মুহাম্মদ নূরুজ্জামান
স্কুলের গণ্ডি পার হননি। বাল্য বিয়ের শিকার। গর্ভধারণ করতে হয়েছে। জন্ম দিয়েছেন সন্তান। এক কাঁধে নবজাতক, অপর কাঁধে বই-খাতার ব্যাগ নিয়েই যেতে হয়েছে স্কুলে। এরপর স্বামী-সংসার। তবুও দমে যাননি। সবকিছু সামলিয়েই সফল তারা। এ গল্প খুলনা উপকূলের অদম্য চার নারীর। তারা হচ্ছেন- রেদওয়ানা আক্তার মীম, শামীমা আক্তার, মর্জিনা বেগম ও সিদ্দিকা ইয়াসমিন। শুধু মীম, শামীমা, মর্জিনা ও ইয়াসমিন নন, উপকূলীয় প্রতিকূলতার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে টিকে থাকা বহু নারী বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।
রেদওয়ানা আক্তার মীম: দুই সন্তানের মা তিনি। কয়রা উপজেলার দেয়াড়া পশ্চিমপাড়ার মুদি ব্যবসায়ী কামাল উদ্দিনের দুই মেয়ের মধ্যে বড় তিনি। অষ্টম শ্রেণিতে পড়াবস্থায় পার্শ্ববর্তী শিমলার আইট গ্রামের নাসির হোসেনের সঙ্গে বিয়ে হয় তার। স্বামী মৎস্য দপ্তরের একটি প্রকল্পে চাকরি করেন। চাকরির সুবাদে বিয়ের পরে স্বামীর সঙ্গে চলে যেতে হয় ভিন্ন উপজেলায়। বিয়ের পরে বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গেলেও পরবর্তী সময়ে স্বামীর অনুপ্রেরণায় তার পড়ালেখার গতি আরও বেড়ে যায়। সংসার সামলানোর পাশাপাশি বাসায় বসে লেখাপড়া চালু রাখেন। শিক্ষিত হওয়ায় বাড়িতে পাঠদানে সহযোগিতা করতেন তার স্বামী। এক পর্যায়ে জয়পুর শিমলারআইট দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে ২০১৭ সালে জিপিএ-৪.৫৫ নিয়ে জেডিসি পাস করেন। পরে একই মাদ্রাসা থেকে ২০১৯ সালে গর্ভবতী অবস্থায় জিপিএ-৪.০৬ নিয়ে দাখিল পাস করেন তিনি। তারপর কোলজুড়ে আসে ছেলে সন্তান। এদিকে আলিম পরীক্ষার ৩ মাস আগে আরও একটি ছেলে সন্তানের জন্ম হয়। তিন মাস বয়সের ছেলেকে কেন্দ্রে নিয়ে এবারের আলিম পরীক্ষায় কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ-৪.৩৬ অর্জন করেছেন। সর্বদা স্বামীর একান্ত সহযোগিতা ও অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান তিনি।
শামীমা আক্তার: খুলনার রূপসা উপজেলার তালিমপুর গ্রামের কাঠ ব্যবসায়ী কামাল হোসেনের মেয়ে শামীমা আক্তার। ১০ম শ্রেণিতে পড়াকালীন বিয়ে হয় কয়রার দেয়াড়া পশ্চিমপাড়ার নিম্নবিত্ত পরিবারের মুজাহিদ নামের এক অনার্স পড়ুয়া শিক্ষার্থীর সঙ্গে। তার স্বামী খুলনা শহরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহের পাশাপাশি উভয়ের পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছেন। রূপসা উপজেলার নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২০১৮ সালে জিপিএ-৩.৯৭ নিয়ে বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পাস করেন। ভর্তি হন খুলনার সরকারি পাইওনীয়ার মহিলা কলেজে।
পরবর্তী সময়ে গর্ভে সন্তান ধারণ করেন এবং সেই সন্তানকে লালন পালনের পাশাপাশি পড়ালেখা চালিয়ে যান। বাণিজ্য বিভাগে জিপিএ- ৪.৩৩ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তার ছেলের বয়স এখন প্রায় ৩ বছর।
মর্জিনা বেগম : খুলনার দাকোপ উপজেলার নলীয়ান গ্রামের মোস্তাইন সানার মেয়ে মর্জিনা বেগম। তার বাবা সমুদ্রে মাছ ধরেন। ১০ম শ্রেণিতে থাকাবস্থায় বিয়ে হয় কয়রা উপজেলার বাগালী গ্রামের ইদ্রিস হোসেনের সঙ্গে। দাকোপের নলীয়ান দাখিল মাদ্রাসা থেকে ২০১৮ সালে জিপিএ- ৪.৬৫ নিয়ে দাখিল পাস করেন। পরীক্ষার পরে সন্তান জন্ম দেন। দারিদ্র্যতাসহ নানা কারণে আলিমে ভর্তি হতে পারেননি তিনি। কিন্তু প্রবল ইচ্ছায় পরের বছর স্বামী ও পরিবারের সহযোগিতায় আলিমে ভর্তি হন কয়রার ঘুগরাকাটি আহম্মেদীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায়। সংসার সামলানোর পাশাপাশি বাড়িতে বসে চালু করেন লেখাপড়া। প্রাইভেটও পড়েছেন কিছুদিন। এ বছরের আলিম পরিক্ষায় জিপিএ-৪.৩৬ পেয়েছেন। স্বামী ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
সিদ্দিকা ইয়াসমিন: সপ্তম শ্রেণিতে পড়াবস্থায় বিয়ে হয় সিদ্দিকা ইয়াসমিনের। এখন সন্তানের বয়স ২ বছরের বেশি। প্রবল ইচ্ছার কাছে পরাজিত প্রতিবন্ধকতা। বিয়ের আগেই কথা ছিল পড়ালেখায় বাধা দিতে পারবে না স্বামী। যতদূর পড়ালেখা চালিয়ে যাবেন, ততটা সহযোগিতা করার আশ্বাস দেন তার স্বামীও। সে অনুযায়ী বিয়ের পরে কয়রার শিমলার আইট গ্রামের আলমগীর হোসেনের সংসারে চলে আসেন। বর্তমানে আলমগীর কয়রায় এক আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত। পরে ইয়াসমিনের বাবার বাড়ি থেকে এনে বাড়ির পাশের জয়পুর শিমলার আইট দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে ভর্তি করিয়ে দেন।
সংসার সামলানোর পাশাপাশি পড়া চালিয়ে ২০১৭ সালে জেডিসিতে জিপিএ-৪.৭৫ নিয়ে পাস করেন। একই প্রতিষ্ঠান থেকে ২০১৯ সালে দাখিল পরীক্ষায় জিপিএ-৪.৬৫ নিয়ে উত্তীর্ণ হন। পরে সন্তান জন্ম হয়। এবারের আলিম পরীক্ষায় কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ-৪.৬৪ নিয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি মদিনাবাদ গ্রামের মিজানুর রহমান নামের এক কৃষকের মেয়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক দেয়াড়া পশ্চিমপাড়ার আরেক নারী বিয়ের পরেও এবছর কয়রা সরকারি মহিলা কলেজ থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছেন। তিনি এসএসসিতে জিপিএ-৪.৬৩ ও জেএসসিতে ৪.৮৩ অর্জন করেছিলেন। তবে অধিকাংশ মেধাবী ছাত্রীরা দারিদ্র্যতার জন্য মেধার বিকাশ ঘটাতে পারছেন না। ঝরে পড়ছেন অকাতরে।
কয়রা লেডিস ক্লাবের সভাপতি বিপাশা বিশ্বাস বলেন, স্বামীদের সহযোগিতায় এবং নিজেদের একান্ত চেষ্টায় উপকূলের অদম্য নারীরা আজ স্বপ্ন জয়ের পথে। উপকূলের নারীরা যেন কোনোভাবেই পিছিয়ে না থাকেন, এই প্রত্যাশা করেন তিনি।
কয়রা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার রুমি বলেন, বাল্যবিয়ের মতো বাধাকেও টপকিয়ে স্বামী, সন্তান, সংসার সামলিয়ে এগিয়ে যাচ্ছেন আমাদের প্রান্তিক সমাজের অদম্য নারীরা। তারা যেন সফলতার চূড়ায় পৌঁছাতে পারেন। শিক্ষার আলোয় আলোকিত হয়ে শুধু নিজেদেরই নয়, পুরো পরিবার, সমাজকে আলোকিত করবেন। উপজেলা প্রশাসন থেকে তাদের পাশে থাকার কথাও বলেন তিনি।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, উপকূলীয় জনপদের নারীরা পিছিয়ে না থেকে পুরুষের সাথে সমান তালে এগিয়ে যাক, এটা সবারই প্রত্যাশা। তবে তারা যাতে বাল্যবিয়ের শিকার না হন, এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।











































