বিশেষ প্রতিনিধি।।
সারাদেশের মানুষের দৃষ্টি এখন নতুন নির্বাচন গঠনে অনুসন্ধান (সার্চ) কমিটির দিকে। রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত নামের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের মনোনয়নে কোন ১০ বিশিষ্ট নাগরিকের নাম তারা রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করে সেই নিয়ে জল্পনা-কল্পনা এখন ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। সোমবার রাতে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দিতে অনুসন্ধান (সার্চ) কমিটিতে বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিবর্গের প্রস্তাবিত নামগুলোর মধ্য থেকে ৩২২ জনের নাম প্রকাশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তালিকায় দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সাবেক বিচারপতি, ডাকসাইটে আমলা, সামরিক-বেসামরিক উচ্চপদস্থ সাবেক কর্মকর্তা, মানবাধিকার নেতা, প্রকৌশলী, সাংবাদিক, চিকিৎসক, নিরাপত্তা বাহিনীর সাবেক পদস্থ কর্মকর্তা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নাম রয়েছে। তবে প্রকাশিত তালিকায় প্রস্তাবকারীর নয়, প্রস্তাবিত নামগুলো প্রকাশ করেছে অনুসন্ধান কমিটি।
নাম প্রকাশ করলেও পূর্বনির্ধারিত বৈঠকে অংশ নিতে না পারায় অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার আট জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে পুনরায় সভায় বসবে অনুসন্ধান কমিটি। আজ মঙ্গলবার বিকেল ৪টায় সুপ্রীমকোর্টের জাজেস লাউঞ্জে আট জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে সভায় বসছে নির্বাচন কমিশন গঠনে গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটি। প্রকাশিত নামের তালিকা থেকে অনুসন্ধান কমিটি রাষ্ট্রপতির কাছে সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে ১০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা পাঠাবে। রাষ্ট্রপতি সেখান থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন। তাদের অধীনেই অনুষ্ঠিত হবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, আজ মঙ্গলবার অনুসন্ধান কমিটির সঙ্গে সভায় উপস্থিত থাকবেন বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী, দৈনিক নিউ এইজ সম্পাদক নূরুল কবীর, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল ও শওকত মাহমুদ, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ।
উল্লেখ্য, নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে গঠিত অনুসন্ধান কমিটি বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দুইদিন বৈঠক করেছে। রবিবার শেষ দিনের বৈঠকে অনুসন্ধান কমিটির সভাপতি আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান রাজনৈতিক দলগুলোর জন্য সময় বৃদ্ধি এবং অনুসন্ধান কমিটির কাছে জমা হওয়া সব ব্যক্তির নাম প্রকাশ করার কথা জানান। তিনি সাফ জানিয়ে দেন, যতই নামই আসুক, সব প্রকাশ করে দেয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।
নতুন ইসি গঠনে মোট ২৪টি রাজনৈতিক দল, ৬টি পেশাজীবী সংগঠন ও ব্যক্তিগতভাবে অনেকে সার্চ কমিটিতে নাম প্রস্তাব করেছে। শনিবার মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ব্যক্তিগতভাবে নাম প্রস্তাব এবং ই-মেইলের মাধ্যমে ৩০৯ জনের নাম পেয়েছে সার্চ কমিটি। ১৪ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়েছে। গত ৫ ফেব্রুয়ারির ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়। নতুন নির্বাচন কমিশন আইন অনুযায়ী অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। এই অনুসন্ধান কমিটি বিশিষ্ট নাগরিকদের মতামত নিয়ে এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম নিয়ে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করবে। প্রস্তাব করা নাম থেকে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন।











































