Home বিনোদন জীবন কখনও কাজের বাধা হয়েও দাঁড়ায়

জীবন কখনও কাজের বাধা হয়েও দাঁড়ায়

13

বিনোদন ডেস্ক।।

চাঁদনী। মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী। আগামী ২৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘অসমাপ্ত চা’। এ ছাড়া নিজের ইউটিউব চ্যানেলের নানা আয়োজন নিয়ে কাটছে তার সময়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-

ঢাকা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে আপনার অভিনীত ‘অসমাপ্ত চা’ প্রদর্শিত হতে যাচ্ছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আন্তর্জাতিক কোনো আসরে চলচ্চিত্র প্রদর্শিত হওয়ার খবর যে কোনো শিল্পীর জন্যই আনন্দের। অনেক যত্ন নিয়ে কাজটি করেছি। দর্শক কতটা গ্রহণ করবেন তা দেখার অপেক্ষায় আছি। সময়-সুযোগ হলে উৎসবে গিয়ে দর্শকের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার ইচ্ছা রয়েছে।

এর গল্পটি কী নিয়ে?: একজন নারীর কন্যা থেকে স্ত্রী ও জননী হওয়ার গল্প উঠে এসেছে চলচ্চিত্রে। নারীর কাঁধে যখন দায়িত্ব ও কর্তব্যের ভার এসে পড়তে থাকে, তখন এর নিচে চাপা পড়ে যায় তার ছোট ছোট স্বপ্ন, যা আমাদের এই সমাজেরই চিত্র। মানুষের জীবনে কোনো কিছুই পরিপূর্ণতা পায় না, যা চায়ের মাধ্যমে বোঝানো হয়েছে। মানুষের জীবনের মোড় কখনও হঠাৎ ঘুরে যায়, ঠিক তেমনি জীবনের অনেক ঘটনাও অসমাপ্ত থেকে যায়। এমনই বিষয় নিয়ে ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মৌসুমী আচার্য্য। পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ।

সংলাপহীন অভিনয় কতটা চ্যালেঞ্জিং মনে হয়েছে?: সংলাপহীন একক চরিত্রে অভিনয় বেশ চ্যালেঞ্জিং। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। বাকিটা দর্শকরা ভালো বলতে পারবেন। অভিনয়ে আমার বেশ বিরতি ছিল। এ কাজের জন্য পাঁচ বছর পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম।

অভিনয়ে আপনি অনিয়মিত। কারণ কী?: জীবন কখনও কাজের বাধা হয়েও দাঁড়ায়। চাইলেও সমান্তরালভাবে বয়ে নিয়ে যাওয়া যায় না। আমার এই সময়টাও সেরকম। চাইলেও অভিনয়ে আগের মতো সময় দিতে পারছি না। আবার যে ধরনের কাজ করতে চাই, তেমন কাজের বড় অভাবও। ঘুরেফিরে নাটক-সিনেমায় একই গল্পই চোখে পড়ছে। এরকম কাজে মন সায় দেয় না। তবে ভালো কাজের জন্য সব সময়ই আমি প্রস্তুত।

বাংলাদেশ বেতারের নাটকেও মাঝেমধ্যে অভিনয় করছেন…: আমি বেতারের তালিকাভুক্ত শিল্পী। বেতার নাটকে অভিনয়ে অন্যরকম আনন্দ পাই। যেজন্য সময়-সুযোগ হলে এতে অভিনয় করছি। সম্প্রতি ‘তাহার কথা’ নামে নাটকে কাজ করেছি। পরিমল সরকারের রচনা ও সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রীর প্রযোজনায় নাটকের গল্প ছিল অসাধারণ।

এ সময়ের ব্যস্ততা কী নিয়ে?: নিজের ইউটিউব চ্যানেল ‘চাঁদনী টিউব’ ঘিরে ব্যস্ততা রয়েছে। নানা ধরনের  কনটেন্ট নিয়ে ‘চাঁদনী টিউব’ চ্যানেলটি সাজাচ্ছি। আরও কিছু পরিকল্পনা রয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়নের চেষ্টা করছি। বিভিন্ন নাচের আয়োজনেও অংশ নিচ্ছি। নৃত্যশিল্পী হিসেবে কাজ করছি ছোটবেলা থেকে। অনেকদিন ধরেই একটি নাচের স্কুল দেওয়ার পরিকল্পনা ছিল। করোনার প্রাদুর্ভাবে পরিকল্পনা বারবার পিছিয়েছে। তবে নতুন বছরের শুরুতে নাচের স্কুলটি খুলেছি।