  যে কোন সময়ের চেয়ে ফুলের এবছর বেশি দামের রেকর্ড। আর দাম বেশি,কম যাই হোক কালীগঞ্জের ফুল আজ থাকবে মানুষের হাতে আর বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলীতে। এখানকার ফুলে সাজবে গোটা দেশও।

বালিয়াডাঙ্গার ফুলচাষী শাহাদত হোসেন জানান, তিনি কিশোর বয়সে পরের ক্ষেতের কামলা ছিলেন। পরে এলাকায় ফুলচাষ শুরু হলে শুরু করি ফুলের খুচরা ব্যবসা। সেখান থেকে শুরু হয়ে এখনও চলছি ফুলের সাথে। আর্থিক অনাটনের কারনে ফুলচাষী হওয়াটা নিজের জন্য ছিল স্বপ্নের মত। ক্ষুদ্র ফুল ব্যবসায়ী থেকে আমি আজ নিজের ফুলক্ষেতের মালিক হতে পেরেছি। কয়েক বিঘা জমি কিনেছি। লিজ নিয়ে ফুলচাষ করছি কয়েক বিঘা। সবই হয়েছে ফুলের কারনে। তিনি বলেন প্রায় ১৮ বছর ফুলের ব্যবসার পাশাপাশি এখন ফুলের চাষও করি ।  এ বছরের মত ফুলের দাম আগে কোনদিন দেখেননি।

ফুলচাষী মহিদুল ইসলাম জানান, গত ২ বছর ফুলের চাষ ছিল সবচেয়ে লোকসানের। মহামারি করোনার কারনে দেশের ফুলের বাজারে যেমন ধস নেমেছিল। আবার এ বছরের অসময়ের বর্ষায়ও সারাদেশের ফুলের বেশ ক্ষতি হয়েছে। কিন্ত এ অঞ্চলের মাঠ উচু হওয়ায় তেমন একটা ক্ষতি হয়নি। নিচু জমিগুলোর ফুলের যতটুকু ক্ষতি হয়েছিল তা বর্তমান ফুলের বাজারের চড়া দামে কাটিয়ে উঠা সম্ভব হচ্ছে।  শুধু তাই নয়  সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের ফেব্রুয়ারী মাসেই ফুলচাষীরা কয়েক বছরের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।

কামালহাট গ্রামের ফুলচাষী গিয়াস উদ্দীন জানান, সারাদেশে যত ফুল উৎপাদন হয় তারমধ্যে যশোরের গদখালির পরেই কালীগঞ্জের অবস্থান। তিনি বলেন, দেশের অন্য এলাকা বিভিন্ন ধরনের ফুলের চাষ বেশি হলেও ঝিনাইদহের কালীগঞ্জ গাঁদাফুল চাষে সেরা। সেই গাঁদাতে এবছর দামের বাজার দখল করেছে। ফলে এ বছরের বিশ^ ভালোবাসা দিবস ও বসন্ত বরনে তাদের হাসিমুখ উপহার দিয়েছে।

স্থানীয় ফুল ব্যবসায়ীরা জানায়,  এ অঞ্চলের কৃষকেরা কয়েকদিন আগেই তাদের উৎপাদিত ফুল বড় বড় গাড়ি ভরে পাঠিয়েছেন ঢাকার শাহাবাগ,আগারগাঁও, চট্রগ্রামের চেরাগী পাহাড় বাজার, ফেনি, দিনাজপুর, রংপুর, কুমিল্লা, নওগাসহ দেশের বড় বড় শহরের পাইকারী ফুলের বাজারে। আজকের দিনে এ ফুল কিনবেন ফুলের জন্য মুখিয়ে থাকা বিভিন্ন বয়সী মানুষ। গত ২ দিনে যারা ফুল বিক্রি করেছেন গোলাপের দাম পেয়েছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারাদেশে সব ফুলের চাহিদা বেশি থাকে। তবে গাঁদা ফুলের থাকে চাহিদার ক্ষেত্রে সবার উপরে।

স্থানীয় কালীগঞ্জ শহরের ফুল ব্যবসায়ী প্রদীপ কুমার জানান, ২১ ফেব্রুয়ারীর ফুল বিক্রি শুরু হয়েছে আরও ৪ দিন আগে। স্থানীয় ফুলচাষী ও ব্যবসায়ীরা সারাদেশের আড়তগুলোতে ফুল পাঠিয়েছেন বিক্রির জন্য। আড়ৎগুলোতে আজ ভোর পর্যন্ত ভাষা দিবসের ফুল বেচাকেনা চলবে। এছাড়াও বছরের সব সময়ই তারা ফুল বিক্রি করে থাকেন। তবে প্রতিবছর বাংলা ও ইংরেজি নববর্ষের দিন, স্বাধীনতা দিবস, বসন্তবরণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশ্ব ভালবাসা দিবসসহ ধর্মীয় বিভিন্ন দিনগুলোতে ফুলের অতিরিক্ত চাহিদা থাকে। বিশেষ করে ফেব্রুয়ারী মাসের জন্য তাদের উৎপাদিত ফুল বাজারজাতকরণে বাড়তি প্রস্ততি নিতে হয়।

ফুলচাষী ও ব্যবসায়ীদের একটি সংগঠন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির কেন্দ্রিয় কমিটির সভাপতি আব্দুর রহিম জানান, দেশের দক্ষিণাঞ্চালের ফুলেই সারাদেশের বাজার দখল করে আছে। ফুল উৎপাদনের দিক দিয়ে সারাদেশের মধ্যে ঢাকার সাভার ও যশোরের গদখালির পরেই ঝিনাইদহের কালীগঞ্জের অবস্থান। তবে গাঁদা ফুল উৎপাদনে সারাদেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে কালীগঞ্জ। আজকের বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গত ৩//৪ দিন আগে থেকেই সারাদেশের ফুলের পাইকারী বাজার গুলোতে ফুল বিক্রি শুরু হয়ে গেছে। প্রায় ২৩ বছরের ফুলের চাষ ও ব্যবসার অভিজ্ঞতায় ফুলের দাম এ বছরই সর্বোচ্চ বলে মনে করেন।