খুলনাঞ্চল ডেস্ক।।
পাকিস্তানে ধর্ম অবমাননার নামে মানুষ হত্যার ঘটনা আবার বেড়ে গেছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত একটি গ্রামে শনিবার পবিত্র কোরআন অবমাননার অভিযোগে বিক্ষুব্ধ জনতা মধ্যবয়সী এক ব্যক্তিকে পাথর ছুড়ে হত্যা করেছে। রোববার পুলিশ এ কথা জানিয়েছে। গত ৩ ডিসেম্বর দেশটিতে ধর্ম অবমাননার অভিযোগে এক খ্রিষ্টান নাগরিককে পুড়িয়ে হত্যা করা হয়। এর রেশ কাটতে না কাটতেই আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। পাকিস্তানের ইমরান খান সরকার তখনও এ ঘটনায় জিরো টরালেন্সের কথা বলেছিলেন। এ ঘটনার পরও অপরাধীদের বিষয়ে একই কথা বললেন তিনি। খবর ডনের।
পুলিশের মুখপাত্র চৌধুরী ইমরান জানান, স্থানীয় একটি মসজিদের তত্ত্বাবধায়ক বলেন, শনিবার স্থানীয় সময় বিকেলে মসজিদের ভেতরে তিনি ওই ব্যক্তিকে কোরআন শরিফ পোড়াতে দেখেছেন এবং পুলিশকে খবর দেওয়ার আগেই অন্যদের বিষয়টি জানিয়েছেন। পাঞ্জাব প্রদেশের খানেওয়াল জেলার একটি গ্রামে এ ঘটনাটি ঘটে।
ইমরান বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে এক ব্যক্তিকে জনতা ঘিরে থাকতে দেখা যায়। এ পরিস্থিতিতে মোহাম্মদ ইকবাল ও দুই অধস্তন কর্মকর্তা তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু বিক্ষুব্ধ জনতা তাদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। এতে ইকবাল গুরুতর আহত ও বাকি দু’জন সামান্য আহত হন।
তুলাম্বা থানার প্রধান মুনাওয়ার গুজ্জর বলেন, তিনি অতিরিক্ত পুলিশ নিয়ে মসজিদে যান। তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতা পাথর ছুড়ে হত্যা করে একটি গাছে লাশ ঝুলিয়ে দেয়। নিহত ব্যক্তির নাম মুশতাক আহমেদ (৪১)। কাছাকাছি গ্রামেরই বাসিন্দা মুশতাক।
তার পরিবারের সূত্রে জানা গেছে, ১৫ বছর ধরে তিনি মানসিক প্রতিবন্ধী। মাঝে মাঝেই তিনি বাড়ি থেকে হারিয়ে যেতেন এবং যেখানে যা পেতেন তাই খেয়ে থাকতেন। তার পরিবারের কাছে লাশ হস্তান্তন করা হয়েছে বলে গুজ্জর জানান।











































